বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে ৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে আগের বছরের তুলনায় বিনিয়োগ বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তবে তা ২০০৮ সালের চেয়ে ১৭৩ মিলিয়ন ডলার কম। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হয়েছে।আজ মঙ্গলবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) প্রকাশিত বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বেলা ১১টায় বিনিয়োগ বোর্ডের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম ইসমাইল হোসেন।প্রতিবেদন বলা হয়, গত বছর বিশ্বে মোট বিদেশি বিনিয়োগ হয়েছে এক হাজার ২৪৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। কিন্তু ২০০৭ সালের চেয়ে ৩৭ শতাংশ কম। অন্যদিকে গত বছর বিশ্বে নিবন্ধিত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল তিন হাজার ১৩৮ মিলিয়ন ডলার। এ ছাড়া চলতি বছরের জুন মাস পর্যন্ত এই পরিমাণ দুই হাজার ৩০৯ মিলিয়ন ডলার।প্রতিবেদন অনুযায়ী, গত বছর বাংলাদেশে সিঙ্গাপুর সবচেয়ে বেশি ৩১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এ ছাড়া যুক্তরাজ্য ১০৫, নেদারল্যান্ড ৬৪, চীন ৬৩, আমেরিকা ৫৬, ভারত থেকে ৪৩ মিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে।বিনিয়োগকারীরা টেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ ৩৫৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন। এ ছাড়া গত বছর বস্ত্র ও পোশাক খাতে ১৪৫, ব্যাংকিং খাতে ১৬৩, বিদ্যুত্, গ্যাস ও পেট্রোলিয়াম খাতে ৯২, খাদ্যদ্রব্য খাতে ১২, কৃষি ও মত্স্য খাতে ১৩ এবং অন্যান্য খাতে ১২৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিদেশি বিনিয়োগকারীরা।অধ্যাপক ইসমাইল বলেন, ভারত-পাকিস্তানে বিনিয়োগ সংকুচিত হলেও বাংলাদেশে তা প্রসারিত হচ্ছে। বিদেশি বিনিয়োগ ক্রমান্বয়ে বেড়ে ২০১৩ সালে ১ দশমিক নয় মিলিয়ন ডলারে দাঁড়াবে।বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গত বছর তৃতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ হয়েছে বাংলাদেশে। এর পরিমাণ প্রায় ৯১৩ মিলিয়ন ডলার। ২০০৯ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল ৭০০ মিলিয়ন ডলার। তবে এর আগের বছর দেশের এ পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ৮৬ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ হয়।