বাংলাদেশিরা সুস্থ আছেন, লিবিয়া ছাড়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় বিক্ষোভে আটকে পড়া শত শত বাংলাদেশি দেশে ফেরার চেষ্টা করছেন। গতকাল বুধবার সন্ধ্যায় তাঁরা মিসরের উদ্দেশে বেনগাজি ছেড়েছেন বলে জানা গেছে। এঁরা দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন একটি নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেনগাজিতে কর্মরত কয়েক হাজার বাংলাদেশিকে মিসরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার চারটি নির্মাণপ্রতিষ্ঠান।লিবিয়ার বিভিন্ন স্থানে আটকে পড়া লোকজন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান ওজতাশে কর্মরত প্রায় দেড় শ বাংলাদেশি ত্রিপোলি বিমানবন্দরে আটকা পড়েছেন। অন্যদিকে, মামুরায় দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন নির্মাণপ্রতিষ্ঠান শিনহান কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কর্মরত সুশীল সরকার, বিপুল শীল ও মনীষা সাহা ই-মেইলে জানান, প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রেখে মালিকপক্ষের লোকজন লিবিয়া ছেড়ে গেছে। ফলে ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার দূরে মামুরায় শিবিরে অবস্থান নেওয়া এসব লোকজন অনিশ্চয়তার মুখে পড়েছেন। আটকে পড়া লোকজন অভিযোগ করেছেন, বাংলাদেশ দূতাবাস থেকে কোনো রকম সহায়তা পাওয়া যাচ্ছে না। তাঁরা জানিয়েছেন, আপাতত নিরাপদে থাকলেও বিক্ষোভ অব্যাহত থাকায় তাঁরা আতঙ্কে আছেন।লিবিয়ায় আটকে পড়া লোকজন জানান, অনিশ্চয়তা ও আশঙ্কার মধ্যে তাঁরা দিন কাটাচ্ছেন। তবে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় সরকারি পর্যায়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশিরা উত্তর আফ্রিকার দেশটিতে সুস্থ আছেন। সেখানে প্রায় ৫০ হাজার বাংলাদেশি আছেন।এদিকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে বা অন্য কোনো দেশে সরিয়ে নিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। গতকাল ঢাকায় আন্তমন্ত্রণালয় বৈঠকে আইওএম প্রতিনিধিকে ডেকে এ অনুরোধ জানানো হয়।বেনগাজিতে কর্মরত শফিউদ্দিন বিশ্বাস প্রথম আলোর মানিকগঞ্জের নিজস্ব প্রতিবেদককে জানান, গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রায় ৫০০ বাংলাদেশি মিসরের পথে যাত্রা করেছেন। সেখান থেকে তুরস্ক হয়ে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে। শফিউদ্দিন মুঠোফোনে জানান, লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন জোরদার হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি বিক্ষোভকারীরা তাঁদের আটক করে বেনগাজির দায়রা এলাকার একটি ঘরে জিম্মি করে রাখে। তাঁদের সঙ্গে জিম্মি করা হয় বাংলাদেশসহ অন্যান্য দেশের আরও অন্তত দুই হাজার লোককে। এঁদের মধ্যে মানিকগঞ্জেরই ছিলেন অর্ধশত লোক।সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে ত্রিপোলিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাস্তাঘাটও ফাঁকা। এমন অবস্থায় আমরা বাংলাদেশের নাগরিকদের যে যেখানে আছেন, সেখানে অবস্থান করতে সতর্ক করছি। কারণ, ঘরের বাইরে আসাটা কারও জন্যই নিরাপদ নয়।’ তিনি জানান, অব্যাহত বিক্ষোভ ও কারফিউর কারণে দোকানপাট বন্ধ রয়েছে। ফলে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ দুরূহ হয়ে পড়েছে।বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাওয়া হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আইওএমের জেনেভার সদর দপ্তরের মাধ্যমে সহায়তা পাওয়ার চেষ্টা করছি।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে কর্মরত দক্ষিণ কোরিয়ার চারটি নির্মাণপ্রতিষ্ঠান তাদের বাংলাদেশি কর্মীদের মিসরে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে হিউন্দাই, দাইয়ু, দং আহ এবং ওয়ান তাদের এ পরিকল্পনার কথা বাংলাদেশকে জানিয়েছে। জানা গেছে, হিউন্দাই ও ওয়ান গতকাল তাদের বাংলাদেশের কর্মীদের মিসরে পাঠানোর পরিকল্পনার বিষয়টি ঢাকায় আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার নির্মাণপ্রতিষ্ঠান শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনে কর্মরত প্রকৌশলী নাহিদ পারভেজ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ত্রিপোলি থেকে ১৫০ কিলোমিটার দূরে মামুরা নামের একটি জায়গায় আমরা কয়েকটি শিবিরে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি অবস্থান করছি। আমরা সুস্থ আছি। তবে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ আজ (বুধবার) সন্ধ্যা আটটায় আমাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক বসার কথা বলেছে। অথচ আমি জানতে পেরেছি বৈঠকে বসার এক ঘণ্টা আগেই তাঁরা আমাদের রেখে লিবিয়া ছেড়ে যাচ্ছেন। এমন অনিশ্চিত পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হওয়া ছাড়া কোনো পথ নেই। তা ছাড়া খাবার ও পানির সরবরাহ শেষ হয়ে আসছে বলে অনিশ্চয়তায় ভুগছি।’ফুফাতো ভাই রাসেলের উদ্ধৃতি দিয়ে উত্তরার অধিবাসী আজাদ হোসেন এ প্রতিবেদককে জানান, রাসেলসহ প্রায় দেড় শ কর্মীকে রেখে লিবিয়া ছেড়ে গেছেন তাঁদের তুর্কি মালিক কর্তৃপক্ষ। এমন অবস্থায় তুরস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানের দেড় শ কর্মী কয়েক দিন ধরে বিমানবন্দরে আটকা পড়েছেন। তাঁরা জানান, দেশে ফেরার ব্যাপারে দূতাবাসে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।