ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সোলাইমানিয়ার একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে এক বাংলাদেশি হোটেলকর্মীসহ ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, কম্বোডিয়াসহ ১৪টি দেশের নাগরিক রয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী গতকাল প্রথম আলোকে জানান, তিনি ইরাকের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলরের মাধ্যমে ঘটনার খোঁজ-খবর নিয়েছেন। ওই হোটেলে মোট ছয়জন বাংলাদেশি কাজ করতেন। তাঁদের একজন আগুনের ধোঁয়ায় মারা গেছেন। বাকি পাঁচজন সুস্থ আছেন। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আজ শনিবার তাঁর ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে, রাজধানী বাগদাদ থেকে ২৭০ কিলোমিটার উত্তরে কুর্দি অঞ্চলের সোলাইমানিয়া শহরের হোটেল সোমায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ছয়তলাবিশিষ্ট এই হোটেলে ইরাকি ছাড়াও বহু বিদেশি নাগরিক অবস্থান করছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচার জন্য অনেকে হোটেলটির ওপরতলা থেকে জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়ে। এতে অনেকেই প্রাণ হারায়। শহরের স্বাস্থ্য বিভাগের প্রধান রিকুত হামা রশিদ জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাস নিতে না পারায়ও অনেকের মৃত্যু হয়েছে।