বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার
মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের গণমানুষের ওপরে চালানো নৃশংসতা, গণহত্যা, ধর্ষণ ও অপকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী, সহযোগিতাকারী বা নির্দেশ প্রদানকারীদের বিচারের দাবি ওঠে যুদ্ধ শেষে। দখলদার পাকিস্তানি বাহিনীকে যেসব ব্যক্তি দখলদারি বজায় রাখতে, রক্ষা করতে বা দীর্ঘস্থায়ী করতে সহায়তা করেছে এবং এ জন্য নানা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের জন্য একটি আইন প্রণীত হয়। ১৯৭২ সালের ২৪ জানুয়ারি প্রণীত আইনটি দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২ বা দ্য বাংলাদেশ কোলাবরেটরস (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার ১৯৭২ নামে পরিচিত। এ আদেশ অনুযায়ী, অপরাধীর জন্য দুই বছরের জেল থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান ছিল। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি, ১ জুন ও ২৯ আগস্টে সংশোধিত হয়ে দালাল আইন চূড়ান্ত করা হয়।২৮ মার্চ দালাল আইনে বিচারের জন্য সারা দেশের সব জেলায় ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এপ্রিল মাস থেকে আদালতের কাজ শুরু হয়।১৯৭৩ সালের ৩১ অক্টোবরের মধ্যে দালাল অধ্যাদেশে অভিযুক্ত মোট ৩৭ হাজার ৪৭১ জনের মধ্যে দুই হাজার ৮৪৮ জনের মামলার নিষ্পত্তি হয়েছিল। এদের মধ্যে দণ্ড পেয়েছিল ৭৫২ জন, বাকি দুই হাজার ৯৬ জন বেকসুর খালাস পেয়ে যায়। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একজন রাজাকারকে।মূলত পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগীদের বিচারে এবং এদের গণহত্যা, লুণ্ঠন, সম্পদ দখল, নারী ও শিশুদের ওপরে চালানো নিপীড়নের বিচার করতে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতির ঘোষণা দ্বারা আইনটির প্রয়োগ শুরু হয়।১৯৭৩ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তদন্তের পর পাকিস্তানি দখলদার বাহিনীর মধ্য থেকে ১৯৫ জনকে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, জেনেভা কনভেনশনের তিন নম্বর ধারা লঙ্ঘন, হত্যা, ধর্ষণ, লুটের অপরাধে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের জন্য চিহ্নিত করা হয়েছে।যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিচার করার জন্যও উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ১৯৭২ সালের ১৩ জুন একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন সদস্য ও এদের যেসব সহযোগী বাংলাদেশের ভূখণ্ডে হত্যা, গণহত্যা, নির্যাতন, উচ্ছেদ, বন্দী, অপহরণ, আটক, নিপীড়ন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল, তাদের বিচারের জন্য সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ বা ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট ১৯৭৩ প্রণয়ন করে। আইনটি ১৯৭৩ সালের ২০ জুলাই সংসদে পাস হয়। এ আইনের আওতায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্য, তাদের সহযোগী ও সাহায্যকারীদের বিচার হওয়ার কথা।যেসব বন্দীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাদের ১৯৭৩ সালের ৩০ নভেম্বর এক আদেশের মাধ্যমে সরকার মুক্তি দেয়।সাধারণ ক্ষমা ঘোষণার ৫ নম্বর ধারায় বলা হয়: ‘যারা বর্ণিত আদেশের নিচের বর্ণিত ধারাসমূহে শাস্তিযোগ্য অপরাধে সাজাপ্রাপ্ত অথবা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে অথবা যাদের বিরুদ্ধে নিম্নোক্ত ধারা মোতাবেক কোনটি অথবা সব কটি অভিযোগ থাকবে। ধারাগুলো হলো: ১২১ (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানো অথবা চালানোর চেষ্টা), ১২১ ক (বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর ষড়যন্ত্র), ১২৮ ক (রাষ্ট্রদ্রোহিতা), ৩০২ (হত্যা), ৩০৪ (হত্যার চেষ্টা), ৩৬৩ (অপহরণ), ৩৬৪ (হত্যার উদ্দেশ্যে অপহরণ), ৩৬৫ (আটক রাখার উদ্দেশ্যে অপহরণ), ৩৬৮ (অপহূত ব্যক্তিকে গুম ও আটক রাখা), ৩৭৬ (ধর্ষণ), ৩৯২ (দস্যুবৃত্তি), ৩৯৪ (দস্যুবৃত্তিকালে আঘাত), ৩৯৫ (ডাকাতি), ৩৯৬ (খুনসহ ডাকাতি), ৩৯৭ (হত্যা অথবা মারাত্মক আঘাতসহ দস্যুবৃত্তি অথবা ডাকাতি), ৪৩৫ (আগুন অথবা বিস্ফোরকদ্রব্যের সাহায্যে ক্ষতিসাধন), ৪৩৬ (বাড়িঘর ধ্বংসের উদ্দেশ্যে আগুন অথবা বিস্ফোরকদ্রব্য ব্যবহার), ফৌজদারি দণ্ডবিধির ৪৩৬ (আগুন অথবা বিস্ফোরকদ্রব্যের সাহায্যে কোনো জলযানের ক্ষতিসাধন) অথবা এসব কাজে উত্সাহ দান। এসব অপরাধী কোনোভাবেই ক্ষমার যোগ্য নন।’ এর ফলে ২৬ হাজার ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। এরপর বন্দী থাকে প্রায় ১১ হাজার। এদের সবারই বিচার চলছিল।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পর জেনারেল জিয়া ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর সামরিক ফরমান বলে দালাল আইন বাতিল করেন। ফলে যুদ্ধাপরাধের চলমান বিচারকাজ থেমে যায়।কিন্তু এ আইন বাতিলের পরও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ দিয়ে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর স্থানীয় সহযোগীদের (রাজাকার, আলবদর, আল শামস বাহিনী) বিচার করা সম্ভব ছিল। এ বাহিনীগুলো মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালায়। কিন্তু পরবর্তী সরকারগুলো কেউই এ পদক্ষেপ নেয়নি; বরং অপরাধীদের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক পুনর্বাসনপ্রক্রিয়া জারি রাখে। যুদ্ধাপরাধীদের বিচারে মুক্তিযুদ্ধ-পরবর্তী সরকারের একাগ্রতা, নিষ্ঠা ও প্রচেষ্টার পরিচয় পাওয়া যায় তার কর্মকাণ্ডে। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকার ১৯৭৩ সালের ২৫ জুলাই সংবিধান সংশোধন করে। সংবিধানের ৪৭ (৩) ধারায় পরিবর্তন আনা হয়। এ ধারায় বলা হয়, ‘এ সংবিধানে যা বলা হয়েছে, তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করার বিধানসংবলিত কোনো আইন বা আইনের বিধান এ সংবিধানের কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বা তার পরিপন্থী হলে তা বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না কিংবা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলেও গণ্য হবে না।’সংবিধানের এ ধারাটি এখনো জারি আছে। তাই যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়াতে কোনো বাধা ছিল না।যুদ্ধাপরাধীরা ক্ষমা পায়নিজামায়াতে ইসলামীর নেতারা প্রায়ই দাবি করে থাকেন, ১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি অনুযায়ী তাঁরা ক্ষমা পেয়ে গেছেন। কার্যত এ চুক্তিকে তাঁরা একটি অজুহাত হিসেবে দাঁড় করান। ১৯৭২ সালের ২ জুলাই ভারত ও পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষর করে। ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবসানের পর স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার এলাকা বিষয়ে উভয় দেশের মধ্যে যে বিরোধ ছিল, তা এ চুক্তির মাধ্যমে নিষ্পন্ন হয়। এ চুক্তিতে যুদ্ধাপরাধীদের ক্ষমা করার বা তাদের ছেড়ে দেওয়ার কোনো শর্তই ছিল না। এ কারণে ১৯৭৪ সালের ৯ এপ্রিলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রতিনিধিরা একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন। এটি সিমলা চুক্তির সম্পূরক অংশ। এরপর ভারত তাদের হাতে আটক ৯০ হাজার ৩৬৮ জন পাকিস্তানিকে হস্তান্তর করে। বাংলাদেশের হাতে আটক ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়।যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক জটিলতাজেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে ভারতের বাধ্যবাধকতা ছিল আন্তর্জাতিক আইন মেনে চলার। তাই তাদের হাতে আটক পাকিস্তানি যুদ্ধবন্দীদের আইনগত অধিকার নিশ্চিত করতে তারা বাধ্য ছিল।১৯৭১ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি ভারতীয় কর্তৃপক্ষকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারত তাতে রাজি হয়নি। ১৫ ডিসেম্বর ভারতের সেনাপ্রধান জেনারেল মানেকশ নিয়াজিকে আত্মসমর্পণের আহ্বান জানান। এ সময় তিনি পাকিস্তান সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেন।১৬ ডিসেম্বর আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাদের জেনেভা কনভেনশন অনুযায়ী নিরাপত্তা ও সুবিধা দেওয়ার ঘোষণা দেন লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরা। ফলে ৯০ হাজারের বেশি পাকিস্তানি সেনা ভারতের হাতে আটক থাকে। তবে এ সময় ভারত সরকার এটা নিশ্চিত করে যে, জেনেভা কনভেনশন অনুযায়ী, বাংলাদেশে পাকিস্তানি সেনাদের সহযোগীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়। এদের বিচার বা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের।