আলোচকআহমদ রফিক: লেখক, গবেষক, ভাষাসংগ্রামীআনিসুজ্জামান: এমিরেটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়মোহাম্মদ গোলাম রাব্বানী: সাবেক বিচারপতি, আপিল বিভাগআকবর আলি খান: সাবেক মন্ত্রিপরিষদ সচিব, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টামুহাম্মদ ইব্রাহীম: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়গুলশান আরা: সহকারী অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সঞ্চালকসাজ্জাদ শরিফ: উপসম্পাদক,প্রথম আলোসাজ্জাদ শরিফ: আজকে আমাদের আলোচনার বিষয় ‘বাংলাদেশে বাংলা ভাষা পরিস্থিতি’। রাষ্ট্রের বিভিন্ন অংশে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অবস্থা কী, এটা আজকের আলোচনা থেকে আমরা বুঝে নিতে চাইব। আর সেটা আমরা বুঝে নিতে চাইব, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে আমরা কোথায় দেখতে চেয়েছিলাম, বাংলা ভাষা নিয়ে আমাদের জাতিগত আকাঙ্ক্ষা কী ছিল, সে পরিপ্রেক্ষিতে। রাষ্ট্রের বিভিন্ন অংশে কাজ করার অভিজ্ঞতা আছে, এমন কয়েকজন বিশিষ্ট লোককে আমরা ডেকেছি। কারও আছে বিচার বিভাগে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা, কারও শিক্ষায়, কারও প্রশাসনে। কেউ কেউ করেছেন ভাষা নিয়ে গবেষণা। আমরা বুঝতে চাইব, আদালতে বাংলা চালু হতে অসুবিধা কোথায়; প্রশাসনের অবস্থা অপেক্ষাকৃত ভালো, বাংলা ব্যবহারের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতাটা কেমন; প্রাথমিক থেকে উচ্চপর্যায় পর্যন্ত শিক্ষায় বাংলার অবস্থা কী; সমাজে বাংলা ভাষার পরিস্থিতি কেমন দাঁড়াচ্ছে; ইংরেজি এসে যাওয়ায় বাংলা পিছু হটছে কি না, ইংরেজি জ্ঞান নতুন একটি শ্রেণী তৈরি করছে কি না; এসবের ফলে বাংলা ভাষার সামগ্রিক পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে। আমরা আমাদের সংবিধানে বলেছি, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এটা বলতে আসলে আমরা কী বোঝাতে চেয়েছি? স্বাধীনতার প্রায় ৪০ বছর পর রাষ্ট্রে কি এ কথার আদৌ কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি?—এসব নিয়েও আমরা একটু আলোচনা করতে চাইব।শুরুতেই যদি আহমদ রফিক বলেন, তাহলে ভালো হয়। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ১৯৫২ সালে আপনারা বলেছিলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। এ কথার মধ্য দিয়ে এক ধরনের আকাঙ্ক্ষা আপনারা ব্যক্ত করেছিলেন। কিন্তু ইতিহাস এগিয়ে চলে। বায়ান্নর একুশে বাংলাদেশের ইতিহাসের মোড় ফিরিয়ে দিল। এরপর আরও নানা ঘটনাক্রমের পর একাত্তরের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেলাম। এখন সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। ভাষা নিয়ে বাইরের কোনো প্রতিবন্ধকতা আমাদের ওপর আর নেই। আপনি যদি একটু বলেন আপনাদের সেই সময়ের আকাঙ্ক্ষা কী ছিল এবং সেই আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার পরিস্থিতিটি এখন কেমন।আহমদ রফিক: বায়ান্ন সালে আমাদের বিশেষ স্লোগান ছিল তিনটি: ১. রাষ্ট্রভাষা বাংলা চাই, ২. রাজবন্দীদের মুক্তি চাই এবং ৩. সর্বস্তরে বাংলা চাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা বরাবর তিনটা স্লোগান প্রতিটি মিছিলে-সভায় দিয়েছি। প্রথম স্লোগানটি ছিল ‘রাষ্ট্রভাষা বাংলা চাই।’ এর পেছনে শুধু রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠার দাবিটুকুই ছিল না; এর পেছনে আমাদের এ চিন্তাও ছিল যে রাষ্ট্রভাষা যদি বাংলা না হয়, শুধু উর্দুই হয়, তাহলে অফিসে, ব্যবসা-বাণিজ্যে, কাজকর্মে সর্বত্র জাতিগতভাবে বাঙালি শিক্ষিত শ্রেণী যেমন পিছিয়ে পড়বে, তেমনই জাতি হিসেবেও আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত হব। এই চিন্তাটা কিন্তু অনেকের মাথায় ছিল। অর্থাত্ রাষ্ট্রভাষা বাংলা হওয়া না-হওয়া নিয়ে কিংবা শুধু উর্দু রাষ্ট্রভাষা হওয়া নিয়ে ভাষার যে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব পড়বে, সেটাই শুধু আমাদের চিন্তায় ছিল না, এর অর্থনৈতিক প্রভাবের দিকটাও আমাদের কারও কারও মধ্যে কাজ করেছে। দ্বিতীয় স্লোগান ছিল ‘রাজবন্দীদের মুক্তি চাই।’ এর মধ্যে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়টি খুব স্পষ্ট ছিল। তৃতীয় স্লোগান ছিল ‘সর্বস্তরে বাংলা চাই।’ এই আকাঙ্ক্ষা আরও ব্যাপক ও সর্বজনীন। অর্থাত্ দরিদ্র শ্রেণী পর্যন্ত শিক্ষা, জাতীয় স্তরে শিক্ষার মাধ্যম, উচ্চতর শিক্ষা ও উন্নততর মননশীলতার মাধ্যম হিসেবে সর্বত্র বাংলার প্রচলন দরকার। ‘সর্বস্তরে বাংলা চাই’ আমার বিবেচনায় এই স্লোগানটি কিন্তু রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে শুধু নয়, সব মিলিয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লোগান ছিল।আমরা যদি এখনকার পর্যায়ে আসি, তাহলে বলব, দেশ স্বাধীন হওয়ার পর আমরা বলেছি, প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এই সংক্ষিপ্ত কথাটির ব্যঞ্জনা ব্যাপক। কিন্তু এর মধ্যে রাষ্ট্রকে বাংলা ভাষায় পাওয়ার যে প্রত্যাশা, তা কিন্তু সেভাবে পূরণ হতে পারেনি। সচিবালয়ে বাংলা প্রচলিত হয়েছে। রাষ্ট্রের বেশির ভাগ ক্ষেত্রে তা কিন্তু হয়নি। কারণ উচ্চ আদালতে, উচ্চশিক্ষায়, বিজ্ঞানশিক্ষায় কোথাও বাংলার ব্যবহার নেই।আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই বলে যে, স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষা দেওয়া চলছে। ইংরেজি মাধ্যমে কিন্ডারগার্টেন থেকে শুরু করে স্কুল-কলেজে ইংরেজি মাধ্যম এত হয়েছে যে গোটা শিক্ষার্থী-সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে। বলার অপেক্ষা রাখে না যে ইংরেজি মাধ্যমের স্কুল বা কলেজে বা কিন্ডারগার্টেনে পড়াশোনা চালাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা ওই বিত্তবান শ্রেণী ছাড়া আর কারও পক্ষে বহন করা সম্ভব নয়। কাজেই আমরা এটা ধরে নিতে পারি যে বাংলা মাধ্যমে যারা পড়ে, তারা অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী। সেই সঙ্গে এটাও আমরা লক্ষ করেছি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী শুধু এই বাংলা মাধ্যমে পড়ার জন্য উচ্চশিক্ষার পর্যায়ে গিয়ে, বিজ্ঞানশিক্ষার পর্যায়ে গিয়ে অসুবিধা পোহাচ্ছে। তাদের তুলনায় প্রতিযোগিতায় যারা ইংরেজি মাধ্যমে পড়ছে, তারা অনেক সুবিধা ভোগ করছে। এরা সুবিধাভোগী ছেলেমেয়েরা উচ্চশ্রেণী ও বিত্তবান শ্রেণীর সন্তান। স্বভাবতই তারা সব সুবিধাই নিচ্ছে। যদি আমরা কথাটাকে এভাবে বলি যে সমুদ্র মন্থন করে অমৃত তোলা হলো, কিন্তু সবটুকু অমৃত সুরলোকের দেবতাদের ভোগেই গেল। আমাদের অবস্থাটাও এখন সে রকম। এ জন্য এখন আমি মনে করি, সর্বস্তরে বাংলা চালুর সেই স্লোগানটি তখনকার সময়ের চেয়ে বর্তমান পরিপ্রেক্ষিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ।তবে এ ক্ষেত্রে অনেক সমস্যাও দাঁড়িয়ে গেছে। আমাদের মানসিকতাও এ জন্য দায়ী। ইংরেজি ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু আমি প্রায়ই বলে থাকি—সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে—যে পৌনে দুই শ বছর ইংরেজদের ঔপনিবেশিক শাসনে থাকার কারণে ইংরেজি ভাষার প্রতি আমাদের এক ধরনের দাস-মনোভাব তৈরি হয়েছে। ফলে আমরা ইংরেজিতে একটা ভুল করলে শরমে মরে যাই, অথচ বাংলায় চৌদ্দটা ভুল করলেও আমাদের কাছে খারাপ লাগে না। সে কারণে আপনারা লক্ষ করবেন, লেখাজোখায় শিক্ষিত শ্রেণীর বহু লোকও বাংলা লিখতে গিয়ে ভুল করেন। সাইনবোর্ডে বেশির ভাগ ক্ষেত্রেই সঠিক বানান লেখা হয় না। অর্থাত্ এই চরম অবহেলা নিয়ে কারও লজ্জা নেই।হ্যাঁ, উচ্চশিক্ষায় বাংলা ব্যবহারের ক্ষেত্রে পরিভাষা ইত্যাদি নিয়ে কিছু অসুবিধা আছে। এ প্রসঙ্গ নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। মুহাম্মদ ইব্রাহীম এখানে আছেন। তিনি জানেন, আমরা ’৮৬ সালে যখন সাভারে মহাসমাবেশ করেছিলাম, তখন মাতৃভাষায় বিজ্ঞানশিক্ষার ওপর আলোচনা হয়েছিল। তিনি এর পক্ষে খুব চমত্কার যুক্তিতর্ক দিয়ে কথা বলেছিলেন।