বাংলাদেশে দুর্নীতি কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির ব্যাপকতা সবচেয়ে বেশি—এমন দেশগুলোর তালিকা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। এ বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারণা সূচকে (করাপশন পারসেপশনস ইনডেক্স বা সিপিআই) বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বাদশ। ১০ নম্বরের (স্কোর) মধ্যে বাংলাদেশ পেয়েছে মাত্র ২ দশমিক ৪। গত বছরও তা-ই ছিল। তবে গতবার অবস্থান ছিল ১৩তম।এর আগে ২০০৬ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়, ২০০৭ সালে সপ্তম এবং ২০০৮ সালে দশম। তার আগে ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান প্রথম ছিল। যে দেশগুলোর পয়েন্ট ১০-এর মধ্যে ৩ বা তার চেয়ে কম, সিপিআই অনুযায়ী সেই দেশগুলোতে দুর্নীতির ব্যাপকতা সবচেয়ে বেশি। আর যে দেশের পয়েন্ট যত বেশি অর্থাৎ ১০-এর কাছাকাছি, সে দেশে দুর্নীতির ব্যাপকতা তত কম।বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা টিআই গতকাল মঙ্গলবার একযোগে সারা বিশ্বে এই প্রতিবেদন প্রকাশ করে। জাতীয় প্রেসক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশে এটি প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।এবার কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। তাদের পয়েন্ট ৯ দশমিক ৩। ৯ দশমিক ২ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় হংকংয়ে। তাদের সূচক ৮ দশমিক ৪ পয়েন্ট। কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় তাদের অবস্থান ১৩তম। আর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয় ভুটানে। তাদের স্কোর ৫ দশমিক ৭। ইতালি, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার চেয়ে এই অবস্থান ভালো। দুর্নীতিতে এবার শীর্ষস্থানে রয়েছে সোমালিয়া। তাদের পয়েন্ট ১ দশমিক ১। ১ দশমিক ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান ও মিয়ানমার। তৃতীয় স্থানে আছে ইরাক, সুদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। এই দেশগুলোর পয়েন্ট ১ দশমিক ৬। ১ দশমিক ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে আফ্রিকার দেশ চাদ। বাংলাদেশের সঙ্গে এবার যৌথ অবস্থানে আছে আজারবাইজান, হন্ডুরাস, নাইজেরিয়া, ফিলিপাইন, সিয়েরা লিওন, টোগো, ইউক্রেন ও জিম্বাবুয়ে। ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪।ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। গত বছর বাংলাদেশের চেয়ে অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকা মালদ্বীপ এ বছর ২ দশমিক ৩ পয়েন্ট পেয়ে যৌথভাবে পাকিস্তানের সঙ্গে একাদশ অবস্থানে রয়েছে। এ ছাড়া আফগানিস্তান ও নেপালের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও দশম। প্রতিক্রিয়া: এ বছরের সূচকের ব্যাখ্যা দিতে গিয়ে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, ‘আমাদের সৌভাগ্য যে, পরিস্থিতি খারাপ হয়নি। আর দুর্ভাগ্য পরিস্থিতি ভালো হয়নি।’ তিনি বলেন, সরকার তথ্য অধিকার আইন করাসহ কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছে। এ কারণে হয়তো গত বছরের চেয়ে দুর্নীতি বাড়েনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের এবারের স্কোর সমপর্যায়ে থাকাটা হতাশাজনক। বাংলাদেশে এখন যে সরকার, তাদের নির্বাচনী ইশতেহারে দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান ছিল। আমরা ভেবেছিলাম অবস্থানের উন্নতি হবে। সরকারের শুরুতেও সেই মনোভাব ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি নেই।’ইফতেখারুজ্জামান বলেন, ভবিষ্যতে বাংলাদেশের অগ্রগতি হবে কি না, সেটি নির্ভর করছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর। বিশেষ করে, জাতীয় সংসদ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, তথ্য কমিশন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি প্রশাসন এবং মানবাধিকার প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন, নিরপেক্ষ ও সৎভাবে কাজ করতে পারে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়।টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য মোজাফ্ফর আহমদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে সংসদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। সব সাংসদের হিসাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু অর্থমন্ত্রী ছাড়া কেউ এখন পর্যন্ত হিসাব দেননি। বারবার এই প্রক্রিয়া আটকে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের প্রতিফলন হয়েছে। এখন যা হচ্ছে, তার প্রতিফলন আগামী বছর থাকতে পারে।মোজাফ্ফর আহমদ বলেন, ভিন্ন নামে এখনো চাঁদাবাজি চলছে। বিভিন্ন সংসদীয় কমিটিতে ব্যবসায়ীরা আছেন। দুদক এখনো ঠিকভাবে কাজ করতে পারছে না। প্রতিবছরই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। এগুলো ভালো লক্ষণ নয়।এম হাফিজউদ্দিন বলেন, শুধু বক্তব্য-বিবৃতি দিলে হবে না। সরকারকে দুর্নীতি দমনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সূচকে ব্যবহূত তথ্য: সিপিআইয়ে ব্যবহূত তথ্যের মূল প্রতিবাদ্য বিষয়গুলো হলো: দুর্নীতি ও ঘুষের আদান-প্রদান, স্বার্থের দ্বন্দ্ব ও তহবিল অপসারণ, দুর্নীতিবিরোধী উদ্যোগ ও অর্জনে বাধা দান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলের স্বার্থে সরকারি পদমর্যাদার অপব্যবহার, প্রশাসন, কর আদায় ও বিচার বিভাগের কাজে বিধিবহির্ভূত অর্থ আদায় এবং সর্বোপরি এ ধরনের অনিয়ম প্রতিরোধে ও দুর্নীতি সংঘটনকারীর বিচার করতে সরকারের সামর্থ্য, সাফল্য ও ব্যর্থতা।রাজনীতি ও প্রশাসনে বিরাজমান দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতির তুলনামূলক অবস্থান নির্ণয়ে এ সূচক ব্যবহার করা হয়।ইফতেখারুজ্জামান বলেন, অন্তত তিনটি আন্তর্জাতিক জরিপ না থাকলে টিআইর প্রতিবেদনে কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু সিপিআই-২০১০-এর জরিপে বাংলাদেশের ক্ষেত্রে তথ্যসূত্র হিসেবে সাতটি আন্তর্জাতিক জরিপ ব্যবহূত হয়েছে। টিআইর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পয়েন্ট কম মানে এই নয়, বাংলাদেশের মানুষ সবাই দুর্নীতি করে। বরং আপামর জনগণ দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী। এ ছাড়া ক্ষমতাবানদের দুর্নীতি ও তা প্রতিরোধে দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে দেশ ও জনগণকে কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত বলা যাবে না।