বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি ঠিকমতো চলছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে ওসোতিমেহিন। গত শুক্রবার প্রথম আলোকে দেওয়া এক সাক্ষা ৎ কারে তিনি এই মন্তব্য করেন।ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে এখন জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫। বাংলাদেশের সঙ্গে যেসব দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি শুরু করেছিল, তাদের অনেকেরই এখনো বৃদ্ধির হার ৫। তিনি বলেন, এশিয়া ও সাব-সাহারার বেশ কয়েকটি দেশে এখন তরুণদের প্রাধান্য। আরও বেশ কিছুদিন এসব দেশে জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকবে।বাবাটুন্ডে ওসোতিমেহিন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নেন গত বছরের ১০ নভেম্বর। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি এশিয়ার কোনো দেশ সফর করলেন। প্রথম আলোকে তিনি বলেন, মাঠে-ময়দানে কাজ করতে ভালোবাসেন তিনি। বাংলাদেশে ইউএনএফপিএর কার্যক্রম কেমন চলছে, তা নিজ চোখে দেখতে এসেছেন তিনি। ১৭ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশের কয়েকটি জেলা সফর করেন।বাবাটুন্ডে ওসোতিমেহিন বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যাকে সম্পদে পরিণত করার দায়িত্ব সরকারের। তরুণদের জন্য শিক্ষার সুযোগ বিস্তৃত করতে হবে। স্বনির্ভর হতে চাইলে সম্পদ যেন সমস্যা হয়ে না দাঁড়ায়, সেদিকে লক্ষ রাখতে হবে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজ গড়ে তোলার যে চেষ্টা চলছে, তাতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। চীনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘১৯৯৯ সালে চীনে মার্কিন দূতাবাসের সামনে যে ভিড় আমি দেখেছি, এখন আর সেই ভিড় নেই। কারণ চীনের তরুণদের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে নিজ দেশেই।’বাবাটুন্ডে বলেন, বাংলাদেশ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। কিন্তু এখনো বিশ্বের যে ছয়-সাতটি দেশে মাতৃমৃত্যুর হার বেশি, তার মধ্যে বাংলাদেশ একটি।মাতৃমৃত্যুর হার কমাতে বাল্যবিবাহ বন্ধ করা এবং নারীর ক্ষমতায়ন সবচেয়ে জরুরি বলে মনে করেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক। তাঁর মতে, মেয়েদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক করা হলে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করা যেতে পারে।বাবাটুন্ডে মনে করেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের পথে অনেকটা এগিয়েছে। ১৫ বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন। তখন এত বেশিসংখ্যক নারীকে তিনি কাজ করতে দেখেননি। তবে নারী নির্যাতন এখনো উদ্বেগের বিষয় বলে তিনি মনে করেন।সফরকালীন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষা ৎ করেন। তাঁর ভাষায়, সর্বোচ্চ পর্যায়ে যখন অঙ্গীকার থাকে, তখন লক্ষ্যে পৌঁছানো কোনো ব্যাপার নয়। তবে এখনো পর্যন্ত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে রয়েছে।বাবাটুন্ডে দীর্ঘদিন নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। এইচআইভি/এইডসের সংক্রমণ রোধ ও প্রজননস্বাস্থ্যের উন্নয়নে অবদানের জন্য তিনি বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, এইচআইভি/এইডসকে প্রজননস্বাস্থ্যের বাইরের একটি বিষয় হিসেবে বিবেচনা করে প্রচুর অর্থ বরাদ্দ দেওয়া হতো। এটা ছিল একটা ভুল। দেখা গেল, যাঁরা জনসংখ্যা নিয়ন্ত্রণসহ প্রজননস্বাস্থ্যের উন্নয়নে কাজ করছিলেন, তাঁরাই এইচআইভি/এইডস-সংশ্লিষ্ট নানা কর্মসূচিতে যোগ দিলেন। এইচআইভি/এইডস রোগটিও প্রজননস্বাস্থ্যের অন্তর্ভুক্ত। রোগটিকে আলাদা করে দেখা ছিল নীতিগত ভুল।বাংলাদেশ সরকার ২০১৫ সালের মধ্যে তিন হাজার প্রশিক্ষিত ধাত্রীকে প্রজননস্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বাবাটুন্ডে। তিনি জানান, বাংলাদেশে প্রজননস্বাস্থ্যের উন্নয়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণে ইউএনএফপিএ সর্বাত্মক সহযোগিতা দেবে। এ জন্য ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।