বাংলাদেশে কোনো মার্কিন ঘাঁটি নেই: মজিনা
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটি নেই। তবে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের কাজের জন্য ঘাঁটি থাকাটা জরুরি নয়। গতকাল রোববার রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ কথা বলেন। তিনি সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে বনানীতে মার্কিন পণ্যসামগ্রীর বিপণিকেন্দ্রের উদ্বোধন করেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসের শুনানিতে মার্কিন বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের (প্যাসিফিক কমান্ড) কমান্ডার অ্যাডমিরাল রবার্ট উইলার্ড বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী অভিযানে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী অবস্থান করছে। অন্য দেশগুলো হলো—ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ। তবে এদেশগুলো যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার খবরটি নাকচ করে দিয়েছে। বাংলাদেশও এমন ঘাঁটি থাকার কথা নাকচ করে।ড্যান মজিনা গতকাল ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে বহু বছর ধরে কাজ করছে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারির ভিত্তিতে সন্ত্রাসবাদ, মানব পাচার, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছে। বাংলাদেশের সমুদ্রসীমা ও স্থলসীমানা রক্ষায় সক্ষমতা বৃদ্ধির জন্য সাহায্য করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, যন্ত্রপাতি সরবরাহ করতে যুক্তরাষ্ট্র থেকে ছোট দল নিয়মিত আসা-যাওয়া করে। বনানীর অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে দুই দেশের মধ্যে জোরালো সহযোগিতা রয়েছে। সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা রয়েছে। সোয়াত গঠনের পাশাপাশি বাংলাদেশের প্রথম প্যারা কমান্ডো গঠনে আমরা সহযোগিতা করেছি। দুর্যোগ মোকাবিলায়ও আমরা সহায়তা করেছি।’ খুব শিগগির বাংলাদেশে মার্কিন বিশেষ বাহিনীর দপ্তর খোলা হবে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি তো এর কোনো প্রয়োজন দেখি না। কার্যকর প্রশিক্ষণ প্রদানসহ সংশ্লিষ্ট সহযোগিতা বাড়ানো দরকার। এ কাজ তো আমরা ভালোভাবেই করছি।’বাংলাদেশে সন্ত্রাসের ঝুঁকি আছে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সন্ত্রাসবাদের সত্যিকারের ঝুঁকি আছে। এই ঝুঁকি যুক্তরাষ্ট্রেও আছে। শুধু বাংলাদেশ বা যুক্তরাষ্ট্র নয়, যেকোনো দেশেই সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। ঢাকায় আসছেন জেমস শিয়ার: কৌশলগত অংশীদারি ও স্থিতিশীলতা-বিষয়ক উপসহকারী মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস এ শিয়ার তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা নিয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।