বাংলাদেশে ইউটিউব বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে নির্মিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস প্রচার করায় ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব (www.youtube.com) বাংলাদেশে বন্ধ করে দিয়েছে সরকার।গত সোমবার রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলো (আইআইজি) ইউটিউব সংযোগ বন্ধ করে দেয়।নাম না প্রকাশের শর্তে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘গুগলের উত্তর না পেয়ে সরকারি নির্দেশে ইউটিউব ব্লক করে দেওয়া হয়েছে।’দুই আইআইজি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও ম্যাঙ্গো টেলিকমের পক্ষ থেকে ইউটিউব বন্ধের ঘোষণা দেওয়া হয় সোমবার গভীর রাতে।এর আগে গত রোববার বিতর্কিত ওই চলচ্চিত্রের ভিডিও ক্লিপ সরিয়ে নিতে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় বলে জানান বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। কিন্তু সোমবারও ওই চিঠির উত্তর না পাওয়ায় রাতে ইউটিউব বন্ধের নির্দেশনা দেওয়া হয়। একইভাবে পাকিস্তান ও আফগানিস্তানে ইউটিউব ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশগুলোর সরকার। জানা গেছে, ইন্দোনেশিয়াও ওই ভিডিওচিত্রটি সরিয়ে নিতে ইতিমধ্যে গুগলের প্রতি আহ্বান জানিয়েছে। দি ইনোসেন্স অব মুসলিমস ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশেও কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন এ ব্যাপারে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে। গত শনিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।