বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের হিসাবে বাংলাদেশে দারিদ্র্যের মাত্রা কমছে না, বরং বাড়ছে। দক্ষিণ এশিয়ার সব দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই এমনটি ঘটেছে।সংস্থাটি বলছে, বাংলাদেশে ১৯৯০ সালে দৈনিক এক ডলার ২৫ সেন্টের নিচে আয় করে এমন জনগোষ্ঠীর সংখ্যা ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ। ২০০৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৫ শতাংশ। প্রসঙ্গত, বিশ্বব্যাংক দৈনিক মাথাপিছু আয় এক ডলার ২৫ সেন্টকে নতুন করে দারিদ্র্যসীমা হিসেবে চিহ্নিত করেছে।জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগ থেকে প্রকাশিত ‘বৈশ্বিক সামাজিক অবস্থা ২০১০’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলোর (এমডিজি) এক নম্বর লক্ষ্য দারিদ্র্যের হারকে অর্ধেকে নামিয়ে আনা। তবে এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, ব্যর্থ হচ্ছে বাংলাদেশও। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদনটি ঢাকায় উপস্থাপন করা হয়েছে। জাতিসংঘের অর্থ ও সামাজিক বিভাগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আনিস চৌধুরী এ নিয়ে বলেন, যে উন্নয়ননীতি অনুসরণ করে এত দিন দারিদ্র্য বিমোচনের চেষ্টা করা হয়েছে, তা ত্রুটিপূর্ণ। এগুলো বাতিল করে নতুনভাবে চিন্তাভাবনা করার সময় এসেছে। বিশেষ করে বাজারভিত্তিক দারিদ্র্য বিমোচনের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বাংলাদেশের দারিদ্র্য পরিমাপের পদ্ধতির সমালোচনা করে বলেন, এতে প্রকৃত দারিদ্র্যের চিত্র উঠে আসে না।প্রথম আলোর পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে—এ কথা আমি বিশ্বাস করি না।’ জাতিসংঘের দলিলটি হাতে পেলে সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে জবাব দেওয়া হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই দারিদ্র্য বিমোচনের জন্য সচেষ্ট এবং এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। নানা ধরনের সামাজিক সুরক্ষার কার্যক্রম নেওয়া হয়েছে এবং বাড়ানো হয়েছে আগের নেওয়া কর্মকাণ্ডগুলোর আওতা। প্রসঙ্গত, সরকারি হিসাবে ১৯৯১-৯২ থেকে ২০০৫ পর্যন্ত বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে প্রায় ১৯ শতাংশ। ১৯৯১-৯২ সালে বাংলাদেশে মোট জনগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার ছিল ৫৮ দশমিক ৮ শতাংশ। ২০০৫ সালে তা কমে দাঁড়ায় ৪০ শতাংশ। বাংলাদেশে দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে খানা জরিপে মৌলিক চাহিদার ব্যয় পদ্ধতি অনুসরণ করা হয়। জাতিসংঘ বলছে, এ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশের দারিদ্র্যের প্রকৃত চিত্র উঠে আসে না। আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তা তুলনামূলক নয়। এমনকি সম্প্রতি বিশ্বব্যাংক দারিদ্র্যের সীমারেখা নিরূপণে দৈনিক মাথাপিছু আয় এক ডলার থেকে বাড়িয়ে এক ডলার ২৫ সেন্ট করেছে। এতে করে বাংলাদেশে দারিদ্র্য পরিমাপের হিসাবটি যা বাস্তবে হওয়ার কথা, হয়েছে তার চেয়ে কম।রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের মিলনায়তনে গতকাল জাতিসংঘ তথ্যকেন্দ্র আয়োজিত ‘বৈশ্বিক সামাজিক অবস্থা ২০১০: দারিদ্র্য নিয়ে পুনর্বিবেচনা’ শীর্ষক প্রতিবেদনের আলোচনায় এসব কথা উঠে আসে। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন আনিস চৌধুরী। বক্তব্য দেন জাতিসংঘের উন্নয়ননীতি-বিষয়ক কমিটির সদস্য ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক (ডিজি) কাজী সাহাবুদ্দিন, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, মহিলা সমিতির সেলিনা হোসেন, আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং, সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী প্রমুখ। