‘অগ্নিবীণা’ থেকে আজ বাজারে আসছে চার শিল্পীর গান নিয়ে অ্যালবাম পরস্পর। এখানে গান করেছেন সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী ও রূপঙ্কর। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। অ্যালবামটির সব কটি গানের গীতিকার জুলফিকার রাসেলের সহায়তায় গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ হয় রূপঙ্করের সঙ্গে। অ্যালবামটির প্রসঙ্গ নিয়ে কথা বললেন তিনি। কেমন আছেন?ভীষণ ভালো। অনুভূতিটাও অন্য রকম। কারণ, বাংলাদেশ থেকে এবারই প্রথম আমার গানের অ্যালবাম বের হচ্ছে।‘পরস্পর’ অ্যালবাম প্রসঙ্গে বলুন?অ্যালবামটিতে কাজ করতে গিয়ে গীতিকার জুলফিকার রাসেলের সঙ্গে পরিচয় হলো। গানগুলোর কথা চমৎকার হয়েছে। আর বাপ্পা চমৎকার সুর করেছেন। আমি এই অ্যালবামে তিনটি গান গেয়েছি। বাপ্পা খুব মেধাবী সুরকার। আমি মুগ্ধ। তা ছাড়া বাপ্পার মিক্সিংও অসাধারণ। আমি মনে করি, বাপ্পা আমাদের কলকাতার অনেক সংগীত আয়োজকের থেকে অনেক বেশি এগিয়ে আছেন। অ্যালবামটির একটি গানে তো আপনি সুর করেছেন?হ্যাঁ, ‘কোথায় যাব উড়ে’ গানটি আমি গাওয়ার পাশাপাশি সুরও করেছি। তবে বাংলাদেশে আরও কিছু কাজ করার ইচ্ছ আছে।এবার ঈদের জন্য বাংলাদেশের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আপনি গান করেছেন। হ্যাঁ, বাংলাভিশনে দেখানো হবে। আমি তো অনেক দেশে গান করেছি। কিন্তু বাংলাদেশের শ্রোতাদের আমার কাছে একটু আলাদা মনে হয়। এর অবশ্য কারণও আছে। আমার পূর্বপুরুষেরা ছিলেন সিলেটের বাসিন্দা। দেশ ভাগের পর আমার বাবা ও দাদারা ভারতের কলকাতায় চলে আসেন। তবে আমি কখনো সিলেটে যাইনি। আমার জন্ম কলকাতাতেই। এবার ভীষণ ভালো লাগছে; বাংলাদেশের মানুষের কাছে আমার আলাদা একটা পরিচিতি গড়ে উঠবে এই পরস্পর অ্যালবামের মধ্য দিয়ে। বাংলাদেশে এর আগে কোনো অনুষ্ঠানে গান করেছেন?বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। এ ছাড়া বহুকাল আগে নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার কারণে একবার বাংলাদেশে গিয়েছিলাম। মনজুর জিয়া