এ প্রসঙ্গে আরেকটা কথা বলব। চীনা ও জাপানি ভাষায় যদি উচ্চতর বিজ্ঞান শুধু নয়, নভোবিজ্ঞান বা আধুনিক বিজ্ঞান পর্যন্ত চর্চা করা যেতে পারে, তাহলে বাংলার মতো একটি উন্নত ভাষায় কেন সেটা করা যাবে না? আমি আবারও বলতে চাই, উচ্চশিক্ষা, বিজ্ঞানশিক্ষার ক্ষেত্রে অথবা উচ্চ আদালতে বাংলা চালু করার ক্ষেত্রে যে কাজগুলো করা দরকার বা আমরা করতে পারতাম, আমাদের সদিচ্ছার অভাব এবং দাস-মনোভাবের কারণে তা আমরা করতে পারিনি। ইংরেজি আমাদের শিখতে হবে। কিন্তু বড় একটি শ্রেণীকে নিচে ফেলে রাখার কোনো এখতিয়ার আমাদের নেই। কাজেই এ সমস্যাগুলো এভাবেই চিন্তা করা দরকার এবং একটা না একটা সমাধানে আমাদের পৌঁছানো দরকার।সাজ্জাদ শরিফ: ধন্যবাদ। আপনার বক্তব্যে আপনি আদালতের প্রসঙ্গ এনেছেন। এখানে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী আছেন। রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গের একটি আদালত। বাংলা ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য জায়গার চেয়ে প্রশাসনের অবস্থাটা অনেকটাই ভালো। কিন্তু উচ্চ আদালতে বাংলা প্রচলনের যাঁরা বিরুদ্ধে, তাঁরা যেসব সমস্যার কথা বলেছেন, তার মুখ্য বিষয় পরিভাষা। অন্যেরা বলেন, উচ্চ আদালতে বাংলা চালুর প্রধান বাধা মানসিক। আরও অল্পবিস্তর কিছু অস্পষ্ট বাধা হয়তো আছে। আমরা দেখেছি, এত কিছুর মধ্যেও কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিয়েছেন। আমার মনে হয়, আপনি ভালো বলতে পারবেন অবস্থাটা কী। বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।মোহাম্মদ গোলাম রাব্বানী: একটা জিনিস আমরা জেনেও জানি না, সেটা হচ্ছে ইংরেজ আমল থেকে নিম্ন আদালতে বাংলা ভাষায় আরজি, দরখাস্ত লেখা হতো। সাক্ষীদের জবানবন্দি বাংলায় দেওয়া হলে ইংরেজিতে জজসাহেবরা সেটা লিখতেন এবং রায় ইংরেজিতে দেওয়া হতো। এখন নিম্ন আদালতে সাক্ষীরা বাংলায় যেমন হুবহু সাক্ষ্য দিচ্ছেন, সে রকম লেখা হয়ে থাকে; রায়ও বাংলাতেই লেখা হচ্ছে। তবে বাংলায় লেখার তাগিদ একটু কম, কারণ উচ্চ আদালতের একটা বিধান আছে যে নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি পেতে হলে ইংরেজিতে কমপক্ষে তিনটি রায় দিতে হবে। এটা থাকার কোনো অর্থ হয় না। দ্বিতীয়ত আইন যখন পড়ানো হয়, সেখানে বাংলা ভাষায় আরজি লেখা, দরখাস্ত লেখা বা রায় লেখার কোনো বিষয় নেই। আমার মতে, মুসাবিদা করার জন্য একটা বিষয় থাকা উচিত, সেটা নেই। আর হাইকোর্ট সব সময় ইংরেজিতে চলছে। এর দুটি কারণ আছে। এক. বিচারকদের বেশির ভাগই সরাসরি বিদেশে ইংরেজিতে লেখাপড়া করে ব্যারিস্টারি পাস করে সোজাসুজি যাচ্ছেন। তাঁরা তো নিম্ন আদালতে ওকালতি করেননি। কাজেই তাঁরা ইংরেজিটা শেখেন, বাংলায় আরজি লেখা শেখেন না। একটু টেকনিক্যাল পয়েন্টও আছে, যার জন্য পরিভাষা দরকার।আইনে কিন্তু পরিভাষা তৈরি করা খুব সোজা। যেমন আমরা রিটকে রিটই বলি। কষ্ট করে অক্সিজেনের বাংলা যেটা করা হয়েছে, সেটা আমরা উচ্চারণ করি না। সুয়োমোটো (স্ব-উদ্যোগে) কিন্তু সুয়োমোটোই লেখা হচ্ছে। এই যে কতগুলো টেকনিক্যাল শব্দ আছে, সেসব ইংরেজি ভাষায় থাকলেও সেগুলো কিন্তু এসেছে অন্য ভাষা থেকে। কালের বিবর্তনে ফ্রান্স, ইতালি ও জার্মানি থেকে শব্দ ইংরেজি ভাষায় এসে মিলেমিশে গেছে। আমরাও তেমনই আমাদের উচ্চারণের মতো করে অনেক বিদেশি শব্দ গ্রহণ করে নিয়েছি। যেমন আমরা হসপিটালকে হাসপাতাল বলি। একে আর ইংরেজি শব্দ বলে মনেই হয় না। নিজেদের ধ্বনি অনুযায়ী আমরা শব্দটাকে তৈরি করে নিয়েছি। এভাবে যদি আমরা তৈরি করি, তাহলে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে বাংলা ভাষা চালু করা খুব কঠিন হবে না, কিন্তু সেটার সদিচ্ছা আমাদের নেই। সদিচ্ছা নেই, তাই ব্যাপারটা একটু কঠিনও বটে। এ জন্য যে আমাদের বেশির ভাগ বই, যেগুলো বাইরে থেকে ছাপা হয়, তার সবই ইংরেজিতে লেখা। অনেক দিন আগে আমি বলেছিলাম, নিত্যপ্রয়োজনীয় যেসব বই আছে—যেগুলো ইংরেজি থেকে আমাদের পড়তেই হবে, যেমন লিগ্যাল ডিকশনারি বা ল-লেক্সিকন—একটা কমিশন করে সেগুলো বাংলায় অনুবাদ করা হোক। এই বইগুলো প্রত্যেক আইনজীবীর দরকার পড়ে। বাংলা একাডেমী সহজেই এসব করতে পারে।আর আগে যে কথাটা বলেছি, এই যে নিম্ন আদালতে তিনটি রায় ইংরেজিতে লেখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, এটা তুলে দিলেই হয়। এটা করতে হলে জাতীয় সংসদকে একটু সচেষ্ট হতে হবে, একটু জোর করতে হবে। তাদের আইন করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বলতে হবে যে এর পরে সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালতে বাংলা ভাষায় আরজির মুসাবিদা করতে হবে, তর্ক-বিতর্ক করতে হবে এবং রায় লিখতে হবে।সাজ্জাদ শরিফ: একটা কথা জিজ্ঞেস করি, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এক জায়গায় লিখেছিলেন যে মানুষের মধ্যে রাষ্ট্রের আইনের বোধগম্যতা বাড়ানোর জন্য আদালতে বাংলা চালু করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আপনি পরিভাষার সমস্যার কথা বললেন। আপনি বলেছেন, কিছু ইংরেজি পরিভাষা প্রচলিত আছে। আমরা জানি, কিছু চলতি আরবি-ফারসি পরিভাষাও আছে। কিছু পরিভাষা রচনার চেষ্টাও হয়েছে। এখন আদালতে বাংলা চালু করতে সত্যিকারেরই বাধা কিছু আছে, নাকি এ বাধা মনস্তাত্ত্বিক?মোহাম্মদ গোলাম রাব্বানী: আইনের পাঠ্যসূচিটা যেভাবে তৈরি করা হয়েছে, সেটা ইংরেজিতে লেখাই সহজ, বাংলায় লেখাই কঠিন বলে মনে হয়। কাজেই স্নাতক পর্যায়ে বাংলাকে পাঠ্যসূচির মাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। পাঠ্যবইয়ে যেগুলো জরুরি, সেগুলো বাংলা করতে হবে। দ্বিতীয়ত, আমি একটু আগেও বললাম যে বাংলায় মুসাবিদা করতে উত্সাহিত করতে হবে। আপনারা হয়তো জানেন, বাংলা ভাষায় যে আরজি লেখা হয়, এই যে আমি ‘আরজি’ শব্দ বললাম, এটা ফারসি। ইংরেজি আসার আগে আমরা মুনসেফ বলতাম। বিচারক, সেরেস্তাদার, নাজির সবই ফারসি। এসব শব্দ বাংলায় অঙ্গীভূত হয়েছে। যাঁরা নিম্ন আদালতে ওকালতি করে হাইকোর্টে গেছেন, তাঁদের বাংলায় অত সমস্যা হবে না; কিন্তু যাঁরা সরাসরি এখানে আসছেন, এই ব্যারিস্টারি সিস্টেম থেকে, সমস্যা তাঁদের। এই সিস্টেমের তো কোনো দরকার নেই। ব্যারিস্টার মানে হলো ওখানকার বার কাউন্সিলের সদস্য। এর একটা মোহ আছে আমাদের। আমাদের যাঁরা কেস করতে যান, তাঁরাও ব্যারিস্টার খোঁজেন। কিন্তু এটা অনাবশ্যক, এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়ে ও ল কলেজে যা পড়ানো হয়, সেটা যথেষ্ট উন্নত মানের নয়। খুবই গোঁজামিল দিয়ে তৈরি করা। আমি নিজেও সেভাবে পাস করে এসেছি। আইনজীবী হওয়ার পর আমাকে আরও পড়তে হয়েছে।ব্রিটিশ আমলে যেসব বড় হাইকোর্ট ছিল—কলকাতা হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট—এরা তাঁদের রায়ে আইনের অনেক ব্যাখ্যা দিয়েছেন। সেসব রায় বাংলায় অনুবাদ করা উচিত। ফলে ওখান থেকে যে অনুবাদ হবে, তাতে ভাষাটা রপ্ত হবে। আদালতে আপনার যুক্তির পক্ষে যে রুলিংটা দেওয়া হচ্ছে, সেটা ইংরেজিতে লেখা। এখন রুলিং আছে হাজার হাজার। আমরা বলতে পারি যে অমুক হাইকোর্টের এই রুলিংটা বাংলা করতে হবে। বাংলা না করার কারণে তার ল্যাক্সিকন ইংরেজিতেই জজের কাছে পেশ করতে হচ্ছে। অর্থাত্ একজন জজ ও একজন আইনজীবীকে ইংরেজি জানতেই হচ্ছে। এই বাধ্যবাধকতা থেকে মুক্ত না করলে আদালতে বাংলা ভাষা পুরোপুরি চালু হবে না।নিম্ন আদালতে যুক্তিতর্কের সময় ভাষার কিছুটা খিচুড়িও হয়। এখন হাইকোর্টেও হচ্ছে। বিচারক হিসেবে বিচার করার সময় এবং আইনজীবী হিসেবে যুক্তিতর্ক পেশ করার সময় কিছুটা ইংরেজিতে, কিছুটা বাংলায় হচ্ছে। এই খিচুড়ির কারণ হচ্ছে, বাংলাদেশ হওয়ার পর ইংরেজিও বলা হচ্ছে, বাংলাও বলা হচ্ছে। এর থেকে মুক্ত না হলে আমরা যত বড় বড় কথাই বলি না কেন, আদালতে বাংলা পুরোপুরি চালু হবে না। দু-একটা রায় হয়তো জজসাহেবরা লিখতে পারবেন, কিন্তু শোনার সময় তো আপনাকে ইংরেজি জানতে হবে।