বাংলাদেশে নিখোঁজ ও গুমের ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রতি নিখোঁজ ও গুম হয়ে যাওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ার একটি মানবাধিকার সংগঠন।ফিলিপাইনভিত্তিক দি এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিস-অ্যাপিয়ারেন্স (এএফএডি) নামের ওই সংগঠনটির চেয়ারপারসন মুগিইয়ান্তো ও মহাসচিব মেরি এইলিন ডি বাকালসো স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। নিখোঁজ ও গুম করা নিয়ে এশিয়ার দেশগুলোতে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংগঠনের জোট হচ্ছে এএফএডি।এএফএডির বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সপ্তাহের ব্যবধানে শুধু মুন্সিগঞ্জ জেলায় আটটি লাশ পাওয়া গেছে। ওই ব্যক্তিদের অনেকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের তুলে নিয়ে যাওয়ার পর তাঁরা নিখোঁজ বা গুম হয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিখোঁজ বা গুম করার ঘটনা নতুন কিছু নয়। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় অসংখ্য ব্যক্তিকে গুম করা হয়েছে। আর স্বাধীনতার পর গত ৪০ বছরে বিভিন্ন সরকারের আমলে নিখোঁজ ও গুম হওয়ার ঘটনা চলে আসছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি অপহরণের ঘটনা যে মাত্রায় বেড়েছে তা উদ্বেগজনক এবং এসব ঘটনা মানবাধিকারের প্রতি অমর্যাদাকর। বর্তমানে বাংলাদেশে ফৌজদারি বিচারব্যবস্থা দুর্বল।বিজ্ঞপ্তিতে নিখোঁজ ও গুম হওয়ার সব ঘটনার সুষ্ঠু তদন্ত, ওই সব ব্যক্তিকে উদ্ধার, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিখোঁজ ও মানুষ গুম করার বিরুদ্ধে সোচ্চার মানবাধিকার সংগঠনগুলোকে সহায়তার আহ্বান জানানো হয়। সংগঠনের নেতারা বলেন, ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিস-অ্যাপিয়ারেন্স মেনে চলতে আমরা বাংলাদেশের প্রতি আহ্বান জানাচ্ছি।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বাংলাদেশ সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, তারা দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়েছে। সুতরাং জীবনের নিরাপত্তা নিশ্চিত ও আইনের সুরক্ষা করা বাংলাদেশের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, ভুক্তভোগীরা সুবিচার পাচ্ছে কি না, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের।