বাংলাদেশে কোকো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানান কারণে কোকো ফলের খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু যে ফলটির এমন নামডাক, সে ফলটি কি আমাদের দেশে পাওয়া যায়? কোকো নাম শুনে এমন একটি প্রশ্ন মনে আসতেই পারে। কারণ নামটি আমাদের আপন নয়, বিদেশি। তবে একেবারে নিরাশ হওয়ারও কোনো কারণ নেই। আমাদের দেশেও দু-চারটি গাছ আছে। তা দেখে আপাতত মনকে সান্ত্বনা দেওয়া যাবে—এখানেও কোকো ফল হয়। জানামতে, ঢাকায় একমাত্র গাছটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সংরক্ষিত বাগানে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও জার্মপাজম সেন্টারে আছে আরও ১১টি গাছ। ঢাকার গাছটি বেশ পুরোনো। প্রতিবছর নিভৃতে ফল উপহার দিচ্ছে। সুদূর দক্ষিণ আমেরিকার এ গাছটির বৃদ্ধি ও ফলন এখানেও বেশ স্বাভাবিক। তবে ফলটি নিয়ে আমাদের দেশে কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। শুধু কোকো ফলই নয়, এখানে স্ট্রবেরি, রাম্বুটান, অ্যাভোকাডো, আলুবোখারা, পিচসহ অনেক বিদেশি ফল বেশ স্বাচ্ছন্দ্যে জন্মে। কোকো (Theobroma cacao) চিরসবুজ গাছ, দেখতে ঝোপাল, সাত থেকে আট মিটার পর্যন্ত উঁচু হতে পারে। কাণ্ড ও ডালপালার গায়ে গুচ্ছবদ্ধ গোলাপি হলুদ রঙের ফুল ধরে। গাছের বয়স সাধারণত চার বছর হলে ফল ধরতে শুরু করে। ফুল থেকে পরিণত ফল হতে সময় লাগে প্রায় ছয় মাস। ফলের রং বাদামি, ৩০ সেন্টিমিটার লম্বা ও ১০ সেন্টিমিটার পুরু, বাইরের আবরণ চামড়ার মতো শক্ত। প্রতিটি ফলে ২০ থেকে ৪০টিরও বেশি বীজ থাকে। বীজগুলো প্রথমে কলাপাতায় মুড়িয়ে গাঁজানো হয়। পরে রোদে শুকিয়ে সেদ্ধ করে খোসা ছাড়ালেই পরিষ্কার একটি শাঁস পাওয়া যায়। এই শাঁসকে বলা হয় কোকোবিন। কোকোবিনের গুঁড়োই কোকো পণ্য তৈরির কাজে ব্যবহূত হয়। উৎকৃষ্টমানের চকোলেট, মাখন, আইসক্রিম, রুটি, পুডিং, প্রসাধনসামগ্রী ও পানীয় তৈরিতে কোকো ফল ব্যাপকহারে ব্যবহূত হয়। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে কোকো উৎপন্ন হয়। আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ বছর আগে কোকো চাষ শুরু হলেও ফলটি অনেক পুরোনো এবং হাজার হাজার বছর আগে থেকেই প্রকৃতিতে ছিল। ‘মায়ানরা’ মনে করত কোকো ঈশ্বর প্রদত্ত ফল। পৃথিবীজুড়ে প্রায় ২৩ জাতের কোকো ফল দেখা গেলেও সাধারণত দুটি জাতই প্রধান। আর সবচেয়ে বেশি ফলন হয় আইভরি কোস্টে, বার্ষিক গড় উৎপাদন এক হাজার ৩৩০ মেট্রিক টন। তার পরপরই ঘানার অবস্থান, ৭৩৬ মেট্রিক টন।