এর থেকে মুক্ত হওয়ার জন্য একটা কমিশন করা দরকার। কেন আমরা তা করি না, সেটা বলা আমার পক্ষে খুব কঠিন। মনে হয়, সহজ জীবনের প্রতি একটা অভ্যাসের জন্যই বোধহয় ইংরেজির প্রতি আমাদের এই মমত্ববোধ গড়ে ওঠে, অন্ততপক্ষে আইনজীবী হিসেবে।আনিসুজ্জামান: আমি একটা কথা জিজ্ঞেস করি। কেউ কেউ বলেন, আমাদের ল রিপোর্টগুলো ইংরেজিতে। বাংলায় রায় দিলে এগুলো ছাপা হবে কোথায়? আবার কেউ কেউ বলেন, রায় তো শুধু বাংলাদেশের জন্য নয়। অনেক দেশেই কোনো একটা রায় সাইটেড হতে পারে। আমার মনে মাঝেমধ্যে প্রশ্ন জাগে, ধরুন, গত ৫০ বছরে আমার দেশে যত রায় লেখা হয়েছে, তার কত শতাংশ বাইরে সাইটেড হয়েছে—সেটা জানার কোনো উপায় আছে?মোহাম্মদ গোলাম রাব্বানী: হ্যাঁ, আছে। আমি তো এত বছর জজিয়তি করেছি। এর মধ্যে তিনটা রায় বাইরে প্রকাশিত হয়েছে—ফ্রান্স, ইংল্যান্ড ও ভারতে। এগুলো নিজের স্বার্থেই তারা অনুবাদ করে নেবে। আপনাকে অনুবাদ করে ওদের দরজায় যাওয়ার দরকার নেই। আমি কী রায় দিয়েছি, তাদের চ্যানেলে পরের দিনই সেটা বাইরে প্রচারিত হয়ে গেছে। এদের যে বিশেষজ্ঞতা আছে, তাতে তারা ইচ্ছে করলেই রায় বাংলা থেকে ইংরেজি করে নিতে পারে, আমাদের করে দিতে হয় না। আমাদের যে ঢাকা ল রিপোর্টস আছে, যদি বাংলায় রায় দেওয়া হয়, তারা বাধ্য হয়েই সেগুলো ছাপাবে। কারণ সেগুলো তো প্রত্যেক নিম্ন আদালতের কিনতে হবে। তার বাধ্যবাধকতার ওপর তাদের তো কেস চলবে।সাজ্জাদ শরিফ: আহমদ রফিক তাঁর বক্তব্যে শিক্ষার প্রসঙ্গটি স্পর্শ করেছিলেন। আমাদের এখানে অধ্যাপক মোহাম্মদ ইব্রাহীম আছেন। তিনি শিক্ষাঙ্গনে যে বাংলা ক্রমাগত কোণঠাসা হয়ে চলেছে, এ প্রসঙ্গে আশা করি তিনি কিছু বলবেন।মুহাম্মদ ইব্রাহীম: আমাদের আলোচনা শুরুই হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে। আমি এর পরবর্তী সময়ের মানুষ। আমরা যেভাবে ভাষা আন্দোলনকে দেখেছি, এখনো সেভাবেই দেখতে চাই। সেটি শুধু ভাষার জন্য নয়, আমাদের আত্মপ্রত্যয়ের জন্য, দুনিয়ার বুকে সগর্বে নিজের অস্তিত্ব ঘোষণা করার জন্য। বায়ান্নর পরে দীর্ঘ সময় পার হয়েছে। আমরা একটি সতত বহমান সময়ে বাস করছি। বায়ান্নর সময় ঠিক যে সংঘাতগুলোর মধ্যে আমরা ছিলাম আর আজকে যে সংঘাতগুলোর মধ্যে আছি, সেগুলো এক নাও হতে পারে। কিন্তু আমাদের আত্মপ্রত্যয়, বিশেষ করে প্রজন্মের পর প্রজন্মকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে আকাঙ্ক্ষা—সেটা কিন্তু থেমে যাবে না। সেখানেই বায়ান্নকে প্রয়োজন।এখন কথা হলো, ভাষাটাকে আমরা কোথায় নেব। শিক্ষাটাকে আমরা কোথায় নেব। এই যে মাতৃভাষার মাধ্যমে সবকিছু করার আকাঙ্ক্ষা, সেটা তো শুধু একটা রাজনৈতিক বা সামাজিক ঘোষণা ছিল না, তার একটি বৈজ্ঞানিক প্রয়োজনও ছিল। সেদিন কতখানি বোঝা গেছে জানি না, কিন্তু আজকে এর একটা বৈজ্ঞানিক অপরিহার্যতা দাঁড়িয়ে গেছে। আজকে আমরা নিউরোলজির অনেক কিছু জানি, ভাষাবিজ্ঞানে আমরা অনেক এগিয়ে গেছি। সবাই জানে, ভাষার নিয়মকানুনের একটা বোধ আমাদের জিনে গ্রথিত হয়ে আছে। সারা দুনিয়ায় এ জন্য ভাষা অনেক, আবার লসাগু করে নিলে সবগুলো ভাষার নিয়ম অল্প কয়েকটাতে চলে আসবে। চমস্কি সেটা ব্যাখ্যা করে বুঝিয়েছেন। আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে ভাষায় অভ্যস্ত—আমাদের মস্তিষ্কের যে হার্ডওয়্যার, সেই যে ইউনিভার্সাল গ্রামার—সেই ভাষাটা সে ব্যাখ্যা করতে পারে। সে ভাষাই ভালো, যাকে আমরা কোনো কিছু আত্তীকরণের কাজে লাগাতে পারি। কোনো একটা ধারণাকে আত্তীকরণ বা নিজের ধারণা করে নেওয়া শুধু আমাদের জন্য নয়, সর্বকালের সব মানুষের জন্যই ভালো। আমি ভূমিষ্ঠ হওয়ার পর যে ভাষায় অভ্যস্ত হয়ে উঠি, সেটাকেই আমরা মাতৃভাষা বলি। এটা কোনো বর্ণবাদী ব্যাপার নয়। ভূমিষ্ঠ হওয়ার পর আমি জার্মানিতে থাকলে ওটাই আমার মাতৃভাষা হতো, ওই ভাষাতেই আমার অন্তর্বাচনটা হতো। অন্তর্বাচন খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার ভেতরে সব সময় যে একটা অন্তর্বাচন চলছে, সেটা কিন্তু আমার মাতৃভাষায় হচ্ছে। আমি যে ধারণাটা আত্মস্থ করব, অন্তর্বাচনের মাধ্যমে যদি সেটা আত্তীকরণ করতে পারি, তখন তার ওপর আমার একটা দখল হয়। বিষয়টা আমার নিজস্ব জিনিসে পরিণত হয়। এই আকাঙ্ক্ষাটাই কিন্তু আমাদের সব সময় মাতৃভাষায় চিন্তা করার জন্য প্রেরণা জুগিয়েছে। আমরা যখন আরেকটু উচ্চ স্তরে শিক্ষা নিতে যাচ্ছি, তখন যে কাজগুলো করছি বা চারদিক থেকে যা আহরণ করছি, তার সঙ্গে যদি আমার অন্তর্বাচনের সাদৃশ্য থাকে, তাহলে অনেক সুবিধা হয়ে যায়।আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমাদের অবশ্যই প্রাথমিক চিন্তার প্রক্রিয়াটা মাতৃভাষায় নিয়ে আসতে হবে—আর তা যেকোনো বিষয়ে। অবশ্যই বিজ্ঞানধর্মী বা যুক্তিধর্মী যত জিনিস আছে—মাতৃভাষায় সেটা করতে হবে। সে জন্য আমাদের যে স্কুলিং, যাকে আমরা বলি আমাদের সব চিন্তার ভিত, সেটা অবশ্যই মাতৃভাষায় হওয়া উচিত। এর সঙ্গে আমি যে বিষয়টা বলব, এখন একটা নতুন বাস্তবতা গড়ে উঠেছে। আমরা সেটা চেয়ে করেছি, নাকি আমরা খুশি হয়ে সেটা করেছি, নাকি আমাদের দাসবৃত্তির জন্য এটা হয়েছে—সে প্রশ্ন এখন অবান্তর। বাস্তবতা হলো, বিশ্ব এখন বিশ্বায়িত, এবং কোথাও না গিয়ে এখানে বসেই আমি এটা অপারেট করতে পারি। আমাকে এটা বিশ্বায়িত ভঙ্গিতেই অপারেট করতে হয়, কার্যকর করতে হয়। এটা আর কোনোক্রমেই অস্বীকার করার উপায় নেই। আমি বিজ্ঞানজগতে অপারেট করছি, শিক্ষকতার জগতে অপারেট করছি এবং বাংলা ভাষার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই—বরং কিছুটা অবদান থাকলে থাকতেও পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আজকের দিনে একটি ছেলে বা মেয়ে যদি বিশ্বায়িতভাবে চিন্তা করতে না পারে, নিজেকে প্রকাশ করতে না পারে, সবার সঙ্গে তুলনায় তার কোনো ভবিষ্যত্ নেই। আবেগকাতর হয়ে আমরা নানা কথা বলতে পারি। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা। কাজেই সেই স্কুলিংয়ে আমি আমার চিন্তাটাকে অবশ্যই বাংলা ভাষায় করব। আমি বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা করেছি। এখনো যাঁদের সঙ্গে কাজ করি, তাঁরাও সর্বাংশে তা-ই। অন্যদের আমি এখনো আমার পেশাগত কাজে পাইনি। কাজেই আমি যা বলছি, তা তাঁদের তরফ থেকেই বলছি, অন্য দলের তরফ থেকে বলছি না। তাঁদের সামনে আজকে এটা কোনো সমস্যা নয় যে বাংলায় কেন চর্চা করা হচ্ছে না। আজকে যে সে বিশ্বায়িত হতে পারছে না, এটাই তাঁদের বড় সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে বাংলা চর্চা করতে গিয়ে—হয়তো ভুলভাবে করতে গিয়ে—এই পরিস্থিতি হয়েছে। ওই ভুল যেন আমরা আর দীর্ঘায়িত না করি। সে জন্য আমাদের স্কুলজীবনে দুটি কাজ করতে হবে। স্কুলজীবন বলতে আমি দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলছি। সব জ্ঞান-বিজ্ঞান আমাদের বাংলা ভাষায় চর্চা করতে হবে, যাতে আমার অন্তর্বাচনটা মাতৃভাষায় হয়, আমি যেন বিষয়টা আত্তীকরণ করতে পারি। সে জন্য সেই সঙ্গে আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের বিশ্বভাষা, অর্থাত্ ইংরেজি আয়ত্ত করতে হবে। পদার্থবিজ্ঞানের বহু ছাত্র এখন জাপানে যাচ্ছে এবং খুব সামাদৃত হচ্ছে। এরা সবাই যে খুব উচ্চমানের বিজ্ঞানী তাও নয়, তবু তারা খুব সমাদৃত হচ্ছে। সমাদরের একটা বড় কারণ হচ্ছে, তারা ওই ক্যাম্পাসে অন্যদের চেয়ে ভালো ইংরেজি বলে। অধ্যাপকেরা পর্যন্ত তাদের আদর করে কাছে টেনে নেন। নিজেদের লেটারস পেপারটা তাদের দেখতে দেন, ইংরেজি শুদ্ধ করে দেওয়ার জন্য।