বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য জিহাদ ফরজ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য জিহাদ করা ফরজ। জিহাদ কোনো আপত্তিকর শব্দ নয়। জিহাদ মানে আল্লাহ্র পথে জান-মাল দিয়ে সংগ্রাম করা। আজ শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আল্লাহ্র পথে জিহাদ করা সব নারী ও পুরুষের জন্য অপরিহার্য।...বাংলাদেশে আল্লাহ্র আইন, কোরআনের শাসন নেই। এগুলো বাস্তবায়ন করতে হলে আল্লাহ্র পথে জিহাদ করতে হবে।’ ইসলামের ভিত্তিতে রাজনীতির গুরুত্ব ব্যাখ্যা করে এ টি এম আজহার বলেন, ‘ইসলামে সুদ হারাম। ব্যক্তিগতভাবে আমি হয়তো সুদ নেই না। কিন্তু আমার অর্থনীতি সুদের ভিত্তিতে চলে। কাজেই আমি রাষ্ট্রের সুদের বাইরে যেতে পারি না। সুদ থেকে বাঁচতে হলে সংসদে আইন করে সুদ নিষিদ্ধ করতে হবে।... কোরআন পরিপূর্ণ সংবিধান। এই সংবিধান বাস্তবায়ন করতে রাষ্ট্র লাগবে। রাষ্ট্রীয় কর্তৃত্ব ছাড়া এই সংবিধান বাস্তবায়ন করা সম্ভব নয়।’সভাপতির বক্তব্যে রমনা থানা জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, মিথ্যা মামলা সাজিয়ে ইচ্ছামতো রায় দিয়ে দেবেন—জনগণ কখনো এ রায় মানবে না।