বাংলাদেশে ব্যবসার উৎসাহ হারাচ্ছে জাপান: রাষ্ট্রদূত
চলমান রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছেন জাপানের বিনিয়োগকারীরা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সাংবাদিকদের এ কথা বলেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের মিশন নিয়ে দেড় বছর আগে ঢাকায় কাজে যোগ দিয়েছিলাম। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমার মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে জাপানের ব্যবসায়ীসহ বেশ কিছু প্রতিনিধিদলের সফর বাতিল হয়েছে। হরতালের সময় বৈরী পরিস্থিতির মুখে পড়ে অনেকে কাজ শুরুর আগেই ঢাকা ছেড়ে চলে গেছেন।শিরো সাদোশিমা বলেন, ‘বর্তমানে জাপানের যেসব প্রতিষ্ঠান কাজ করছে, চলমান সহিংসতার কারণে এসব প্রতিষ্ঠানে কর্মরত জাপানিরা তাঁদের উদ্বেগের কথা আমার কাছে জানিয়েছেন।’ কাজেই পরিস্থিতি হতাশার বলে তিনি মন্তব্য করেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আমি হতাশ। তবে নৈরাশ্যবাদী নই। ইতিহাস এটা সাক্ষ্য দেয় যে, বাংলাদেশ অতীতে অনেক ক্রান্তিকাল সফলভাবে পার করেছে।’