বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: বৃটিশ হাইকমিশনার
বৃটিশ হাইকমিশনার স্টিফেন নিকোলাস বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির প্রশংসা করে বলেছেন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে দেশের পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ সকালে ঢাকা শেয়ারবাজার পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্টিফেন নিকোলাস জানান, শুধু বিনিয়োগকারীদের লাভ করার জন্যই নয়, তালিকাভুক্ত কোম্পানিগুলোকে আরও সমৃদ্ধ করতে পুঁজিবাজার কর্তৃপক্ষকে কাজ করা উচিত। সেই সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান স্টিফেন নিকোলাসকে বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে দেখান এবং সম্প্রতি নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান।এদিকে গত সপ্তাহের ধারাবাহিকতায় এ সপ্তাহের শুরুর দিনই হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। আর সাধারণ সূচকের বেশ খানিকটা ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের আজকের লেনদেন। আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১০৭ কোটি টাকা। সাধারণ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৪৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৯৬টির। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, যমুনা অয়েল, লংকা বাংলা ফিন্যান্স ও স্কয়ার ফার্মা।এদিকে কাল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হচ্ছে আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান ও প্রভাতি ইন্সুরেন্সের। প্রভাতি ইন্সুরেন্স যদিও ‘এন’ ক্যটাগরিতে লেনদেন হবে, কিন্তু ডিএসইর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তমতে, আইসিবি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের ক্যটাগরি ধরা হয়েছে ‘এ’।এ ছাড়া বিডি থাই তাদের মূলধন বৃদ্ধি করার জন্য ৭৫ লাখ প্রেফারেন্স শেয়ার পুঁজিবাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।