জাপানের লোকদের কথা আমরা শুনলাম। তারাও শান্তিতে নেই। এটা অনিবার্য, তথ্যপ্রযুক্তি এই ক্ষেত্রটি আরও বড় করে দিয়েছে; সব এক সূত্রে বেঁধে, এক ভাষায় নিয়ে এসেছে। এখন চীনের নাগরিকদেরও সেটা করতে হচ্ছে। কারও কোনো উপায় নেই। কাজেই স্কুলজীবনেই আমাদের সত্যিকার দ্বিভাষিক হওয়ার সবক নিতে হবে। দ্বিভাষিক হওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরই দ্বিভাষিক হতে হবে, এমন কোনো কথা নেই। বর্তমান বিশ্বে অপারেট করতে হলে দ্বিভাষিক হতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের বিশ্বভাষায় কথা বলার পূর্ণ ক্ষমতা অর্জন করতে হবে। সেখানে অর্ধক্ষমতার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে দুটি ক্ষমতা আমাকে অর্জন করতে হবে, একটি হচ্ছে ইংরেজিতে স্বচ্ছন্দে আমার সব জ্ঞান প্রকাশের ক্ষমতা, অন্যটি হলো দেশের অভ্যন্তরীণ কাজে খুব সহজে সেসব বাংলায় আলোচনা করতে পারার সামর্থ্য। আমাদের বিজ্ঞানী বা ডাক্তার, সবাইকে কাজ করতে হবে আমাদের জনসাধারণের সঙ্গে। তাই নিখুঁত দ্বিভাষিক হওয়ার পরও যেন আমরা খুবই ভালো স্তরে নিখুঁতভাবে বাংলায় সবকিছু করতে পারি। এর সহজ কোনো সমাধান নেই। দ্বিভাষিক হয়েই আমাদের এটা করতে হবে। যারা এখন ওপরে যাচ্ছে, সারা দুনিয়ায় তারা এটা নিয়েই তারা ওপরে যাচ্ছে। আমাদেরও এভাবেই যেতে হবে।কিন্তু আমাদের দেশে নিখুঁত দ্বিভাষিক হওয়া সহজ কাজ নয়। একটা কথা অহরহ বলা হয় যে বাংলায় আমরা সবকিছু করছি না বলেই সমস্যা হচ্ছে। কথাটা পুরোপুরি ঠিক নয়। কারণ বাংলায় আমরা যতটুকু পারব, তার একটা সীমা আছে। যেমন বিজ্ঞান বা একইভাবে যেকোনো বিষয় প্রায় প্রতিদিন পরিবর্তিত হয়ে যাচ্ছে, দৈনন্দিন ভিত্তিতে তার মধ্যে শব্দ ও ধারণা সৃষ্টি হচ্ছে। এটা মৌলিক বিজ্ঞানের চেয়ে ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত দ্রুত হচ্ছে। যাঁরা কম্পিউটার নাড়াচাড়া করেন, তাঁরা এটা জানেন। বালক-বালিকারাও যখন কম্পিউটার নাড়াচাড়া করে, তাদের নিত্যনতুন ধারণার মুখোমুখি হতে হয়। এর সঙ্গে পাল্লা দিয়ে আমরা কেন কোনো ভাষাভাষীর পক্ষেই আপ-টু-ডেট থাকা সম্ভব নয়। কাজেই সেই জগতে যাঁরা স্বচ্ছন্দে বিচরণ করতে চান, ইংরেজি তাঁদের জানতেই হবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন, আমরা কিছু ওয়েবসাইট বাংলায় না করতে পারার কোনো কারণ নেই। কিন্তু ওয়েবসাইটের পরিধি একটা অকল্পনীয় বিশাল ব্যাপার। কখন তার কোন অংশ কাজে লাগবে, আমরা জানি না। কাজেই সবকিছুতেই আমাদের প্রবেশাধিকার রাখতে হবে। তার কোনো অংশ আমার অগম্য থাকা চলবে না। আজকাল ধারণা এত দ্রুত পাল্টাচ্ছে যে শব্দের ওপর খুব গুরুত্ব দিতে হয়। এখন শব্দটা যদি বিশুদ্ধ বাংলায় হয় কিন্তু সেটা আত্তীকরণের জন্য উপযুক্ত না হয়, তাহলে শেষ পর্যন্ত আমাকে সেটা কোনো সাহায্য করছে না। আমার কাছে এখন বিশুদ্ধ বাংলার চেয়ে বিশুদ্ধ জ্ঞান গুরুত্বপূর্ণ। আমি যেন অপারেট করতে পারি, আমি যেন প্রতিযোগিতায় যেতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। এইখানে আমার কথা হলো, আমাদের খুব নিখুঁত দ্বিভাষিক হয়েই এটা করতে হবে। দ্বিভাষিক হওয়া মানে এই নয় যে বাংলার প্রতি অবিচার করে এটা করতে হবে। আমার অন্তর্বাচন যেহেতু বাংলায়, সে জন্য আমাকে বারবার বাংলায় ফেরত আসতে হবে। সেখানে কোনো খুঁত রেখে আমি দ্বিভাষিক হতে পারব না।আনিসুজ্জামান: আপনি কি এটা মনে করছেন যে সর্বস্তরেই আমাদের দ্বিভাষিক হওয়া আবশ্যক?মুহাম্মদ ইব্রাহীম: কিছুটা মনে করছি। আমার এক ছাত্র মেধাবী ফিজিসিস্ট। আমি তার মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারছি, তার ভবিষ্যত্ খুবই অন্ধকার। সে বাজারে চলবে না। আর তা শুধু একটি কারণে যে, সে নিজেকে ইংরেজিতে প্রকাশ করতে পারে না। আমি একটি আদর্শিক অবস্থার কথা ভাবছি, যেখানে বাংলা স্কুলের মধ্য দিয়েই আমাদের সে জায়গায় যেতে হবে। ক্রমাগত আমাদের দ্বিভাষিকতার দিকে যেতেই হবে। হঠাত্ করেই আমি ১৩তম বছরে গিয়ে দ্বিভাষিক হয়ে যাব, তা তো আর হয় না। ক্রমাগত যেতে হবে। এমনকি অষ্টম শ্রেণী পাস করেই হয়তো আমাকে একটা কাজ নিতে হতে পারে তথ্যপ্রযুক্তিতে, বিদেশি কোনো কোম্পানিতে, যেতে হতে পারে বিদেশে। আমার ওইটুকু নমনীয়তা থাকতে হবে, যেন আমার যতটুকু দরকার, অষ্টম শ্রেণীর বিদ্যা নিয়েও আমি ততটুকু করতে পারি। কাঁটাবনের ওখান দিয়ে বাড়ি যাওয়ার পথে আমি অসংখ্য পোস্টার দেখি: পয়সা দিয়ে কোরিয়ান বা চীনা ভাষা শেখানো হয়। তাদের সেই শেখাটা আবার কেমন করে যেন গ্রহণও করা হয় দূতাবাসের ভিসার পরীক্ষায়। কাজেই একে একেবারে ফাঁকিও বলতে পারি না। তাদের দরকার হচ্ছে, মোটামুটিভাবে ভাষা জানা শ্রমিক শ্রেণীর মানুষ। আরেকটু বৃহত্তর আঙ্গিকে বললে বলতে হয়, ইংরেজির মধ্য থেকে অন্য ভাষায় যাওয়াটাও সহজ। কারণ ইংরেজিতে অন্য ভাষা শেখার অনেক রকম ব্যবস্থা আছে। বাংলা থেকে এ সুযোগটা নেই। কাজেই আমি বলব, ক্রমেই আমাদের দ্বিভাষিক হওয়ার দিকে যেতে হবে।সাজ্জাদ শরিফ: অধ্যাপক মুহাম্মদ ইব্রাহীম এমন কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন, যা নিয়ে বিতর্ক চলতে পারে। সামনে সে বিতর্কের জায়গা থাকবেও। এর মধ্যে আদালতের কথা বলতে গিয়ে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী পরিভাষার প্রসঙ্গ তুলেছেন। উচ্চশিক্ষায় পাঠ্যবইয়ের অনুবাদের সমস্যার কথাও এসেছে। এসব ক্ষেত্রে বাংলা একাডেমী, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা হয়তো প্রাসঙ্গিক আলোচনার বিষয় হতে পারে। আমাদের গবেষণার বহু দিক আছে, ভাষা পরিকল্পনার ব্যাপারও হয়তো আছে। এসব প্রসঙ্গে ভাষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গুলশান আরাকে কিছু বলতে বলব।গুলশান আরা: ভাষাবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যা বুঝতে পারছি, তা হলো, একটা ভাষার মধ্যে কী কী সমস্যা আছে, সেটা শনাক্ত করা গেলে সে ভাষা নিয়ে পরিকল্পনা করা যায়, সে সমস্যা থেকে উত্তরণের পথটা বের হয়ে আসে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর যে সংবিধান প্রণয়ন করা হয়, সেখানে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হলো। এই স্বীকৃতির মধ্য দিয়ে ভাষার অবস্থানগত একটা সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল যে বাংলাদেশ নামক যে রাজনৈতিক ভূখণ্ডটি হয়েছে তার রাষ্ট্রভাষা বাংলা। অর্থাত্ বাংলাদেশে বাংলা ভাষা প্রচলনে নীতিগত দিক থেকে আর কোনো সমস্যা নেই। এর পরও একাত্তর-পরবর্তী সময়ে আমরা প্রতিবছরই শুনে আসছি, সর্বস্তরে বাংলা প্রচলন করতে হবে। সর্বস্তরে বাংলা প্রচলনের বিষয়টি এলে এর সঙ্গে চলে আসে ভাষার অবয়বগত পরিকল্পনা। ভাষাকে যখন বলা হলো, বাংলা ভাষা, এটা রাষ্ট্রভাষা, তার মানে হচ্ছে, যে ভাষা আমরা জানি। ভাষা তো একটা হাতিয়ার মাত্র। তো বাংলা রাষ্ট্রভাষা হলে তাকে কিছু কার্যভার নিতে হবে। সর্বস্তরে সে কাজগুলো কী? এর অর্থ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, প্রশাসনের কাজে, যোগাযোগের ক্ষেত্রে, আইন-আদালতে, উচ্চশিক্ষায়—অর্থাত্ জীবনের প্রথম থেকে শুরু করে শেষ অবধি যতগুলো পর্যায় আছে, সব পর্যায়ে বাংলা ভাষা ব্যবহূত হতে হবে। এখন এখানে এসে মূল কাজগুলো কী দাঁড়ায়? একটা সময় ইংরেজি ভাষার যে অবস্থান ছিল, সেটাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না। সেই ইংরেজি থেকে বাংলায় আসতে হলে ব্যাপক কাজের প্রয়োজন। আপনারা সবাই জানেন, পরিভাষা প্রণয়নের ব্যাপারটা তখন ব্যাপকভাবে চলে আসে। এখন কথা হলো, এই যে বিষয়গুলো ভাষার অবয়ব পরিকল্পনার মধ্যে পড়ে যাচ্ছে, বাংলা ভাষাকে ওই ফাংশনাল লোড নেওয়ার মতো পরিস্থিতিতে আমরা নিয়ে যেতে পারছি কি না। এটা একটা বাস্তবতা।