বাংলাদেশে ক্ষুধা ও পুষ্টি পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরে সরকার সামাজিক নিরাপত্তা খাতে ১১ হাজার ৪৭০ কোটি টাকা ব্যয় করেছে। তিন বছর ধরে খাদ্য উৎপাদন আড়াই থেকে ৩ শতাংশ হারে বেড়েছে। তাতেও দেশে ক্ষুধা ও পুষ্টি পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বরং সামগ্রিকভাবে অবনতি হয়েছে। গতকাল শনিবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খাদ্যনিরাপত্তাবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের তুলনায় বাংলাদেশের ক্ষুধা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। চলতি বছর বাংলাদেশের স্কোর গত বছরের চেয়ে দশমিক ৩ শতাংশ বেড়ে ২৪ দশমিক ৫ হয়েছে। ২০১০ সালে এই স্কোর ছিল ২৪ দশমিক ২। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত ‘গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-২০১১’ শীর্ষক এই প্রতিবেদনটি মূলত তিনটি সূচককে মাথায় রেখে তৈরি করা। যেমন, অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠীর সংখ্যা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির সংখ্যা ও মৃত্যুহার। ইফপ্রির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও নেপাল বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। নেপাল ৫৪, পাকিস্তান ৫৯ ও ভারত ৬৭তম অবস্থানে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ সালের পর বিশ্ববাজারে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের গরিব মানুষের খাদ্য কেনার ক্ষমতা ১১ শতাংশ কমে গেছে। যেখানে পাকিস্তানের গরিব মানুষের ক্রয়ক্ষমতা ৫ শতাংশ কমেছে। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ নিয়ে প্রথম আলোকে বলেন, চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে চালের দাম বেড়ে যাওয়াসহ নানা কারণে চালের দাম বেড়ে গিয়েছিল। বোরো ধান ওঠার পর চালের দাম নিয়ন্ত্রণে আছে। যে কারণে সামগ্রিকভাবে ক্ষুধা পরিস্থিতির হয়তো কিছুটা অবনতি হতে পারে। শুভংকরের ফাঁকি: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (পিপিআরসি) সহায়তায় গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক সাম্প্রতিক গবেষণা সমীক্ষায় বলা হয়েছে, দেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর মাত্র ১২ শতাংশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছে। আবার সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ থেকে ২০ শতাংশই এই সহায়তা পাওয়ার অযোগ্য। একেকটি সহায়তা কার্ড পেতে স্থানীয় সরকারের প্রতিনিধি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের এক থেকে দেড় হাজার টাকা ঘুষ দিতে হয়। পিপিআরসির নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ক্ষুধার দারিদ্র্য থেকে আস্তে আস্তে বের হয়ে এলেও পুষ্টির দারিদ্র্য থেকে বের হতে পারছে না। এ জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে ঢেলে সাজানোর পাশাপাশি কৃষি উৎপাদনের ধরন বদলাতে হবে। পিপিআরসি সরকারের ১০টি বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর এই সমীক্ষাটি পরিচালনা করে। সমীক্ষাটিতে দেখা যায়, কর্মসংস্থান সৃষ্টি ধরনের প্রকল্পগুলোর ক্ষেত্রে ২০ থেকে ২৫ শতাংশ ভৌতিক শ্রমিক পাওয়া গেছে। অর্থাৎ এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বাস্তবে কোনো অস্তিত্ব নাই। কোনো একটি উন্নয়ন কর্মসূচিতে কাজ করেছে, এমনটা দেখিয়ে এদের নামে টাকা উত্তোলন করা হয়। গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ পরিচালিত ‘পুষ্টিবিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নামের এক গবেষণায় দেখা গেছে, বেশ কিছু কারণে পুষ্টির ক্ষেত্রে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কঠিন হয়ে পড়েছে। গবেষণায় বলা হয়েছে, দেশে উচ্চতা অনুযায়ী কম ওজনের শিশুর সংখ্যা ১৯৯৬-৯৭ থেকে শূন্য দশমিক ১২ শতাংশ হারে কমে ২০০৭ সালে শতকরা ১৭ দশমিক ৪ ভাগে দাঁড়ায়। হ্রাসের এ হার অব্যাহত থাকলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনেকটাই অসম্ভব। একই সময়ে শহর এলাকায় হ্রাসের হার গ্রাম এলাকার তুলনায় বেশি। শিশুপুষ্টি-সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম হচ্ছে বয়সের তুলনায় কম ওজনের (আন্ডার ওয়েট) শিশুর সংখ্যা ২০১৫ সালের মধ্যে শতকরা ৩৩ ভাগে নামিয়ে আনা। উন্নয়ন অন্বেষণের গবেষণায় দেখা যায়, বিগত বছরগুলোতে (১৯৯৬-৯৭ থেকে ২০০৭) যে হারে কম ওজনের শিশুর সংখ্যা কমছে, তাতে নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হতে পারে। ছেলেরা মেয়েদের তুলনায় নির্দিষ্ট সময়ের আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে। শিক্ষিত মায়েদের সন্তানের ক্ষেত্রে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলেও অশিক্ষিত মায়েদের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে।উন্নয়ন অন্বেষণের নির্বাহী পরিচালক রাশেদ আল তিতুমীর প্রথম আলোকে বলেন, অসমতা নারী ও শিশুদের পুষ্টিবিষয়ক সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ার ফলে চরম দরিদ্র মানুষ তাদের খাবারের পরিমাণই কমিয়ে দিচ্ছে না, সে সঙ্গে খাবারের গুনগত মানও কমিয়ে দিচ্ছে। বর্তমান দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি মানুষের পুষ্টিহীনতাকে আরও ত্বরান্বিত করবে। ফলে সরকারকে সামগ্রিকভাবে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে পুষ্টির বিষয়টিও গুরুত্ব দিতে হবে।