বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এতে শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। ঢাকায় এসে দায়িত্ব পালনকালে তাঁর অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আজ শনিবার দুপুরে তিনি এসব কথা বলেন।মজিনা বলেন, ‘বাংলাদেশে আমি স্বপ্ন নিয়ে এসেছি। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অন্যের অংশীদার। দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মূল্যবোধের অনেক মিল রয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি কৌশলগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।’ নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করব। ১০ বছর পর বাংলাদেশে ফিরে এসে আমি ও আমার স্ত্রী অত্যন্ত খুশি। আজ এ দেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ফিরে আসতে পারায় আমার স্বপ্ন যেন সত্যি হলো।’এ দেশে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে জানতে চাইলে মজিনা বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ এবং যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কাজ করব।’ এখানকার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে দেশটি কাজ করছে। আর এ প্রক্রিয়ায় সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে চাইলে মজিনা এক দশক আগে ফিরে যান। সে সময় গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত নারীরা তাঁকে কীভাবে উজ্জীবিত করেছিল সেটি তুলে ধরে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংককে ঘিরে সাম্প্রতিক কর্মকাণ্ড আমাকে উদ্বিগ্ন করে তুলেছে। আমি বিশ্বাস করি সরকার, সুশীল সমাজ এবং গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের লোকজন এটা স্বীকার করবেন যে এ প্রতিষ্ঠানটিকে কার্যকরভাবে চলতে দেওয়া উচিত।’ ঢাকায় নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মজিনা দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তিনি জেমস এফ মরিয়ার্টির স্থলাভিষিক্ত হচ্ছেন।ঢাকায় মার্কিন দূতাবাস গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, এ বছরের ১৩ মে প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রদূত মজিনাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর ১৮ অক্টোবর মার্কিন সিনেট মজিনার মনোনয়ন নিশ্চিত করে। গত ৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসচিব বিল বার্নস ওয়াশিংটনে মজিনাকে শপথবাক্য পাঠ করান। পেশাদার মার্কিন কূটনীতিক ড্যান মজিনা এর আগে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে অর্থনৈতিক/রাজনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের আগে তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাঙ্গোলায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন।