বাংলাদেশে মানুষের স্বাস্থ্য-পরিস্থিতি নাজুক: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য-পরিস্থিতি নাজুক। এখানে নবজাতকের মৃত্যুহার প্রতি হাজারে ৩১। এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৪১। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৫৪। বাংলাদেশে মাতৃমৃত্যুর বর্তমান হার ২ দশমিক ৯। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। কাল বুধবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ছয়জনই নগরে বাস করবে। ২০৫০ সালের মধ্যে এই হার দাঁড়াবে প্রতি ১০ জনে সাতজন। তখন বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ নগরে বাস করবে। এ কারণে মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নানা প্রকট স্বাস্থ্য সমস্যায় ভুগবে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে শহরের বস্তিবাসী ও নিম্ন আয়ের লোকজন। তিনি বলেন, এমন দৃশ্যপট সামনে রেখেই কাল আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস পালিত হবে। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘নগরজীবনে স্বাস্থ্যসেবা’। দিবসটি উপলক্ষে গৃহীত নানা কর্মসূচির কথাও জানান মন্ত্রী।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্যসচিব আলতাফ আলী প্রমুখ।