বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি বাড়ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, পাহাড় ধস—এ ধরনের দুর্যোগ বেড়ে যাচ্ছে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে।আজ বুধবার জাতীয় সংসদে ইলিয়াস উদ্দিন মোল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদ অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করেন। ফলে সংসদে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলেও নিজ কণ্ঠে তিনি জবাব দেওয়ার সুযোগ পাননি। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত। উন্নত বিশ্বের দেশগুলোর অতিমাত্রায় গ্রিন হাউস গ্যাস এবং কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের ঝুঁকি হ্রাস, মোকাবিলা ও ক্ষয়ক্ষতিকে সহনীয় পর্যায়ে এনে অর্থনীতির চাকা সচল রাখাই বর্তমান সরকারের লক্ষ্য। তিনি বলেন, দেশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় একটি নীতির খসড়া প্রণয়ন করা হচ্ছে। ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কাজের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র এবং বেড়িবাঁধ নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।