আরেকটা বাস্তবতা হলো, ইংরেজি ভাষাকে আমরা অস্বীকারও করতে পারছি না। ইংরেজি ভাষা আছে। ইংরেজি ভাষা আমরা প্রথম শ্রেণী থেকেই পড়ছি। অথচ দেখা যাচ্ছে, দ্বাদশ শ্রেণীর পরও আমরা কেউ ইংরেজিতে কথা বলতে পারছি না। একটি ভাষা শেখার মাধ্যমে যে চারটি দক্ষতা অর্জন করতে হয়—একটি ভাষা শুনে বোঝা, পড়তে পারা, লিখতে পারা ও বলতে পারা—বাস্তবতা হচ্ছে, ১২ বছর ইংরেজি শেখার পর আমরা এই দক্ষতাগুলোর একটি-দুটি হয়তো অর্জন করতে পারি। তাহলে সমস্যা কোথায়। এ নিয়ে গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। হয়তো পদ্ধতিগত সমস্যা আছে। যে পদ্ধতি আমরা ব্যবহার করছি, সেটি হয়তো ঠিক নয়। পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে যাঁরা শেখাচ্ছেন, তাঁরা ঠিকভাবে শেখাতে পারছেন না। আমাদের দেশের যাঁরা সুনাম বয়ে এনেছেন, তাঁদের প্রায় প্রত্যেকের ইংরেজিতে জ্ঞান ভালো। তাঁদের প্রতিভা অসাধারণ। তারা কিন্তু বাংলা মাধ্যমে পড়াশোনা করেই এ রকম পর্যায়ে এসেছেন। তাহলে অসুবিধাটা কোথায়। আমার মনে হয়, পদ্ধতির পাশাপাশি শিক্ষকদেরও সমস্যা আছে। যাঁরা আছেন, তাঁরা যথাযথভাবে শিক্ষাদানটা করতে পারছেন না। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যাঁরা আসেন, তাঁরা আসেন অন্য কোনো জায়গায় সুযোগ না পেয়ে। মেধাবী ব্যক্তিদের অনুপস্থিতিতে একটা বিপর্যয় এখানে তৈরি হয়েছে।ইংরেজি ভাষাকে যেহেতু অস্বীকার করার উপায় নেই, সে কারণে একটি যথাযথ ভাষানীতি প্রণয়ন হওয়া দরকার। প্রথম ভাষা হিসেবে মাতৃভাষা বাংলা তো ঠিক আছে। কিন্তু ইংরেজি ভাষার অবস্থান কী হবে, সেটা সুস্পষ্ট হওয়া দরকার, যাতে ইংরেজি ভাষা শিক্ষাদান, ইংরেজি ভাষার শিক্ষক প্রশিক্ষণ, এ বিষয়গুলো উঠে আসতে পারে।ভাষার ক্ষেত্রে আকাশ-সংস্কৃতির একটা বিরাট প্রভাব পড়ছে। বাংলা ভাষায় প্রবলভাবে বিদেশি শব্দের প্রবেশ ঘটেছে। বিদেশি শব্দ আত্তীকরণের বিষয়ে ভাষাবিজ্ঞানীদের কোনো আপত্তি নেই। যেকোনো জীবিত ভাষাই নতুন শব্দ গ্রহণ করবে। কিন্তু কিছু ক্ষেত্রে এটা অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। যেমন ইদানীং তরুণ প্রজন্মের মুখে হিন্দি সিরিয়ালের প্রভাব ব্যাপক।মোহাম্মদ গোলাম রাব্বানী: বাঙালিদের ঢালাওভাবে দুটো ভাষা শিখতে হবে—এ প্রস্তাব আমার কাছে সমর্থনযোগ্য নয়। ধরুন, মোগল যুগের অন্তিম সময়ে ফরাসি আর ইংরেজদের যে যুদ্ধ হয়েছে, সেখানে ফরাসিরা যদি আমাদের শাসক হতেন, তাহলে আমরা কেমন দ্বিভাষিক হতাম? আমরা শিখতাম ফরাসি আর বাংলা। কাজেই ঔপনিবেশিক দাসত্বের জন্যই আমরা ইংরেজির জন্য আকুল হয়ে থাকি। ইংরেজি না শিখেও বিজ্ঞান পড়া যায়। আমি কয়েক দিন আগে একটা বই কিনলাম, বেশ মোটা, কোয়ান্টাম মেকানিকসের ওপর। বাংলায় লেখা, কলকাতা থেকে প্রকাশিত। পড়ে বুঝতে একদম কোনো সমস্যা হলো না। আসলে বাংলায় এসব বই না লেখার কারণ কি এই যে এগুলো ছাপা হওয়ার পর প্রকাশকেরা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন না? তাহলে সরকার ও বাংলা একাডেমীকে এগিয়ে আসতে হবে। যাঁরা বেশি শিখতে চান, তাঁরা ইংরেজি শিখবেন। সমস্যা তো কিছু নেই।সাজ্জাদ শরিফ: বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী আদালতে বাংলা চালু হওয়ার পেছনে কী সমস্যা, সে সম্পর্কে কিছু কথা বলেছেন। বাংলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রশাসন বেশ এগিয়ে আছে। আমার মনে হয়, সেখান থেকে ড. আকবর আলি খান তাঁর অভিজ্ঞতার কথা আমাদের বলতে পারেন।আকবর আলি খান: প্রশাসন কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। এটা সামগ্রিকভাবে সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মূল প্রসঙ্গে যাওয়ার আগে সামগ্রিক পরিস্থিতি সম্বন্ধে আমাকে কিছু বলতে হবে। আর হয়তো সেটা বলতে গিয়ে মূল বক্তব্যের চেয়ে গৌরচন্দ্রিকাই বড় হয়ে যাবে। তবু আমাকে সেটা বলতে হবে। নইলে আমার বক্তব্য স্পষ্ট হবে না। তিনটি দিক নিয়ে আমাদের ভাবার আছে। টাওয়ার অব বাবেলের গল্পটি আপনাদের স্মরণ করতে বলব। যাযাবরেরা একটা জায়গায় এসে শহর বানাতে শুরু করে। তারা একই ভাষায় কথা বলত এবং ঐক্যবদ্ধ ছিল। বিধাতার প্রতি তারা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ায় বিধাতা তাদের ভাষাগতভাবে বিভক্ত করে দিলেন। এরপর তাদের সেই শক্তি আর রইল না। আমরা বাংলাদেশে বাংলা ভাষা প্রচলন নিয়ে কথা বলছি। কিন্তু বাংলা ভাষা জানাটা কী? একটু আগে অধ্যাপক গুলশান আরা বললেন, একটি ভাষা জানতে হলে ভাষাটি পড়তে হবে, লিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। বাংলাদেশের শতকরা ৫০ ভাগ লোকের তো আদৌ অক্ষরজ্ঞানই নেই। বাংলা ভাষাকে আমরা অনেক সমৃদ্ধ করতে পারি এবং অফিস, আদালত, হাইকোর্ট সব জায়গায় বাংলার ব্যবহারও শুরু করতে পারি; কিন্তু বাংলাদেশের সিংহভাগ লোক তো কেবল বাংলা ভাষাটা বলতে পারে, তাও শুদ্ধভাবে নয়। বাকি তিনটা কাজ তো তারা করতেই পারে না। তাই ভাষা আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে চাইলে আমাদের সারা দেশের নিরক্ষরতা দূর করতে হবে। অন্যথায় ভাষার জন্য নেহাত মায়াকান্নায় কোনো ফল হবে না। কারণ প্রকৃতপক্ষে শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে জাতি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ভাষার জন্য যে সংগ্রাম, সেটা একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, এটা শুরু হয়েছে ১৯৫২ সালে। পরবর্তী পর্যায়ে আরও অনেক যুদ্ধ হয়েছে—ঊনসত্তরের গণ-আন্দোলন বা একাত্তরের মুক্তিযুদ্ধ। এ যুদ্ধ কিন্তু চলবেই। ভাষার যুদ্ধের একটা বিশেষত্ব আছে। আমরা ১৯৫২ সালে যে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম, সে শত্রু এখন নেই। শত্রু পরিবর্তিত হয়ে গেছে। ১৯৫২ সালে আমরা উর্দু ভাষার বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। উর্দু একটি ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক সংস্কৃতির প্রতিনিধি। আধুনিক মানুষের জন্য এবং আমাদের সংস্কৃতির জন্য এটি মোটেও গ্রহণযোগ্য ছিল না। আমরা উর্দুু থেকে বেরিয়ে এসেছি। উর্দু তার গজল আর মুশায়রা নিয়ে শান্তিতে থাক। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের শত্রু এখন উর্দু নয়, এখন আমাদের প্রতিদ্বন্দ্বী ইংরেজি ভাষা। এখন এই দুই প্রতিদ্বন্দ্বিতার মুখে আমরা একই রণকৌশল ব্যবহার করব কি না, এটা একটা প্রশ্ন। উর্দুর ক্ষেত্রে রণকৌশল ছিল প্রতিযোগিতার। ইংরেজির সঙ্গে আমরা কী ধরনের প্রতিযোগিতা করব?দ্বিতীয়ত, বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা, ২১ কোটি মানুষের মুখের ভাষা। পৃথিবীর বড় ১৯টি ভাষার মধ্যে ভারতেই আছে ছয়টি। তা সত্ত্বেও ১৯৫৮ থেকে ২০০৬ সময়ের মধ্যে ভারতে ৩০ শতাংশ বই বেরিয়েছে ইংরেজিতে, যে ভারতে ইংরেজি মাতৃভাষা নয়। পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাব, যেসব দেশে আমরা মাতৃভাষায় পড়ানোর কথা বলছি, সেখানেও দ্রুত ইংরেজি সম্প্রসারিত হচ্ছে। ফ্রান্সে একসময় ইংরেজিকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো। ফরাসি সরকার বিলিয়ন ডলার খরচ করে পৃথিবীতে বিভিন্ন দেশে ফরাসি সংস্কৃতি প্রচার করার জন্য। কিন্তু ফরাসিদেরও ইংরেজি ভাষার বিপক্ষে সেই চীনের প্রাচীর ভেঙে গেছে। জার্মানিতেও এখন বেশির ভাগ লোক ইংরেজিতে বলে। নেদারল্যান্ডেও ৯০ ভাগের বেশি লোক ইংরেজিতে কথা বলে। জাপান ও চীনে ইংরেজি ভাষা শিক্ষার জন্য আগ্রহ তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমাদের যেটা করতে হবে, সেটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান। এখন এই শান্তিপূর্ণ সহাবস্থানের রণকৌশল কী হবে। ড. মুহাম্মদ ইব্রাহীম বলেছেন, দুটি ভাষা আমাদের শিখতেই হবে। এ ছাড়া আমাদের কোনো উপায় নেই। পৃথিবীর বহু দেশই এখন দ্বিতীয় ভাষা শিখছে। বিদেশের সঙ্গে আমাদের লেনদেনের বিষয় আছে। সেটা বিবেচনা করে ইংরেজি ভাষার জন্য আমাদের কিছু ছাড় দিতে হবে। সেটা ছাড়া বোধহয় আমাদের কোনো উপায় নেই।