বাংলাদেশে কুয়েতি এনজিওর কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের জঙ্গি অর্থায়ন ও আর্থিক অপরাধবিষয়ক সহকারী সচিব প্যাট্রিক ও’ব্রিয়েন রিভাইবাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির (আরআইএইচএস) কর্মকাণ্ড নিয়ে ২০০৭ সালের মে মাসে কুয়েতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি এ সংস্থাটি নিয়ে বিশেষ করে বাংলাদেশে এর কর্মকাণ্ড নিয়ে মার্কিন সরকারের উদ্বেগের কথা জানান। উইকিলিকসের ফাঁস করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ সংক্রান্ত এক তারবার্তায় বলা হয়, কুয়েতে ওই বৈঠকে বাংলাদেশ ও অন্যান্য দেশে এই সংস্থার শাখাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন প্যাট্রিক ও’ব্রিয়েন। তিনি বলেন, জঙ্গিদেরকে আরআইএইচএসের অর্থায়নের বিষয়ে তথ্য-প্রমাণ জোগাড় করছে মার্কিন সরকার। তারবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার কুয়েতি এই এনজিওর বিরুদ্ধে জঙ্গিদের অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনলেও বাংলাদেশের বাস্তবতা ছিল ভিন্ন। ২০০৬ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার আরআইএইচএসের নিবন্ধন আরও পাঁচ বছরের জন্য নবায়ন করে।