বাংলাদেশে নতুন নামে বিনিয়োগ করবে সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন খাতে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ‘সাহারা ইন্ডিয়া পরিবার’। তবে এ দেশে নাম বদলে হবে ‘সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশন লিমিটেড’। লোগোতেও কিছু পরিবর্তন ঘটবে। এরই মধ্যে নতুন নামে কোম্পানিটির নিবন্ধনকাজ চলছে।শুরুতে সাহারা বাংলাদেশের আবাসন খাতে ১২ থেকে ১৫ কোটি মার্কিন ডলার বা ৯৬০ কোটি থেকে ১২০০ কোটি টাকা (প্রতি ডলারের মূল্য সর্বনিম্ন ৮০ টাকা ধরে) বিনিয়োগ করবে। পরে এর পরিমাণ আরও অনেক গুণ বাড়তে পারে বলে জানিয়েছেন সাহারা ইন্ডিয়া পরিবারের কর্ণধার ও চেয়ারম্যান সুব্রত রায় সাহারা।গতকাল শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনিয়োগের এসব পরিকল্পনার কথা তুলে ধরেন সাহারার কর্ণধার। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সাহারা মাতৃভূমি উন্নয়ন করপোরেশনের নাম ও লোগো প্রকাশ করা হয়। সেই সঙ্গে বাংলাদেশে কোম্পানির পরিচালক হিসেবে শেখ ফজলে ফাহিমকে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, শেখ ফজলে ফাহিম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।আবাসন খাতে বিনিয়োগের প্রস্তাব নিয়ে গত মঙ্গলবার সুব্রত রায় সাহারার নেতৃত্বে সাহারা ইন্ডিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসে। সফরকারী দলটির আজ ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল সফরের উদ্দেশ্য ও বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা সুব্রত রায় সাহারা। এ সময় আরও মঞ্চে ছিলেন শেখ ফজলে ফাহিম ও সাহারা ইন্ডিয়ার কৌশলগত ব্যবস্থাপনা দলের প্রধান সৌরভ ভট্টাচার্য।সুব্রত রায় সাহারা বলেন, ‘আপাতত আমরা আবাসন খাতে একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করতে চাই। পরে এ দেশে ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্যসহ আরও অনেক কিছুই করার পরিকল্পনা আছে। তবে সেসবের কিছুই এখনো চূড়ান্ত হয়নি। কারও সঙ্গে প্রতিযোগিতা করতে নয়, আমরা এ দেশে সবাইকে নিয়ে পরিপূরকভাবে কাজ করতে এসেছি। আমরা আবাসনের জন্য শুধু কংক্রিটের কিছু তৈরি করব না। আমরা যা-ই করব, সেখানে আলাদা একটি জীবনধারা তৈরি করব। এ জন্য আমরা ছোটখাটো কোনো জায়গায় কাজ করতে চাই না। তাই আবাসন খাতে এ দেশে বড় কিছু কাজ করার আগ্রহ রয়েছে আমাদের।’সুব্রত রায় বলেন, ‘ইতিমধ্যে আমরা নতুন ঢাকা নামে একটি আলাদা উপশহর গড়ে তোলার জন্য সরকারের সঙ্গে সমঝোতা চুক্তি করেছি। সরকারকে আমরা বলেছি, এ ধরনের প্রকল্প গড়তে হলে আমাদের কমপক্ষে এক লাখ একর জায়গার প্রয়োজন হবে। এ ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে। এর বাইরে আমরা নিজেরা ছোট আকারে কিছু কাজ করব। এ জন্য ঢাকার আশপাশে বেশ কিছু জায়গাও দেখা হয়েছে। আমরা যেখানেই কাজ করি, সর্বনিম্ন ১০০ একরের কম জায়গা নিয়ে কিছু করি না। সে রকম কিছু জায়গা আমরা দেখেছিও, যার আয়তন ১০০ একরের কম হবে না। আপাতত এখানে কাজ শুরু করতে চাই।’কবে নাগাদ কাজ শুরু করা হবে জানতে চাইলে সুব্রত রায় সাংবাদিকদের বলেন, ‘কবে থেকে কাজ শুরু করতে পারব, তা সঠিকভাবে বলতে পারছি না। কারণ, এ ধরনের কাজ করতে গেলে অনেক ধরনের অনুমোদনের প্রয়োজন হয়, যার কোনোটাই আমাদের হাতে নেই। তবে কিছু জায়গা আমরা দেখেছি, যেগুলোর এর মধ্যে অনুমোদনের কাজ হয়ে আছে। সেসব জায়গা পাওয়ার বিষয়টি চূড়ান্ত হলে আশা করছি, শিগগির কাজ শুরু করতে পারব।’সংবাদ সম্মেলনে সাহারার কর্ণধার বলেন, ‘আমরা সব আইনকানুন মেনে কাজ করতে চাই। নিজের আবেগ আর বাণিজ্যিক উদ্দেশ্য—এ দুটির সমন্বয়ে আমরা এ দেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়েছি। এ খাতে আমরা কাজ শুরুর পর যত ধরনের কাঁচামালের ব্যবহার হবে, তার সিংহভাগই স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে। হয়তো আমাদের কাজের নিজস্ব মান বজায় রাখতে কিছু জিনিস বাইরে থেকে আনতে হবে, যেগুলো হয়তো এখানে পাওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা এখানে খোলা মন নিয়ে বিনিয়োগ করতে এসেছি, এটিকে সন্দেহের দৃষ্টিতে দেখা ঠিক হবে না। সন্দেহের দৃষ্টিতে দেখা হলে আমাদের আবেগ বা কাজের গতি হয়তো কিছুটা কমে যাবে।’বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে সুব্রত রায় সাহারা বলেন, ‘এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো ঘোষণা দিতে চাচ্ছি না। তবে এ দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে রয়েছে আমাদের। সম্ভবত আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মূল স্পন্সর হতে যাচ্ছি। আশা করছি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পোশাকে শিগগির সাহারা লেখা থাকবে।’এ সময় ভারতীয় প্রিমিয়ার লীগের দল পুনে ওয়ারিয়র্সের হয়ে বাংলাদেশি খেলোয়াড় তামিম ইকবালকে না খেলানোর বিষয়ে জানতে চাইলে পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায় সাহারা বলেন, ‘লীগের শেষ চারটি ম্যাচে তামিমের খেলার বিষয়টি চূড়ান্ত ছিল। আমি নিজে সৌরভের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছিলাম। কিন্তু তামিম একান্ত ব্যক্তিগত কারণে শেষ চার ম্যাচে পুনে ওয়ারিয়র্সের সঙ্গে খেলতে পারেননি।’