তৃতীয়ত, আমরা এখন বিশ্বায়নের শক্তিকে মোকাবিলা করছি। বিশ্বায়িত সমাজব্যবস্থায় প্রতিযোগিতা ছাড়া টিকে থাকার কোনো উপায় নেই। বাংলা ভাষার মাধ্যমেই আমরা সবকিছু করব, এই সংরক্ষণশীল মনোভাব নিয়ে আমাদের পক্ষে এগোনো সম্ভব নয়। আমাদের লোককে এখন বাইরে পাঠাতে হচ্ছে, বাইরে পণ্য পাঠাতে হচ্ছে, বাইরের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে হচ্ছে। সুতরাং এ অবস্থায় আমাদের এমন একটা নীতি অবলম্বন করতে হবে, যেখানে বাংলা ভাষার বিকাশ ব্যাহত হবে না, পাশাপাশি বিদেশি ভাষার সঙ্গে বৈরিতাও থাকবে না। বিদেশি ভাষার সাহায্যে কীভাবে আমরা কিছু অর্জন করতে পারি, আমাদের সে চেষ্টা করতে হবে।প্রশাসনের বিষয়ে যদি আসি, প্রশাসনে বেশি প্রয়োজন হলো দক্ষ প্রশাসকের। তাঁদের সাম্প্রতিকতম তথ্য সম্পর্কে ধারণা থাকা উচিত। অর্থাত্ যিনি পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করছেন, তাঁকে জানতে হবে পরিবেশের ওপর সর্বশেষ আন্তর্জাতিক গবেষণাটি কী। সেটা জানার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। ফলে ইংরেজি না জানলে আমাদের টিকে থাকতে অত্যন্ত অসুবিধা হবে। মহিউদ্দিন আহমেদের একটি প্রবন্ধ থেকে জানতে পারছি, বাংলাদেশে বছরে তিন-চার হাজার বই প্রকাশ হয়ে থাকে। ভারতে ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বছরে গড়ে ৯০৭টি বাংলা বই প্রকাশিত হয়। ইংরেজিতে বছরে চার লাখ বই প্রকাশিত হয়। আমাদের তিন-চার হাজার বই দিয়ে আমরা চার লাখ ইংরেজি বইয়ের জ্ঞান কীভাবে আহরণ করতে পারব? বছরে চার লাখ বইয়ের এক শতাংশ অনুবাদ করতে হলেও সে সংখ্যা দাঁড়াবে চার হাজার। এ অবস্থায় শুধু অনুবাদ নয়, অনেক ক্ষেত্রে মৌলিক লেখারও প্রয়োজন আছে। শহীদ মিনারের আশপাশে লাঠির বদলে কলমের রাজত্ব প্রতিষ্ঠিত না হলে এ অবস্থায় বাংলা ভাষার আমি কোনো ভবিষ্যত্ দেখি না। আমাদের গবেষণা করতে হবে, বই প্রকাশ করতে হবে, আমাদের সেন্টার অব এক্সেলেন্স থাকতে হবে। কিন্তু এসব করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা হয়তো বলব, সরকারের অর্থ নেই, উদ্যোগ নেই ইত্যাদি। সরকারকে আমরা দোষও দিতে পারি। প্রকৃতপক্ষে যদি আপনি প্রকাশকদের জিজ্ঞেস করেন, তাঁরা বলবেন, প্রকাশযোগ্য বই যথেষ্ট পাওয়া যাচ্ছে না। সত্যি সত্যি কি গবেষণা করার জন্য যথেষ্টসংখ্যক লোক আমাদের আছে? আমাদের মনে রাখতে হবে, আমাদের মানসম্পন্ন কাজ করতে হবে। ‘বাংলা ভাষা’ বলে যেকোনো মানের যেকোনো জিনিস চালিয়ে দিলে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারব না। আমার কাছে কোনো পরিমাণগত বিশ্লেষণ নেই। কিন্তু আমি দেখেছি, এমএ পাস করে আসা লোকদেরও বাংলা জ্ঞান অত্যন্ত নিম্নপর্যায়ে। কারণ আমরা বাংলা ভালো করে পড়াতে পারি না। বাংলায় ভালো শিক্ষক নেই। ভালো শিক্ষকদের উত্সাহিত করারও কোনো ব্যবস্থা নেই। ইংরেজির সঙ্গে প্রতিযোগিতা দূরের কথা, বাংলাদেশে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে বাংলা ভাষা শিক্ষার মান অনেক উন্নত করতে হবে।প্রশাসনে বাংলা ভাষা নিয়ে কোনো বড় সমস্যা নেই। কারণ ইংরেজি জানা সরকারি কর্মচারী সবাই অবসরে চলে গেছেন। এখন যাঁরা আছেন, তাঁদের পক্ষে বাংলা লেখাও সমস্যা। কাজেই কোনো আইনের দরকার নেই, জোরাজুরিরও দরকার নেই, এমনিই এটা বাংলা হয়ে গেছে। কিন্তু সমস্যা রয়ে গেছে অন্যত্র। সেটা হলো পরিভাষায় সমস্যা। পরিভাষার কাজটা আমরা ঠিকমতো করছি না। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করা হচ্ছে। পরিভাষার মূল উদ্দেশ্য প্রমিতকরণ। প্রমিতকরণ না করে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে কাজ করা হলে তাতে কোনো লাভ হয় না। একটা গল্প বলি। বাংলাদেশ সরকার একবার একটি কমিটি করে পরিভাষা করার জন্য। তারা পরিভাষা করে সরকারের কাছে জমা দেয়। এরপর সংস্থাপন মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার দিয়ে বলা হয়, সরকারের জারি করা এই পরিভাষা কেউ ব্যবহার না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি সংবিধানের সঙ্গে তুলনা করে দেখি, সংবিধানে সবগুলো শব্দেরই ভালো বাংলা পরিভাষা আছে। তখন আমি সংস্থাপন সচিব মুজিবুল হককে লিখলাম, ‘আপনি আমাকে এই পরিভাষা ব্যবহার করতে বলেছেন। কিন্তু আপনি কোন ক্ষমতাবলে দেশের সংবিধানে ব্যবহূত পরিভাষার বদলে এই পরিভাষা ব্যবহার করে আমাকে সংবিধান ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন, সেটা আমাকে জানাবেন কি?’ মুজিবুল হক এটা পেয়ে বললেন, ‘আমি এখন সাভারে। তুমি চলে এসো বিকেলবেলা।’ আমি যাওয়ার পর তিনি বললেন, ‘তোমার কোনো কাজকর্ম নেই’ না! ওখানে বসে এসব আকাম-কুকাম করছ।’ আমি বললাম, ‘এটা তো সাংঘাতিক ইস্যুর।’ তিনি বললেন, ‘তুমি চিন্তা কোরো না। আমি এমন ধূম্রজালের সৃষ্টি করব যে কারও বোঝারই উপায় থাকবে না, কী হয়েছে না হয়েছে। এখন কথা হচ্ছে, সংবিধানে যে পরিভাষা ব্যবহার করা হয়েছে, তার একটা কোষ প্রত্যেকের কাছে থাকা উচিত। সংবিধানে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে, তার কিছু একেবারে যথাযথ না হলেও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো সঠিক। এরপর যা দরকার—যেটা আমরা করিনি—সেটা হলো, বাংলাদেশে একটা স্থায়ী পরিভাষা কমিশন স্থাপন করা। আমি আমলাতন্ত্র তৈরির কথা বলছি না, এর সদস্যরা খণ্ডকালীন সদস্য হিসেবেই থাকবেন। তাঁরা সপ্তাহে একবার বৈঠকে বসবেন। কারও কোনো সমস্যা হলে তাঁরা তাঁদের কাছে শব্দটা ইন্টারনেটে পাঠিয়ে দেবেন। পরিভাষা কমিটি ওই শব্দটির কোনো বাংলা দিতে না চাইলে জানিয়ে দেবে, এটা ইংরেজিতেই ব্যবহূত হবে। তাঁদের পরিভাষাগুলো সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চলে যাবে। যার ইচ্ছা সেখানে গিয়ে দেখে নেবে। সেই ওয়েবসাইটের শব্দ নিয়ে সরকার বহু অভিধান পরে বের করতে পারে। এতে সরকারের খুব বেশি অর্থও ব্যয় হবে না, এটা শুধু একটা ব্যবস্থাপনার বিষয়। কিছু গুণীজনকে একত্র করে, একটা তিন-চারজনের ছোট সেক্রেটারিয়েট করে, বাংলা একাডেমীই এটি করতে পারে। এখন যে বিক্ষিপ্তভাবে পরিভাষা হচ্ছে, তাতে কেয়ামত পর্যন্ত কোনো সমাধান আসবে না।সাজ্জাদ শরিফ: এর মধ্যে অনেক প্রসঙ্গ এসেছে। এমনকি ভিন্নমতও চলে এসছে অনেক। উচ্চশিক্ষা আর সর্বজনীন শিক্ষা—দুই জায়গায় কোথায় কখন আমরা ইংরেজি রাখব, সেটা একটা প্রশ্ন। প্রশ্ন উঠছে, ইংরেজি আর বাংলা ভাষাভেদ আলাদা দুটো সামাজিক শ্রেণী তৈরি করছে কি না। পরিস্থিতি যে মারাত্মক হয়ে উঠেছে, সে ব্যাপারে সন্দেহ নেই। অধ্যাপক আনিসুজ্জামানকে অনুরোধ করব প্রসঙ্গগুলো ধরে কিছু বলতে।আনিসুজ্জামান: ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের সাফল্য আসে বাংলাদেশের প্রতিষ্ঠায়, ১৯৭২ সালের সংবিধানে তিন নম্বর অনুচ্ছেদে সংযোজিত হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। এর পর থেকে আমরা বেশির ভাগ সময় পেছনে হেঁটেছি, উল্টো যাত্রা করেছি। আমরা সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টা করেছি, বলাই বাহুল্য, সেটি সফল হয়নি। শিক্ষাক্ষেত্রের কথাই ধরা যাক। ’৭২ থেকে ’৭৪ পর্যন্ত খুব উত্সাহের সঙ্গে আমরা বিজ্ঞানসহ নানা পরিভাষা তৈরি করেছি। আমরা বাংলায় পাঠ্যবই লেখার চেষ্টা করেছি। বাংলা একাডেমী বই প্রকাশে এগিয়ে এসেছে। চিকিত্সকেরা অনেকে আগে থেকেই আরম্ভ করেছিলেন। এ সময় আরও বেশি করে বাংলায় ব্যবস্থাপত্র ইত্যাদি লেখার চেষ্টা করলেন। একটা আবহাওয়া মোটামুটি তৈরি হয়ে উঠছিল। তারপর যে কারণেই হোক না কেন, আমরা পিছিয়ে এসেছি। এখন আমাদের মনে সংশয় এসেছে, দ্বিধা এসেছে। অনেকে আমাকে স্পষ্ট করে বলেছেন, ‘বাংলা’ ‘বাংলা’ করে আমরা সর্বনাশ করে ফেলেছি। কেননা শিক্ষাক্ষেত্রে অরাজকতা হয়েছে; আমরা এ কথা বলেছি যে ১২ বছর পড়ার পরও কেউ ইংরেজি লিখতে পারছে না। আমরা যখন বলি, বাংলাও তো ওরা লিখতে পারছে না। যখন ইংরেজি ছিল শিক্ষার মাধ্যম, তখনো তো বাংলায় অনেকে লিখতে পারত। এখন তো সেটাও পারছে না। কাজেই মনে হচ্ছে যে আমরা সর্বস্তরে বাংলার কথা বলে দেশের খুব ক্ষতি করে ফেলছি। কিন্তু এটি আমরা কাউকে বোঝাতে পারিনি যে ১৯৫২ সালেও আমরা এই কথা বলেছি, কোনো ভাষার সঙ্গে আমাদের বিরোধ নেই, কিন্তু আমরা বাংলা ভাষার প্রাপ্য মর্যাদা চাই।’