ফারাক্কা বাঁধের স্লুইসগেটে ফাটলের কারণে বাংলাদেশে অতিরিক্ত পানি চলে গেছে। এতে পশ্চিমবঙ্গে পানীয়জলের সংকট, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত এবং নৌচলাচল বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জানতে চান, রাজ্যের এই ক্ষতি কীভাবে পূরণ হবে?গতকাল বুধবার বিকেলে দিল্লির ৭ নম্বর রেসকোর্স সড়কে প্রধানমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-ভারত বৃহত্তর বন্ধুত্বের খাতিরে তিনি গঙ্গা চুক্তি নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না।মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের আরও বলেন, জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র (এনসিটিসি), প্রস্তাবিত গোর্খা আঞ্চলিক কর্তৃপক্ষ (জিটিএ) বিল ও ফারাক্কার ফাটল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। তবে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান তিনি।ফারাক্কার স্লুইসগেটে ফাটল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘জুনে ক্ষমতায় আসার পর আমরা জানতে পারি, ফারাক্কা বাঁধের স্লুইসগেটে ফাটল ধরেছে। এ ব্যাপারে গঙ্গা চুক্তির শর্ত অনুযায়ী শুকনো মৌসুমে ৩৩ হাজার কিউসেক পানি পাওয়ার কথা বাংলাদেশের। বাকিটা থাকবে ভারতে। স্লুইসগেটে ফাটলের কারণে বেশি পানি চলে যাচ্ছে বাংলাদেশে। যেহেতু ফারাক্কা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের, তাই জানার পরপরই জুনে বিষয়টি দিল্লির নজরে আনি। অথচ আট মাস পেরোলেও কোনো ব্যবস্থা নেয়নি ফারাক্কা বাঁধ কর্তৃপক্ষ।’ তিনি বলেন, ‘গেটে এমনভাবে ফাটল ধরেছে, তাতে ৮৮ শতাংশ পানিই চলে গেছে বাংলাদেশে। এ কারণে হুগলি সেতুর কাছে বার্জ চলাচল বন্ধ হয়ে গেছে। এনটিপিসির জলবিদ্যুৎ প্রকল্পটি বন্ধ হতে বসেছে। ভাগিরথি ও হলদি নদী শুকিয়ে গেছে। আমাদের পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে। যেকোনো সময়ে যেকোনো বিপর্যয় ঘটতে পারে। রাজ্যের নৌ মন্ত্রণালয় ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের পক্ষে ভাগিরথি থেকে নৌযান চলাচল করাটা সম্ভব নয়। পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট—সব সমস্যা একসঙ্গে শুরু হবে।’ এ ব্যাপারে তিনি কেন্দ্রের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান।মমতা বলেন, ‘মনমোহন সিং আমাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ মনমোহন মমতাকে জানান, তিনি মাত্র ১৫ দিন আগে বিষয়টি জানতে পেরেছেন। এ ব্যাপারে তদন্তেরও নির্দেশ দিয়েছেন।মমতা সাংবাদিকদের বলেন, ‘অবহেলা হয়েছে কি না, আমি জানি না। তবে আমি এখন কী করব? খাওয়ার পানি যদি না থাকে, বিদ্যুৎ যদি না থাকে, তবে আমি কী করব! ফারাক্কার কারণে আমরা ধুকছি। বাংলাদেশ-ভারত বৃহত্তর বন্ধুত্বের স্বার্থে আমরা এই সংকট মেনে নিয়েছি। যা হয়েছে তার ক্ষতি কে পুষিয়ে দেবে?’