বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করতে মার্কিন বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার বিকেলে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের রিজেন্ট রুমে মার্কিন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেওয়া সুবিধা কাজে লাগাতে আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার অনুরোধ জানাই। আমাদের উন্নত ভবিষ্যতের পথযাত্রায় আমাদের সব ব্যবসায়িক কর্মকাণ্ড, মুনাফা ও সমৃদ্ধির অংশীদার হিসেবে আপনাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’শেখ হাসিনা বলেন, ‘সৌভাগ্যক্রমে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের বিরাজমান চ্যালেঞ্জগুলো বাংলাদেশে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ভিত ও সময়োপযোগী নীতির ফলে এই অর্থনৈতিক সংকট আমাদের দেশে ব্যবসায়িক কর্মকাণ্ড বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘গত তিন বছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ছিল ছয় শতাংশের ওপর। আমাদের লক্ষ্য হচ্ছে, ২০১৭ সালের মধ্যে এই প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে উন্নীত করে ২০২১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা।’ প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝখানে অবস্থান এবং ভারত ও চীনের প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে বহুপক্ষীয় যোগাযোগব্যবস্থা বাস্তবায়িত হলে বাংলাদেশ এই অঞ্চলে এক ব্যস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে। প্রধানমন্ত্রী মার্কিন ব্যবসায়ীদের বলেন, ‘অধিকতর প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য খাতে রয়েছে উদ্ভাবনী উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপক; সাশ্রয়ী মজুরির দক্ষ জনশক্তি, যাদের বয়স ৪০ বছরের নিচে ও যারা মোট জনসংখ্যার ৬০ শতাংশ। এ ছাড়া বিনিয়োগ বোর্ড বিদেশি বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিসসহ আধুনিক ও প্রতিষ্ঠানবান্ধব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।’ শেখ হাসিনা বলেন, বর্তমান শিল্পনীতিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন, আইসিটি ও সেবা, উচ্চমানের পোশাক, ওষুধ, সিরামিকের মতো খাতে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া হয়েছে, যা ব্যবসা-বাণিজ্যে উত্সাহ জোগাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ভারতসহ বিভিন্ন দেশে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাংলাদেশে বিনিয়োগকারীদের প্রতিযোগিতামূলক সামর্থ্য বাড়াচ্ছে এবং মার্কিন উদ্যোক্তারাও এই সুবিধা নিতে পারে। ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) নীতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মহাসড়ক, মনোরেল, রেলপথ, বিদ্যুেকন্দ্র, গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। বাসস।