৭২-৭৩ সালেও আমরা যারা শিক্ষার সঙ্গে কিছুটা সংশ্লিষ্ট ছিলাম—যেমন আমি কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত ছিলাম—আমরা সব সময় বলেছি, দ্বিতীয় একটি ভাষা শেখার আবশ্যকতা থাকবে এবং বাংলাদেশের ঐতিহাসিক ও সামাজিক পটভূমিকায় সেটি হবে ইংরেজি। আমরা ইংরেজি শিখব না, এ কথা কখনো বলা হয়নি। বিদ্যালয়ে কবে থেকে ইংরেজি শেখা উচিত, এ নিয়ে একটা বিতর্ক ছিল। আমরা অনেকে বলেছিলাম, প্রাথমিক স্তরে ইংরেজি শুরু করার দরকার নেই, এটি মাধ্যমিক স্তরে আনা হোক। কারণ আমরা ধরে নিয়েছিলাম, দেশের বেশির ভাগ মানুষ দেশেই থাকবে, দ্বিতীয় ভাষা ব্যবহার করার সুযোগ তাদের কম হবে। কারণ তখনো ব্যাপক হারে শ্রম রপ্তানি আরম্ভ হয়নি। পরবর্তীকালে আন্তর্জাতিকতার নামে, বৈজ্ঞানিকতার নামে, বিশ্বায়নের নামে আমরা বললাম যে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ, সুতরাং এটা দিয়েই আমাদের আরম্ভ করতে হবে। এর মধ্যে মধ্যবিত্তের সামর্থ্য কিঞ্চিত্ বেড়েছে, ফলে জীবন সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তারা মনে করেছে, তাদের ছেলেমেয়েরা যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, তাহলে বিদেশে উচ্চশিক্ষা লাভের পথ অনেক সুগম হবে। অনেকে হয়তো এও ভেবেছেন, বিদেশে গিয়ে চাকরিবাকরি করে তাদের সন্তানেরা উন্নততর জীবনযাত্রা অবলম্বন করতে পারবে। বাংলা মাধ্যম স্কুলগুলোর বাড়িঘর ভালো নয়, তাদের পরিষ্কার টয়লেট নেই ইত্যাদি নানা রকম কথা হয়েছে। এই পটভূমিতে খুব সফলভাবে ইংরেজি মাধ্যম স্কুলের বিস্তার ঘটেছে। আমার ছেলেমেয়েদের আমি সচেতনভাবে বাংলা মাধ্যম স্কুলে পড়িয়েছি, আমার ছেলেমেয়েরা সচেতনভাবে তাদের ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছে। আমি এমনও জানি, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের জন্য কারাবরণ করেছেন অথবা পুলিশ ধরে নিয়ে গিয়ে দুর্নামি দিয়ে এসেছে—যিনি এখনো মনে করছেন, সর্বস্তরে বাংলা থাকা উচিত—এমন মানুষের নাতি-নাতনি ইংরেজি মাধ্যমে পড়ার বা বিদেশবাসের কারণে বাংলা ভাষা পড়তে, বলতে বা লিখতে পারে না। আমি ভাবালুতার কথা বলছি না, বাস্তবের কথা বলছি।একটা প্রশ্ন উঠেছে দ্বিভাষিকতার। আমি সত্যি সত্যি মনে করি, দ্বিতীয় একটি ভাষা শিখলে উপকার হবে। প্রকৃতপক্ষে যে যত বেশি ভাষা শিখবে, তার তত মনের দরজা খুলে যাবে, জানালা খুলে যাবে। অধ্যাপক ইব্রাহীম এক বাস্তবতার কথা বলেছেন, আমি আরেক বাস্তবতার কথা বলছি। বাংলাদেশে যেখানে আমরা এখনো অর্ধেক মানুষকে লেখাপড়ারই সুযোগ করে দিতে পারিনি, তাদের বাংলা ভাষাই শেখাতে পারিনি; সেখানে দেশের সব মানুষকে আমরা দ্বিভাষিক করে তুলব—এই ভাবনা কতটা বাস্তবসম্মত হচ্ছে? বাংলা শিক্ষার দুরবস্থার কথা আমরা সবাই জানি। আর্থিক সংগতির কথা না হয় আমরা না-ই তুললাম। এত ছেলেমেয়েকে ঠিকমতো ইংরেজি শেখানোর জন্য যত শিক্ষক দরকার হবে, সেটা আমরা কোথায় পাব?গুলশান আরার কথার পরিপ্রেক্ষিতে আমি বলব যে, আমাদের ভাষাশিক্ষার প্রণালি খুব ত্রুটিপূর্ণ। ব্রিটিশ কাউন্সিল এক বছরে যে ইংরেজি শেখাতে পারে, আমরা ১২ বছরে সেটা পারি না। আমাদের ছেলেমেয়েরা ফ্রান্সে-জার্মানিতে-রাশিয়ায় গিয়ে ওই দেশের ভাষা শিখে পিএইচডি স্তরের অভিসন্দর্ভ লিখে চলে আসছে। আমরা বাংলা ভাষাও ভালোমতো শেখাতে পারছি না। এখনো বাংলাদেশে বেশির ভাগ স্কুলে শিক্ষকেরা উপভাষায় বক্তৃতা দেন, উপভাষায় কথা বলেন। প্রমিত বাংলা ভাষা শেখানোই যেখানে একটা সমস্যা-সংকুল ব্যাপার, সেখানে যে ইংরেজি শেখানো হবে, সেটা কোন কাজে লাগবে? কাজেই ভাষাশিক্ষার বিষয়গুলো আমাদের নতুন করে বিবেচনা করতে হবে। আজকাল ভাষাশিক্ষার নানা রকম অডিও-ভিজুয়াল পদ্ধতি বেরিয়েছে। সেগুলো না আনলে দ্রুত ভালো ভাষা শেখা যাবে না।আমরা যে কারণে বলছি, ইংরেজি ভাষার গুরুত্ব ভুলে গেলে চলবে না; সেই একই যুক্তি বাংলা মাধ্যমের বিরুদ্ধেও ব্যবহূত হচ্ছে। ওই যে বলেছি, খুব উত্সাহ নিয়ে পরিভাষায় তৈরি করা হলো। অনেকে বলেছেন, ছেলেমেয়েদের তো বড় হয়ে অক্সিজেন-হাইড্রোজেনই শিখতে হবে, আপনারা তাহলে অম্লজান-উদজান শিখিয়ে ওদের ওপর এই ভারটা কেন চাপাচ্ছেন? ওরা গোড়া থেকেই হাইড্রোজেন-অক্সিজেন শিখলে হয়ে যায়। এখন আমরা বলছি, যেহেতু উচ্চস্তরে গিয়ে ইংরেজি মাধ্যমে শিখতেই হবে, তাহলে প্রাথমিক স্তর থেকেই ইংরেজি শুরু হয়ে যাক। এভাবে যুক্তিগুলো আমরা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছি, যেখানে বাংলা ভাষা প্রচলনের কাজটা খুবই বিঘ্নিত হচ্ছে। আমরা জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলায় কিছু পড়ানো হচ্ছিল। ছেলেমেয়েরা তাতে আপত্তি করেছে। শিক্ষকেরাও বলেছেন, বাংলায় পড়িয়ে কী করব, বই তো ইংরেজিতে। ওরা তো ইংরেজি বই মুখস্থ করে লিখবে। কাজেই ব্যাপারটা এমন নেই যে ইংরেজি বই পড়ে বুঝে ছাত্রছাত্রীরা বাংলায় লিখবে। মুখস্থের মাধ্যমে সবটা হস্তান্তর করার প্রক্রিয়া হয়ে উঠেছে আরেক সমস্যা।আমার মনে হয়, স্কুলে ভাষাশিক্ষার দুর্বলতা আমাদের জয় করতেই হবে। নইলে হবে না। কিন্তু তার চেয়েও বড় কথা, যে আত্মপ্রত্যয়ের কথা অধ্যাপক ইব্রাহীম বলেছেন, সেটা যদি থাকে, তাহলে মনে হয় আমরা সর্বস্তরে বাংলা প্রচলনের কাজটা করতে পারি। না হলে একেকটা যুক্তি দিয়ে; বিশ্বায়নের কথা বলে, প্রযুক্তির কথা বলে, প্রকৌশলের কথা বলে আমরা ক্রমাগত পেছাতে থাকব। একসময় আমরা এ প্রশ্ন করব, বাংলা দিয়ে কী হবে? আমি এখনো মনে করি, সর্বস্তরে বাংলা থাকা দরকার, আর এ জন্য আবার নতুন করে আরম্ভ করা দরকার। কিন্তু আমি দেখছি, যে মধ্যবিত্ত একসময় বাংলা ভাষার জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিল, বাংলার জন্য সেই দরদ তার এখন নেই। আমরা একুশে ফেব্রুয়ারি কথা বলি বটে, কিন্তু খুবই দ্বিধাগ্রস্তভাবে। আজকের এই পরিবেশে সম্ভবত একুশে ফেব্রুয়ারির মতো ঘটনা আমরা কখনো ঘটাতেই পারতাম না।সাজ্জাদ শরিফ: অধ্যাপক আনিসুজ্জামান শেষ করলেন খুবই নৈরাশ্যব্যঞ্জকভাবে। এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে ঢুকব। প্রথমে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।মোহাম্মদ গোলাম রাব্বানী: আমি মনে করি, পরিভাষার সমস্যা অতিক্রম করা সম্ভব। কিছু পরিভাষার ঠিক বাংলার প্রতিশব্দ হওয়ার দরকার নেই। কারণ সুয়োমোটো, রিট—এ শব্দগুলো বাংলা ভাষার অঙ্গ হয়ে গেছে। এখন শুধু দরকার কিছু আইন খুব দ্রুত অনুবাদ করে ফেলা এবং প্রধান বিচারপতির মাধ্যমে সব রায় বাংলায় লেখার একটা আইনি বাধ্যবাধকতা দেওয়া। ইংরেজি ভাষায় না লিখলে পদোন্নতি হবে না, ওই নির্দেশনা বাদ দিতে হবে। বিশেষ করে সুপ্রিম কোর্টে বাংলা ভাষা চালু হলে এটি একটি মানসিক বিপ্লবের মধ্যে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে এ রায়গুলো খবরের কাগজে ছাপা হবে। মাসিক তিন-চারটা করে রায়ের যে বই বের হবে বাণিজ্যিক ভিত্তিতে, সেগুলো জনগণ আগ্রহের সঙ্গে পড়বে এবং জাতির মধ্যে আইনমনস্কতা তৈরি হয়ে যাবে। আমার মনে হয়, আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি মিলে যদি কিছুদিন বসেন, তাহলে এটা করা সম্ভব।সাজ্জাদ শরিফ: ড. আকবর আলি খান বলছিলেন, শিক্ষার আওতার বাইরে আমাদের দেশে একটা ব্যাপক জনগোষ্ঠী রয়ে গেছে। তাদের শিক্ষা দিতে হবে। তাদের কাছে শিক্ষাটা আমরা কোন ভাষায় নিয়ে যাব? অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বহু ভাষা শেখার ব্যাপারে কোনো আপত্তি থাকার প্রশ্ন ওঠে না। কিন্তু সর্বজনীন শিক্ষাটা আমরা কোন ভাষায় দেব? আরেকটি প্রশ্ন উঠছে যে, শিক্ষার ভাষামাধ্যম নতুন একটি সামাজিক শ্রেণী তৈরি করছে কি না।