বাংলাদেশিদের সরিয়ে আনার পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সরকার রেডক্রসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাঁদের তৃতীয় কোনো দেশে কিংবা সরাসরি বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি যাচাই করে দেখছে সরকার।এদিকে লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম নগর বেনগাজিতে জিম্মি হিসেবে আটকে পড়া প্রায় সাড়ে চার শ বাংলাদেশি সুস্থ আছেন। সম্প্রতি শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে সবচেয়ে বেশি সহিংসতা হয় বেনগাজিতেই। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল মঙ্গলবার সকালে ও পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস সন্ধ্যায় তাঁদের দপ্তরে আলাদা আলাদাভাবে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।এদিকে ত্রিপোলি ও বেনগাজিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন সেখানে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি। ত্রিপোলিতে কর্মরত প্রকৌশলী দারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানীতে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। বাংলাদেশি সম্প্রদায়ের নেতারা তাঁদের ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। কারণ বিক্ষুব্ধ লিবিয়ায় চার দেয়ালের মধ্যে থাকাই এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ। ত্রিপোলিতে অবস্থান নেওয়া সব বিদেশিই এখন তাই করছেন।এদিকে বেনগাজিতে অবস্থানরত আরেকজন বাংলাদেশি মোহাম্মদ মুকুল এই প্রতিবেদককে ফোনে বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। সরকারবিরোধীরাই, বিশেষ করে তরুণেরা এখন শহরের নিয়ন্ত্রণে রয়েছেন। লিবীয় বয়োজ্যেষ্ঠরা তরুণদের পরামর্শ দিয়েছেন, তাঁরা যেন বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করেন। ওই পরামর্শ অনুযায়ী, বিদেশিরা কাজ করেন এমন বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন তরুণেরা। লিবিয়ায় গাদ্দাফিবিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাড়তে থাকায় বিদেশি নাগরিকেরা উত্তর আফ্রিকার দেশটি ছেড়ে যাচ্ছেন। প্রসঙ্গত, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনের অবসানের দাবিতে ১৬ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভকারীরা রাজপথে নেমেছে।এদিকে লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের অবস্থা নিয়ে গতকাল দুপুর পর্যন্ত দুই জ্যেষ্ঠ মন্ত্রী কার্যত পরস্পরবিরোধী কথা বলায় কিছুটা অস্পষ্টতা তৈরি হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন গতকাল তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, জিম্মিদের সঙ্গে সরকার যোগাযোগ করতে পারেনি। তবে অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তাঁরা (জিম্মিরা) সুস্থ আছেন।কিন্তু প্রায় কাছাকাছি সময়ে এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, জিম্মিদের ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।এদিকে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, ‘টেলিযোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করা যাচ্ছে না। লিবিয়ায় রাষ্ট্রদূতকে রাতে ফোনে পাওয়া যাচ্ছে না। আবার ভোরে খুব সহজেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। কাজেই নিশ্চিত তথ্য পেতে কখনো কখনো আমাদের সরাসরি সূত্রের পরিবর্তে অন্য মাধ্যমের ওপর নির্ভর করতে হচ্ছে।’ সচিব জানান, বাংলাদেশের লোকজনের আটকে পড়া ও আহত হওয়ার বিষয়গুলো তাঁরা গণমাধ্যম ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেছেন।মিজারুল কায়েস বলেন, ‘বেনগাজিতে বাংলাদেশের যেসব মানুষ জিম্মি আছেন বলে খবর এসেছে, তাঁরা এখন একটি কমিউনিটি সেন্টারে নিরাপদে আছেন। তাঁরা এখন জিম্মি হিসেবে আটক নেই বলে জেনেছি। যেহেতু আমাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছি, তাই তাঁদের নিরাপদে সরিয়ে নেওয়াটা এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার।’ লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘প্রয়োজন হলে তাঁদের ঢাকায় আনব। নাগরিকদের নিরাপত্তায় যা প্রয়োজন, সরকার সেই ব্যবস্থা নেবে। লিবিয়ায় আন্তর্জাতিক রেডক্রস (আইসিআরসি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দপ্তর রয়েছে। বাংলাদেশিদের সরিয়ে নিতে সংস্থা দুটির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে হামলা চালানো হয়েছে কি না, জানতে চাইলে সচিব বলেন, এ ধরনের কিছু ঘটেনি। তবে পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে দূতাবাসে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, গত রোববার বাংলাদেশ দূতাবাসে বিচ্ছিন্ন হামলা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।এদিকে এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে সচিব স্বীকার করেছেন, লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জাম্মান এখন বাসায় থেকে দাপ্তরিক কাজ সারছেন। মিজারুল কায়েস বলেন, ‘জরুরি পরিস্থিতিতে এমনটাই হয়ে থাকে। সম্প্রতি মিসরে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় বাংলাদেশের রাষ্ট্রদূত দাপ্তরিক কাজ বাসায় বসে সেরেছেন।’ঢাকায় লিবিয়ার রাষ্ট্রদূতের পদত্যাগ: লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকার প্রেক্ষাপটে ঢাকায় লিবিয়ার রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ এলিমাম পদত্যাগ করেছেন। পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার দুপুরে ঢাকার লিবিয়া দূতাবাস একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাঁর পদত্যাগের খবরটি আমাদের জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন রাষ্ট্রদূত যোগদান পর্যন্ত দূতাবাসের দ্বিতীয় জ্যেষ্ঠ কূটনীতিক দায়িত্ব পালন করবেন।’কূটনৈতিক সূত্রে জানা গেছে, লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে এলিমামের একাধিক স্বজন প্রাণ হারিয়েছেন। তা ছাড়া পরিস্থিতি বিরোধীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে আঁচ করতে পেরে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম নগরের বাদুড়তলার বাসিন্দা বেনজির শওকত চৌধুরী ত্রিপোলিতে ঠিকাদারি করেন। তিনিসহ আরও কয়েকজন বাংলাদেশি সেখানে একটি ছয়তলা সরকারি ভবনে আশ্রয় নিয়েছেন। বেনজির শওকত চৌধুরী ফোনে বলেছেন, বিক্ষোভকারীরা তাঁদের পেলে হয় জিম্মি করবে, না হয় বিক্ষোভ মিছিলের সামনে ঠেলে দেবে। তাই তাঁরা বের হচ্ছেন না।বেনজিরের বড় ভাই আইনজীবী শওকত আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার ভোরে ভাইয়ের সঙ্গে আমার শেষ কথা হয়। লিবিয়ার খবর শুনে আতঙ্কে দিন কাটছে আমাদের।’ তিনি আরও বলেন, ‘বেনজির আমাদের বলেছেন, সরকারিবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে পাঁচ-ছয় দিন ধরে তাঁদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাঁদের কাছে এখন চার-পাঁচ দিন চলার মতো খাবার আছে।’