সাহায্যের পরিমাণ বাড়ানো হলেও ব্যবহার নিয়ে চিন্তিত বিশ্বব্যাংক
বাংলাদেশে বড় কাজে রাজনৈতিক হস্তক্ষেপ
বাংলাদেশে সাহায্যের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিলেও এর ব্যবহার নিয়ে বিশ্বব্যাংক চিন্তিত। সংস্থাটি মনে করে, বাংলাদেশে যেকোনো বড় উন্নয়নকাজই বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের মুখে পড়ে। দরপত্রে অংশগ্রহণকারীদের যোগসাজশ ও ক্ষমতা প্রয়োগের বিষয়টিও নিয়মিত।বাংলাদেশের জন্য আগামী চার বছরে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে কৌশলপত্র তৈরি করেছে বিশ্বব্যাংক। দেশভিত্তিক সহায়তা কৌশলপত্র (সিএএস) নামের এই প্রতিবেদন বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদন হয়েছে। দাতা সংস্থাটি ২০১০-১১ থেকে ২০১৪-১৫ পর্যন্ত বাংলাদেশের জন্য ৬৫৫ কোটি ডলার বা চার হাজার ৫৮৫ কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, বিগত তিন বছরে অর্থাৎ ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে সংস্থাটির পক্ষ থেকে স্বাধীনভাবে বিভিন্ন প্রকল্পে ৩১টি দুর্নীতির ঘটনা নিয়ে তদন্ত হয়েছে। এর মধ্যে ছয়টি প্রকল্পে ক্রয়চুক্তির ক্ষেত্রে নানা ত্রুটি খুঁজে পায় বিশ্বব্যাংক। ঠিকাদারদের এসব কাজ পরে বাতিল করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শাস্তিও দেওয়া হয়েছে।বর্তমান সরকারের আমলেও দরপত্রে ত্রুটি থাকার কারণে কয়েকটি প্রকল্পে অর্থ ছাড় হয়নি বলে জানা গেছে। একটি বিদেশি ঠিকাদার কোম্পানির স্থানীয় এজেন্ট এক মন্ত্রীর প্রতিষ্ঠানকে কাজ দিতে গিয়ে পুরো কাজটিই আটকে গেছে এবং বিলম্বিত হচ্ছে বলে জানা গেছে।সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংক তাদের নতুন কৌশলপত্রে সহায়তা দ্বিগুণ করেছে। সরকারের প্রতি আস্থা ও বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা বিবেচনা করেই এই সহায়তা দেবে তারা।বিশ্বব্যাংকের উদ্বেগের সঙ্গে দ্বিমত পোষণ না করে উপদেষ্টা বলেন, সরকারের উন্নয়নকাজে স্বচ্ছতার ব্যাপারটিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। বড় প্রকল্পগুলোতে অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারও আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে সেটি নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের ক্রয়সংক্রান্ত নীতিমালার বিষয়টি সরকার অবহিত আছে। সুতরাং ঠিকাদারি কাজ নিয়ে বিশ্বব্যাংকের তদন্ত বা পদক্ষেপ নেওয়ার আগে সরকারেরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নের ওপর তা অনেকটা নির্ভর করছে। পদ্মা সেতুসহ বিশ্বব্যাংকের অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে, সেগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা উচিত।বিশ্বব্যাংকের নতুন এই কৌশলপত্রে বলা হয়েছে, দারিদ্র্য বিমোচনসহ আগামী দশকে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করতেই বিশ্বব্যাংক ৬৫০ কোটি ডলারের বেশি বিপুল পরিমাণ সহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংক বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার কমিয়ে আনা এবং মানব উন্নয়নের অগ্রগতিকে বড় সাফল্য হিসেবে দেখছে।নতুন কৌশলপত্র অনুমোদনের পর সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন বলেন, ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে যে সহায়তা দিয়েছে, নতুন কৌশলপত্রের আওতায় তার দ্বিগুণ সহায়তা দেওয়া হবে। নতুন এই সহায়তা কার্যকরভাবে বাস্তবায়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্বব্যাংক।