মুহাম্মদ ইব্রাহীম: আমি মধ্যবিত্তকে দায়ী করতে রাজি নই। কারণ মধ্যবিত্ত কোনো জটিল বা কুটিল কারণে দ্বিধাগ্রস্ত হয়নি। তারা দ্বিধাগ্রস্ত হয়েছে বাস্তব কারণে। মধ্যবিত্ত চলবে তার সন্তানের উন্নয়ন, তার নিজের উন্নয়ন ও বাস্তবতা দিয়ে। এ ক্ষেত্রে তা-ই হয়েছে। আমি যা বুঝি, মধ্যবিত্ত দুটি কারণে দ্বিধাগ্রস্ত হয়েছে। আমি যা বুঝি, মধ্যবিত্ত দেখছে সর্বস্তরে বাংলা ভাষার যে স্লোগান ও প্রত্যয় ছিল; সেটা আসলে সর্বস্তরে নয়, একটা স্তর পর্যন্ত এটা চলবে। সর্বস্তরে যে এটা সম্ভব নয়, মধ্যবিত্তরা সেটা বুঝেছে হাড়ে হাড়ে। আরও একটি কারণে সে দ্বিধাগ্রস্ত। ইংরেজি বিদ্যালয়ের দিকে সে সর্বাংশে যে ভাষার কারণে যায়, তা নয়। সাধারণত মনে করা হয় উদ্দেশ্যটা তা-ই, এটা কিছুটা সত্যও। কারণ ইংরেজি বিদ্যালয়গুলোতে মোটা অঙ্কের টাকা খরচ করেই যেতে হয়। ফলে সেখানে শিক্ষার চেষ্টাটা অন্তত যথেষ্ট হয়।অতীতের কথা অনেক বলা হলো। অতীতে বাংলা মাধ্যমে পড়ে এত ইংরেজি কেমন করে লোকে শিখেছে? কারণ বাংলা হোক বা ইংরেজি, তখন শিক্ষাটা হতো। ওই রকম কিছু শিক্ষা ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে এখনো সম্ভব। কারণ তারা একটা সীমিত পরিসরে অনেক দামি শিক্ষক দিয়ে সব না হলেও কিছুটা শিক্ষা দিচ্ছে। কাজেই ওটাও একটা কারণ। শুধু ভাষার কারণে নয়, ভালো শিক্ষা পাওয়া যাবে বলেও মধ্যবিত্ত সেখানে যাচ্ছে। এটা দ্বিধার ব্যাপার নয়, বাস্তবতা। আমাদের যেটা ব্যর্থতা, সেটা হলো স্কুলগুলোর শিক্ষায় ব্যর্থতা। বাংলা শেখা বা ইংরেজি শেখায় ব্যর্থতা নয়। কাজেই ওটা আমাদের উল্লেখ করতেই হবে, নইলে ভাষা নিয়ে আলোচনারই দরকার নেই।আমাদের প্রথমে শিক্ষার সমস্যা শনাক্ত করতে হবে। সেটা হচ্ছে। তবে আরও অনেক বেশি করে করতে হবে। একটা কথা উঠেছে যে শিক্ষাই নেই, আরেকটা ভাষা কোত্থেকে শেখানো হবে? আমরা ধরে নিচ্ছি সবাই শিক্ষার আওতায় আসবে। শিক্ষা এসেছে ধরে নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোন ভাষায় করব। এ ক্ষেত্রে আমি এখনো বলব যে আমাদের স্কুলগুলোতে দুটি ভাষা খুব ভালো করে শেখাতে হবে। একটা যেহেতু মাতৃভাষা, সেটা শুরুতে হবে, সেটাতে বেশি কাজ হবে। স্কুলের মাধ্যমও মাতৃভাষা। সে সম্পর্কে বলার কিছু নেই। স্কুল বলতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এরপর আমার মনে হয়, সর্বস্তরে এখনো ইংরেজি মাধ্যমেই আমাদের বইয়ের কার্যকর প্রকাশটা হবে। কিন্তু আমাদের নিজেদের অন্তর্বাচনটা হওয়ার জন্য এবং নিজেদের দেশের মধ্যে আলোচনার জন্য, নিজেদের বিকশিত করার জন্য বাংলাটা আমাদের সমানে বজায় রাখতে হবে। বহু জাপানি ইংরেজি জানে, কিন্তু তারা কখনো জাপানি ছাড়বে না। দুই ফরাসি একত্র হলে নিজেদের কথা ফরাসিতেই বলবে, ইংরেজিতে নয়। এটা আমাদেরও করতে হবে। ত্রিভাষিক-চতুর্ভাষিক হওয়ার সুযোগও আমাদের আছে। প্রয়োজনে ইনস্টিটিউটে গিয়ে আমরা কোরিয়ান শিখব। কিন্তু ইংরেজি শিক্ষা কোন শ্রেণী থেকে শুরু হবে, সে নিয়ে মতভেদ আছে। এখন বোধহয় সিক্সটা আর চলবে না, টু-থ্রিতেই আসতে হবে। কারণ স্বাভাবিকভাবেই ইংরেজি শিখে ফেলতে হবে। যত কথাই আমরা বলি না কেন, এটা আমাদের মেনে নিতে হবে।গুলশান আরা: আমি মনে করি, একটা পূর্ণাঙ্গ ভাষা পরিকল্পনা সংস্থা হওয়া খুব দরকার। আংশিকভাবে এ দায়িত্ব পালন করছে বাংলা একাডেমী। কিন্তু বাংলা একাডেমী কোনো ভাষা পরিকল্পনা সংস্থা নয়। আমাদের দুর্ভাগ্য, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করতে পারছে না। তাদের যে কার্যপরিধি আছে, সেভাবে কাজ শুরু করতে পারলে আমাদের অনেক সমস্যার সমাধান হতো। আবার ভাষা-পরিস্থিতি তো শুধু বাংলা ভাষা নয়, বাংলাদেশের ভাষা-পরিস্থিতি। এখানে কিন্তু ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো আছে, আঞ্চলিক ভাষা আছে, বাক্প্রতিবন্ধীদের ইশারা ভাষা আছে। পুরো ভাষা-পরিস্থিতি নিয়ে পরিকল্পনা করতে হবে।আকবর আলি খান: ইংরেজি আমরা কোন পর্যায় থেকে পড়াব, সে ধারণা পুনর্বিবেচনার প্রয়োজন আছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমরা বলে আসছি, মাতৃভাষা হচ্ছে মায়ের দুধের মতো এবং শিশুদের সেই দুধ না খাওয়ালে পরে সে দুর্বল হয়ে পড়বে। সে কারণে অল্প বয়সে ইংরেজি শিক্ষা আদৌ দেওয়া উচিত নয়। বর্তমান পৃথিবীতে অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, বাচ্চারা যত তাড়াতাড়ি ভাষা শিখতে পারে, তত তাড়াতাড়ি বড়রা পারে না। কাজেই মায়ের দুধের যে উপমা নেহাতই উপমা, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। একটা জিনিস লক্ষণীয়, ইংরেজরা যখন আমাদের শাসন করেছে, ইংরেজি শিখিয়েছে, তখন কিন্তু ভারত থেকে সৃজনশীল ইংরেজি লেখকের সংখ্যা অত্যন্ত সীমাবদ্ধ ছিল। আজকে স্বাধীনতার পরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক ইংরেজি লেখক বেরিয়ে এসেছেন, যাঁরা তাঁদের নিজেদের লেখার জন্যই ইংরেজি সাহিত্যে অবস্থান দাবি করতে পারেন। সেদিক থেকে আমার মনে হয়, ভাষা যত তাড়াতাড়ি শেখানো যায় ততই ভালো। এটা ঠিক যে আমরা যদি একেবারে নিচের স্তর থেকে সবাইকে ইংরেজি ভাষা শেখাতে যাই, সেখানে অনেক অর্থ বিনিয়োগের প্রশ্ন আসবে। কীভাবে সেই সম্পদের জোগান দেওয়ার সমস্যার সমাধান করতে হবে, সেটা আমাদের দেখতে হবে। সবচেয়ে বড় কথা, দেশের শিক্ষাব্যবস্থাকে মানসম্পন্ন করতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সফল হবে না। ভাষার যেসব সমস্যা আছে, তার অনেকগুলোর সমাধান হয়ে যাবে দেশের সব লোককে অক্ষরজ্ঞানসম্পন্ন করে তুলতে পারলে। যদি আমরা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিদ্যাপীঠে শিক্ষার মান তৈরি করতে পারি, তাহলে সরকার থেকে উদ্যোগ নিতে হবে না। তখন অনেক দেশপ্রেমিক ব্যক্তি বেরিয়ে আসবেন, যাঁরা বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবেন। কাজেই আমাদের ফিরে আসতে হবে বর্তমান পরিস্থিতিতে। এই ভাষাসংকটের সঙ্গে শিক্ষাসংকট একেবারে ওতপ্রোতভাবে জড়িত।সাজ্জাদ শরিফ: আমরা আলোচনার শেষে এসে পড়েছি। আজকের আলোচনার শেষ বক্তা আহমদ রফিক।আহমদ রফিক: শুরু করি আকবর আলি খানের বক্তব্যটা দিয়ে। আমি নিজেও বহু জায়গায় বলেছি, দেশের লোকের এক শ ভাগ শিক্ষিত না হওয়া পর্যন্ত অনেক সমস্যারই সমাধান হবে না। রাষ্ট্র হিসেবে আমাদের বয়স চল্লিশ হতে চলল, অথচ শিক্ষার হারে আমরা ৬৫ শতাংশের ওপরে যেতে পারলাম না। এই কাজটিকে আমাদের এক নম্বর ইস্যু হিসেবে নেওয়া দরকার। আমি এ কথা কখনো বলব না যে ইংরেজি ভাষার দরকার নেই। আলোচনায় বারবার মনে হচ্ছিল, বাংলা আর ইংরেজির মধ্যে যেন প্রতিদ্বন্দ্বিতা চলছে। বায়ান্ন সালে আমার যেমন প্রত্যাশা ছিল, দেশ স্বাধীন হওয়ার পর সেটি আরও বেড়েছে। আমি ভেবেছিলাম, মাতৃভাষার মাধ্যমে উচ্চশিক্ষা-বিজ্ঞানশিক্ষার কাজটি আমরা সম্পন্ন করতে পারব। সমস্যা ছিল পরিভাষা। বাহাত্তর সালের পরপর পরিভাষা রচনার উদ্যোগ ভালোমতো নিলে এ সমস্যা হতো না।আমি নিজে বিশ্বাস করি, আমরা যেহেতু পৌনে দুই শ বছর ইংরেজির মধ্য দিয়ে চলে এসেছি, সে জন্য মুখে যতই ‘মাতৃভাষা’ ‘মাতৃভাষা’ বলি, মাতৃভাষার প্রতি মমত্ববোধটা এখনো তৈরি হয়নি আমাদের। অথচ দেখা গেছে, মাতৃভাষায় যত সহজে অন্যের সঙ্গে যোগাযোগ করা যায় বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো যায়, অন্য কোনো ভাষায় সেটা সহজে যায় না। সে জন্য আমি মনে করি, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিকে রেখেই আমাদের মাতৃভাষার চর্চা করতে হবে। আমরা সরকারের কাছে আবেদন জানাতে পারি, যাতে একটি পূর্ণাঙ্গ ভাষা কমিটি তৈরি করা হয়। তারা পরিভাষা রচনারও উদ্যোগ নিক।শেষে আবারও আমি আনিসুজ্জামানের সঙ্গে একমত হয়ে বলব, আমরা ইংরেজিসহ একাধিক ভাষা শিখতে চাই। কিন্তু সর্বজনীন শিক্ষা মাতৃভাষাতেই হওয়া বাঞ্ছনীয়। এমনকি উচ্চশিক্ষা ও বিজ্ঞানশিক্ষাও মাতৃভাষাতেই হওয়া উচিত।সাজ্জাদ শরিফ: আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।