বাংলাদেশে পোশাককর্মীদের নির্যাতন নিয়ে আবার প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা, নাইকি ও অ্যাডিডাসের পণ্য তৈরির কাজে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে যুক্তরাজ্যের দি অবজারভার পত্রিকা দাবি করেছে।পত্রিকাটি গতকাল রোববার এ ব্যাপারে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। অনুসন্ধানকালে ব্রিটিশ পত্রিকাটির সঙ্গী ছিল যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ওয়্যার অন ওয়ান্ট।প্রতিবেদনে বলা হয়, পুমা, নাইকি ও অ্যাডিডাস আগামী ২৭ জুলাই লন্ডনে শুরু হওয়া অলিম্পিক গেমসের স্পনসর। ওই তিনটি প্রতিষ্ঠানের পোশাক তৈরিতে বাংলাদেশের কারখানায় কর্মরত শ্রমিকদের শারীরিক নির্যাতন ও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে তাঁরা যৌন হয়রানিরও শিকার হচ্ছেন।পুমার পোশাক সরবরাহকারী একটি কারখানার দুই-তৃতীয়াংশ শ্রমিক অভিযোগ করেন, কর্মক্ষেত্রে তাঁদের মারধর, চড়-থাপড়, ধাক্কা দেওয়াসহ মাথার চুল ধরে টেনে নির্যাতন করা হয়। অ্যাডিডাসের পোশাক সরবরাহকারী কয়েকটি কারখানার নারীশ্রমিকেরা অভিযোগ করেন, তাঁদের ওড়না বা মাথার স্কার্ফ খুলে রাখতে বাধ্য করা হয়।প্রতিবেদনে দাবি করা হয়, নিয়ম-বহির্ভূতভাবে বাংলাদেশি শ্রমিকদের দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অতিরিক্ত কাজ করানো হয়। তাঁদের যে মজুরি দেওয়া হয়, তা সর্বনিম্ন পারিশ্রমিকের চেয়েও কম।অলিম্পিক গেমসের পোশাক তৈরির আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছে অ্যাডিডাস। স্টেলা ম্যাককার্টনির নকশায় তারা ব্রিটিশ দলের পোশাক সরবরাহ করবে।যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, রাশিয়াসহ বেশ কয়েকটি জাতীয় দলের পোশাক সরবরাহ করবে নাইকি। পুমা জ্যামাইকার বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্ট ও বেশ কয়েকটি জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করবে।নাইকির একজন মুখপাত্র বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুক্তিবদ্ধ কারখানাগুলোতে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নাইকি অত্যন্ত সচেতন।অ্যাডিডাস জানায়, বাংলাদেশে তাদের সরবরাহকারীদের নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত বছর তারা বাংলাদেশে একটি কারখানায় কর্মঘণ্টা ও মজুরিসংক্রান্ত বিষয়ে একটি ‘গুরুতর অভিযোগ’ পায়। সর্বনিম্ন মজুরি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তা কারখানাতেই সমাধান করা হয়েছিল।অ্যাডিডাস জানায়, শ্রমিকদের হয়রানি ও শারীরিক নির্যাতনের খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। অভিযোগ যাচাইয়ে শিগগিরই তদন্ত শুরু হবে।ওয়্যার অন ওয়ান্টের প্রচার ও নীতিমালাবিষয়ক পরিচালক গ্রেগ মুটিট বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যদি বিভিন্ন দল, খেলোয়াড় ও অলিম্পিক গেমসের স্পনসর হয়ে নিজেরা লাভবান হতে চায়, তাহলে তাদের কর্মীদের প্রতি সম্মানজনক আচরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।পুমা জানায়, তাদের পোশাক সরবরাহকারী কয়েকটি কারখানায় নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত কাজ করানোর প্রমাণ পাওয়া গেছে। ওই সব কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আইন লঙ্ঘনের অন্য কোনো প্রমাণ মেলেনি। এএফপি।