প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ, রাস্তাঘাটসহ অবকাঠামোর ঘাটতিকে বাংলাদেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছে বিশ্বব্যাংক। একই সঙ্গে স্থানীয় সরকারের ক্ষমতায়নে আমলাতন্ত্র ও রাজনৈতিক বিরোধিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।জানা গেছে, আগামী তিন বছরে শীর্ষস্থানীয় পাঁচটি প্রকল্পেই অর্থায়ন করা হবে প্রায় ২০০ কোটি ডলার, যার বেশির ভাগই অবকাঠামো উন্নয়নসংক্রান্ত। নতুন কৌশলপত্রে শীর্ষ প্রকল্পের তালিকায় আছে পদ্মা সেতু। এই প্রকল্পে প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক। গত বছর ডিসেম্বরের আগে প্রকল্পটির জন্য মাত্র ৩০ কোটি ডলার দিতে রাজি হলেও এখন তারা ১২০ কোটি ডলার বা আট হাজার ২৮০ কোটি টাকা দিতে প্রস্তুত। ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পদ্মা সেতু অর্থায়নের প্রস্তাবটি বোর্ডে চূড়ান্ত অনুমোদনের জন্য উঠতে পারে।দ্বিতীয় অবস্থানে আছে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) প্রকল্পে অর্থায়ন। এ জন্য বিশ্বব্যাংক ২৫ কোটি ৭০ লাখ ডলার বা এক হাজার ৭৭৩ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।চট্টগ্রামে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন-ব্যবস্থার উন্নয়নে ১৭ কোটি ৫০ লাখ ডলার বা এক হাজার ২০৭ কোটি টাকা সহায়তা দেবে বিশ্বব্যাংক। রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ১২ কোটি ডলার বা ৮২৮ কোটি টাকা এবং দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থার উন্নয়নে আরও ১৫ কোটি ডলার বা এক হাজার ৩৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।তালিকায় আরও আছে পেশাগত প্রশিক্ষণ কর্মসূচির চার কোটি ডলার বা ২৭৬ কোটি টাকা, সামাজিক খাত বিনিয়োগে ১০ কোটি ডলার বা ৬৯০ কোটি টাকা, জাতীয় সুরক্ষা প্রকল্পে নয় কোটি ডলার বা ৬২১ কোটি টাকা এবং ঢাকার পরিবেশ ও পানিসম্পদ ব্যবস্থাপনায় ৪৮৩ কোটি টাকা।দেশে বিদ্যুতের চরম সংকট থাকলেও আগামী কৌশলপত্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি। তবে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়নের জন্য ১৫ কোটি ডলারের একটি প্রকল্প আছে। নতুন কৌশলপত্রে হাজার হাজার কোটি টাকার এসব প্রতিশ্রুতি নির্ভর করছে সরকারি কাজে স্বচ্ছতা ও বিশ্বব্যাংকের নিজস্ব ক্রয়নীতিমালা মেনে চলার ওপর। বিশ্বব্যাংক ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) জানিয়ে দিয়েছে, তারা যেসব প্রকল্পে অর্থায়ন করবে, সেসব প্রকল্পে পণ্য ও সেবা ক্রয় এবং ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে সংস্থার নিজস্ব নীতিমালা মেনে চলতে হবে।উল্লেখ্য, ক্রয় আইনের (পিপিআর) সংশোধন অনুযায়ী, দুই কোটি টাকা পর্যন্ত সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা লাগবে না এবং কাজের জন্য লটারির ব্যবস্থা চালু থাকবে। ফলে বিশ্বব্যাংকের নতুন কৌশলপত্রে বিপুল পরিমাণ সহায়তার আশ্বাস থাকলেও সরকার প্রকল্প কতটা বাস্তবায়ন করতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।প্রসঙ্গত, ২০০৯ সালের ডিসেম্বর মাসে ২০০৬-০৯ সময়কালের জন্য দেশভিত্তিক সহায়তা কৌশলের মেয়াদ শেষ হয়েছে। এই সময়কালে বিশ্বব্যাংক বাংলাদেশকে দিয়েছে ২৬০ কোটি ডলার বা প্রায় ১৮ হাজার কোটি টাকা। নতুন কৌশলপত্রে এই সহায়তা দ্বিগুণেরও বেশি করা হয়েছে।