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী আলী রেজা। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ১৯৯০ থেকে ২০০৫ সময়ে গড়ে প্রতিবছর ১ দশমিক ৬ শতাংশ হারে দারিদ্র্য কমেছে। দৈনিক এক ডলার ২৫ সেন্টের হিসাবে ১৯৯০ সালে ভারতে মোট জনগোষ্ঠীর ৫১ দশমিক ৩ শতাংশ দারিদ্র্য সীমারেখার নিচে ছিল। ২০০৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। নেপালে একই সময়ে ৭৭ শতাংশ থেকে কমে হয়েছে ৫৪ দশমিক ৭ শতাংশ। ভুটানে ১৯৯০ সালে মোট জনগোষ্ঠীর ৫১ শতাংশ দারিদ্র্যসীমার নিচে ছিল, ২০০৫ সালে তা কমে হয়েছে ২৬ দশমিক ৮ শতাংশ। পাকিস্তানে সম্প্রতি দারিদ্র্যের হার বাড়লেও ১৯৯০ থেকে ২০০৫ সময়ে দারিদ্র্যের হার কমেছে ৩০ শতাংশের বেশি।ওয়াহিদউদ্দিন মাহমুদ এ নিয়ে বলেন, দারিদ্র্য নিয়ে বহুজাতিক উন্নয়ন সংস্থাগুলো এখন কিছুটা চুপচাপ। বিশ্বব্যাংকের ১৯৯০ ও ২০০০ সালের বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদনের মূল প্রতিপাদ্য ছিল দারিদ্র্য। ২০১০ সালেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল। তিনি ব্যাখ্যা করে বলেন, বিশ্বব্যাংকের নীতি অনুসরণ করে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে তেমন একটা অগ্রগতি আসেনি। তাই তাঁরা কিছুটা অস্বস্তিতে আছেন। কারণ ২০১৫ সাল চলে এসেছে। কিন্তু বৈশ্বিক দারিদ্র্য তেমন একটা কমেনি। বিশ্বখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর একটি প্রতিবেদনের উদাহরণ টেনে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘নিউইয়র্ক শহরে এখন ৬০০টির মতো লঙ্গরখানা খোলা হয়েছে। এ শহরের এক-পঞ্চমাংশ শিশুর পেট ভরে এসব লঙ্গরখানা থেকে। এমনকি ওয়াল স্ট্রিটেও আছে একটি ফুডব্যাংক। এখানকার মানুষ পৃথিবীর সব বড় ব্যাংকগুলোর চেয়ে বেশি আস্থা রাখে ফুডব্যাংকের ওপর।’বাংলাদেশ প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বিগত দুই দশকে বাংলাদেশে শিশুমৃত্যুর হার কমানো ও মেয়েদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে অনেক অগ্রগতি এসেছে। কিন্তু স্বাস্থ্য ও শিক্ষার গুণগত মান উন্নত করা যায়নি। এগুলো শুধু পাওয়ার সুযোগ করে দিলেই হবে না, তাদের অধিকার আদায়ের ক্ষমতা দিতে হবে। আর এ কাজ এনজিওদের দিয়ে হবে না। স্থানীয় সরকারকে শক্তিশালী করে সেখানে অংশগ্রহণ ও জবাবদিহির সুযোগ করে দিতে হবে দরিদ্র মানুষকে। ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, যারা দারিদ্র্যের ঝুঁকির মধ্যে আছে, তাদের কথা বাংলাদেশের পরিসংখ্যানে আসে না। ফলে কিছু মানুষ দরিদ্র অবস্থা থেকে বের হলেও নতুন করে অনেক মানুষ দারিদ্র্যসীমায় ঢুকে পড়ে। তিনি দারিদ্র্য বিমোচনের পাশাপাশি কেন দরিদ্র হচ্ছে, তার উত্স খুঁজে বের করার তাগিদ দেন।আনিস চৌধুরী বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাজার উদারীকরণের নীতি অনুসরণ করতে গিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে সরকারের ভূমিকাকে ছোট করে আনা হয়েছে। এতে করে সরকারের নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনায় ক্ষমতা কমে এসেছে। তিনি বিশ্বব্যাংক-প্রণীত কাঠামোগত সমন্বয়-নীতি বাস্তবায়নের সমালোচনা করে বলেন, এতে সামাজিক নিরাপত্তাহীনতা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেন, সামরিক শাসনের দেড় দশকে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। বিগত দুই দশকে তার ক্ষতি কিছুটা পূরণ হলেও তা পুরোপুরি কাটিয়ে ওঠেনি। উত্তম কুমার দেব বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে যতটুকু নীতি গ্রহণের সুযোগ আছে, বিশ্বব্যাংক ও আইএমএফের চাপের কারণে সরকার তা নিতে পারে না। এ ক্ষেত্রে সমন্বয় হওয়া দরকার।