বাংলাদেশে প্রধান সমস্যা আইনশৃঙ্খলা বাহিনীর হত্যা-নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবাধিকারের ক্ষেত্রে প্রধান সমস্যাগুলো হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যা ও নির্যাতন, সামাজিক সহিংসতা ও নারীর প্রতি বৈষম্য, আদিবাসীদের প্রতি সরকারি বৈষম্য ও সামাজিক সহিংসতা থেকে তাদের রক্ষায় ব্যর্থতা।এ ছাড়া বিচার বিভাগের রাজনৈতিকীকরণ, গণমাধ্যম ও বাকস্বাধীনতার সীমাবদ্ধতা, সাংবাদিক নির্যাতন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সহিংসতা ঘটানো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১১ সালের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এসব কথা বলা হয়েছে। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এই প্রতিবেদনে দেশওয়ারিভাবে বিশ্বের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সরকারি পর্যায়ে দুর্নীতি এখনো একটি গুরুতর সমস্যা হিসেবে রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ২০১১ সালে হত্যা-নির্যাতন ছাড়াও ক্ষমতার অপব্যবহার, গুম, হেফাজতে মৃত্যু, অযৌক্তিকভাবে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অযৌক্তিকভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। র‌্যাবের বিরুদ্ধে অযৌক্তিক গ্রেপ্তারের অসংখ্য অভিযোগ রয়েছে। প্রতিবেদনে মানবাধিকার সংগঠন অধিকারের বরাত দিয়ে বলা হয়, র‌্যাব গত বছরের ৪ এপ্রিল কুমিল্লার স্থানীয় রাজনীতিক শফিকুল ইসলামকে নারায়ণগঞ্জে গুলি করে হত্যা করে। শফিকুলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বেশ কয়েকটি মামলা থাকার কথা উল্লেখ করা হয় এতে।প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কতজন নিহত হয়েছে, তার পরিসংখ্যান প্রকাশ করেনি সরকার। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের ব্যবস্থাও করা হয় না। বরং অনেক ক্ষেত্রেই এসব অভিযোগ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে র‌্যাব সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। গণমাধ্যম এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০১১ সালে র‌্যাব ৪৩ ব্যক্তিকে হত্যা করেছে। প্রতিবেদনে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়, গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ২১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১১৬ জন কারাগারে মারা যান। এসব মৃত্যুর অনেকগুলোই নির্যাতনের কারণে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের হাতে নেতা-কর্মী হত্যার ঘটনাও ঘটেছে অনেক। আগের বছরের তুলনায় গত বছর রাজনৈতিক সহিংসতা কিছুটা কমলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এমন ঘটনার প্রবণতা বাড়ে। বিরোধী দল অভিযোগ করে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা তাদের নেতা-কর্মী সমর্থকদের ওপর হামলা ও হয়রানি করছে। প্রতিবেদনে অধিকারের বরাত দিয়ে বলা হয়, ধারণা করা হয় ২০১১ সালে রাজনৈতিক কারণে ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আগের বছর তা ছিল ২২০। এ ছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে মারা যায় ২২ জন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারা যায় তিনজন। প্রতিবেদনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে, এর কিছু রাজনৈতিক কারণে ঘটেছে। কিছু ঘটেছে টাকাপয়সা ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। অধিকারের বরাত দিয়ে বলা হয়, গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ৩০ জনকে গুম করার অভিযোগ ওঠে। এতে বিএনপির নেতা চৌধুরী আলম ২০১০ সালের জুনে গুম হওয়ার কথা উল্লেখ করা হয়।এ ছাড়া ৪৬ জনকে নিরাপত্তা বাহিনী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ ওঠে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। তবে পুলিশ সে অভিযোগ অস্বীকার করে। বিএনপির ডাকা হরতালে বিএনপির সাংসদ ও চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পুলিশের হামলায় আহত হন।প্রতিবেদনে ২০১০ সালের অক্টোবরে বিএনপির মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় নাটোরের বিএনপি নেতা সানাউল্লাহ নূর নিহত হন বলে উল্লেখ করা হয়। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চ্যানেল ওয়ান ও যমুনা টেলিভিশন নামের দুটি টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। প্রচারমাধ্যমে স্ব-আরোপিত নিয়ন্ত্রণ এখনো চলছে।এ ছাড়া প্রতিবেদনে খুনের আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা, রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলায় সরকারি প্রভাব বিস্তার, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ব্যাপারে কথিত পক্ষপাতসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। প্রতিবেদনটি সরাসরি দেখতে ক্লিক করুন