বাংলাদেশে বিনিয়োগে উত্সাহিত করুন: জাপানের প্রধানমন্ত্রীর প্রতি শেখ হাসিনার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য জাপানি বিনিয়োগকারীদের উত্সাহিত করতে সে দেশের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। সরকার দেশে চমত্কার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উদীয়মান অর্থনীতির পরবর্তী এগার (Next Eleven Emerging Economics) হিসেবে পরিগণিত হচ্ছে। আর্থিক মুনাফা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে।আজ সোমবার তাঁর সম্মানে জাপানি প্রধানমন্ত্রী নাওতো কানের দেওয়া নৈশভোজে বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে এই ভোজসভার আয়োজন করা হয়।জাপানকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১২ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন করা হবে। জাপানের উদার ও অব্যাহত সহযোগিতা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।প্রধানমন্ত্রী জাপানের অপেক্ষাকৃত কম লাভজনক কলকারখানা বাংলাদেশে স্থানান্তরের অনুরোধ জানান। তিনি বলেন, এ ধরনের বিনিয়োগ দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি হ্রাসে সাহায্য করবে। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে জাপানি রপ্তানির পরিমাণ ১ বিলিয়ন ডলারেরও বেশি। সেখানে জাপানে আমাদের পণ্য রপ্তানির পরিমাণ মাত্র ৩৩০ মিলিয়ন ডলার।’বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লে¬খ করে শেখ হাসিনা বলেন, উভয় দেশই বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাসবাদ মোকাবিলা, পরমাণু অস্ত্র বিস্তার রোধ, ব্যাপক বিধ্বংসী অস্ত্র ধ্বংস, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রতি উভয় দেশই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।জাতিসংঘের সম্প্রসারিত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পেতে জাপানের দাবি আরও জোরালো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, জাপানের এ ন্যায্য দাবির প্রতি ইতিমধ্যে বাংলাদেশ সমর্থন ব্যক্ত করেছে।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জাপানের ভূমিকা ও চূড়ান্ত বিজয়ের কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কথা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, সেই বন্ধুত্ব কালের পরিক্রমায় আরও গভীর ও সুদৃঢ় হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে যে চমত্কার সম্পর্ক তা একই ধরনের মূল্যবোধ, সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। জাপানি জনগণ, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতারা আমাদের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন।’অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমদ ও মশিউর রহমান, প্রাইভোটাইজেশন বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, সাংসদ বীর বাহাদুর, আওয়ামী লীগের নেতা এম আখতারুজ্জামান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদ নৈশভোজে অংশ নেন।