বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ককটেল নিক্ষেপে নিহত বাংলাদেশি সাইদুর রহমানের (৪৫) লাশ আজ শনিবার সন্ধ্যায় ফেরত দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ খবর জানিয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোরে বিরামপুর সীমান্তের ২৯০ মেইন পিলারের ৩১ সাব-পিলারের কাছে বিএসএফের ককটেল নিক্ষেপে সাইদুর রহমান নিহত হন। আজ সন্ধ্যা ছয়টায় বিরামপুর সীমান্তের ২৯১-এর সাব-পিলার ২০-এর কাছে পতাকা-বৈঠকের পর বিএসএফ সাইদুর রহমানের লাশ বিজিবি ও বিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সাইফুলের ছেলে মো. লাখেন (২৩) পুলিশের কাছ থেকে তাঁর বাবার লাশ নেন।পতাকা-বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির ৪০ ব্যাটালিয়নের ভাইগড় কোম্পানি কমান্ডার ফরিদ হোসেন, দাউদপুর ক্যাম্পের কমান্ডার মো. হোসেন, বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, ২ নম্বর কাটলা ইউনিয়নের চেয়ারম্যান এম সামছুল আলম। বিএসএফের পক্ষে ছিলেন আগ্রা কোম্পানি কমান্ডার এসি রানা ও ভারতের হিলি থানার এএসআই দেবাশীষ মণ্ডল।পতাকা-বৈঠকে উপস্থিত এসআই মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, সাইদুরের নাভির নিচে অসংখ্য ছিদ্র দেখা গেছে। তবে তাঁর শরীরে গুলির কোনো চিহ্ন ছিল না।