ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব
বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভালো উদাহরণ রয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ড. মার্গারেট চ্যান বলেছেন, বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার ভালো উদাহরণ রয়েছে। দেশটির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের সেই কাজকে ধাপে ধাপে উন্নীত করা। আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।তিন দিনের বাংলাদেশ সফর শেষে মার্গারেট চ্যান সাংবাদিকদের বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে (এমডিজি ৪ ও ৬) বাংলাদেশ ঠিক পথেই চলছে। শুধু মাতৃ মৃত্যুহার হ্রাসের (এমডিজি ৫) ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রয়োজন।সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির, স্বাস্থ্যসচিব আলতাফ আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ দেশীয় কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মার্গারেট চ্যান তিন দিনের সফরের সময় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ দেশের স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন বলে জানান। গতকাল সোমবার তিনি যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও সাতক্ষীরার আইলাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। এটাই মার্গারেট চ্যানের প্রথম বাংলাদেশ সফর।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দেন। চ্যান বলেন, ‘আমি ওয়ান-স্টপ সেবার কথা বলছি। ধরুন একজন মা সেবা নিতে এলেন। এসে তিনি বুকের দুধ খাওয়ানো সম্পর্কে জানবেন। একই সঙ্গে তাঁকে পরিবার পরিকল্পনা, টিকা, পানি ও পয়োনিষ্কাশন সম্পর্কেও ধারণা বা সেবা দেওয়া হবে।’এক প্রশ্নের উত্তরে মার্গারেট চ্যান বলেন, এ মাসের মধ্যেই সোয়াইন ফ্লুর টিকা বাংলাদেশে পৌঁছাবে। সোয়াইন ফ্লুর মহামারি পরিস্থিতির এখনো অবসান হয়নি। তবে পৃথিবীর অধিকাংশ দেশ সবচেয়ে খারাপ সময় অতিক্রম করে এসেছে।সংবাদ ব্রিফিংয়ের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, ওষুধশিল্পকে আরও শক্তিশালী করা এবং টিকা উত্পাদনের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে সহায়তা করবে। স্বাস্থ্যের ওপর আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একসঙ্গে কাজ করবে বলে তিনি সাংবাদিকদের জানান।