লন্ডনে মানবাধিকার সম্মেলন
বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত করবে অ্যামনেস্টি
বাংলাদেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির এশিয়া অঞ্চলের প্রধান আব্বাস ফায়িজ গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভায় বাংলাদেশবিষয়ক এক মানবাধিকার সম্মেলনে এ কথা জানান।সম্মেলনে ‘বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি কমর উদ্দীন বলেন, বাংলাদেশে বর্তমান সরকারের প্রথম নয় মাসে ৩৫০টি হত্যাকাণ্ড ও ১৭৫টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।জবাবে আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, বিরোধী দল তাদের অভিযোগগুলো সংসদে উত্থাপন না করে রাজনীতির মাঠ গরম করছে, যা সংসদীয় গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ব্রিটিশ পার্লামেন্টে সর্বদলীয় মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাভিবারি বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর উচিত একে অপরের প্রতি সহনশীল আচরণ করা। বিরোধী দল যাতে সংসদে যেতে পারে, সে জন্য সরকারকেই পরিবেশ তৈরি করতে হবে।ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও সাবেক অর্থমন্ত্রী জিম ফিজ পেট্রিক মনে করেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। এ ক্ষেত্রে বিরোধিতা না করে বিএনপি ও শরিক দলগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা।সেমিনারে বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি এবং সুশীল সমাজের অবস্থান নিয়ে আলোচনা করেন লন্ডন স্কুল অব ইকোনমিকসের ডেভিড লুইস ও বাথ ইউনিভার্সিটির জিও ডিভাইন, ইউরোপীয় পার্লামেন্টের ব্রাড অ্যাডামস, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী, সাংসদ আবদুল মতিন খসরু ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সুলতান মাহমুদ শরীফ।