১৯৭২ সালের ২৯ মার্চ জেনারেল নিয়াজি ও রাও ফরমান আলী খানসহ এক হাজার ১০০ পাকিস্তানি সামরিক বন্দীর বিচারের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। এ সময় দুই স্তরে বিচারকাজ চলানোর প্রস্তাব ছিল। একটি প্রধান যুদ্ধাপরাধীদের (সম্ভবত পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের) বিচারের জন্য দেশি ও আন্তর্জাতিক বিচারকদের সমন্বয়ে গঠিত আদালতের মাধ্যমে, আরেকটি স্থানীয় দালালদের বিচারে স্থানীয় বিচারকদের সহযোগিতায় গঠিত আদালতের মাধ্যম।বাংলাদেশ সরকার জেনারেল নিয়াজির অপরাধের সাক্ষ্যপ্রমাণ হাজির করার পর ১৯৭২ সালের ১৪ জুন ভারত নিয়াজিকে বাংলাদেশের হাতে তুলে দিতে সম্মত হয়।পাকিস্তানে আটকে পড়া চার লাখ বাংলাদেশিকে জিম্মি করে পাকিস্তান সরকার। মূলত বাংলাদেশ ও ভারতের সঙ্গে যুদ্ধবন্দীদের মুক্তির বিষয়ে দরকষাকষির জন্য এ কাজ করে পাকিস্তান। এদিকে, বাংলাদেশ যেন জাতিসংঘে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না পায়, সে জন্য আপ্রাণ প্রচেষ্টা চলায় পাকিস্তান। এ জন্য পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো চীনকে জাতিসংঘে তার ভেটো ক্ষমতা প্রয়োগের অনুরোধ করে। ফলে ১৯৭২ সালের ২৫ আগস্টে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পাওয়া ঠেকিয়ে দেয় চীন। এ বছরের নভেম্বর মাসে বাংলাদেশ ও ভারত তাদের হাতে আটক পাকিস্তানি যুদ্ধবন্দীদের পরিবারের ছয় হাজার সদস্যকে মুক্তি দিতে সম্মত হয়। পাকিস্তানও ১০ হাজার বাংলাদেশিকে মুক্তি দিতে রাজি হয়।১৯৭৩ সালের ১৭ এপ্রিলে বাংলাদেশ ও ভারত পাকিস্তানের সঙ্গে বন্দী বিনিময়ের কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। এদিন ঘোষণা দেওয়া হয়, ভারত ৯০ হাজার পাকিস্তানিকে মুক্তি দেবে। বিনিময়ে পাকিস্তান প্রায় দুই লাখ বাংলাদেশিকে ছেড়ে দেবে এবং বাংলাদেশে আটকে পড়া দুই লাখ ৬০ হাজার অবাঙালিকে (বিহারি) ফিরিয়ে নেবে। কিন্তু পাকিস্তান এ চুক্তিতে পুরোপুরি রাজি হয়নি। দেশটি আটকে পড়া অবাঙালিদের মাত্র ৫০ হাজারকে ফিরিয়ে নিতে রাজি হয়। এ সময় ভারতের হাতে আটক পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জন সেনা কর্মকর্তা মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিল না। বাংলাদেশ এসব বন্দীর বিচার করতে চাইলে, পাকিস্তান কূটনৈতিক খেলা শুরু করে। ১৯৭৩ সালের ২৭ মে ভুট্টো বলেন, পাকিস্তানিরা তাদের দেশে আটক বাংলাদেশিদের বিচার করতে চায়।এ ফাঁকা হুমকি দিয়ে পাকিস্তান সরকার ২০৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং এদের বিনিময়ে ১৯৫ পাকিস্তানি সেনা কর্মকর্তার মুক্তি দাবি করে। এর পরও ১৯৭৩ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে কিছু বন্দীবিনিময় হয়। তবে ওই ২০৩ জনকে আটকে রাখে পাকিস্তান।১৯৭৩ সালের এপ্রিলের শেষ সপ্তাহে পাকিস্তান সরকার এক বিবৃতি জারি করেছিল। ঢাকা কর্তৃক পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বিচার মানতে অসম্মত হয় পাকিস্তান। বিবৃতিতে বলা হয়, ‘কোনো যুদ্ধবন্দীকে ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি করতে ঢাকার কর্তৃত্বকে অস্বীকার করছে পাকিস্তান সরকার। কারণ, যদি তারা কোনো অপরাধ করে থাকে, তবে তা করেছে পাকিস্তানের ভূমিতে পাকিস্তানের জনগণের ওপরে। তবে এটা নিশ্চিত করা হচ্ছে যে, আন্তর্জাতিক আইনের পরিপন্থী অপরাধ করার দায়ে এসব ব্যক্তির বিচারের জন্য পাকিস্তান বিশেষ আদালত প্রতিষ্ঠা করবে।’ বাংলাদেশ সরকার এ বিবৃতিতে কান দেয়নি। তবে এক বছর পর পাকিস্তানে আটকে পড়া চার লাখ বাঙালির অবস্থা বিবেচনা করে এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য বাংলাদেশ পাকিস্তানের প্রস্তাবে রাজি হয়। আনুষ্ঠানিক আলোচনার পর ১৯৭৪ সালের ২৪ মার্চ পাকিস্তান থেকে ২০৩ জন বাঙালি দেশে ফিরে আসে। তবে ১৯৫ জন পাকিস্তানিকে অপরাধ থেকে মুক্তি দেওয়া হয়নি। তাদের বিচারে পাকিস্তান সরকারের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে তাদের হস্তান্তর করা হয়। ১৯৭৪ সালের ১০ এপ্রিল বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বন্দীবিনিময় সম্পন্ন করা হয়। তবে পাকিস্তান সেনাবাহিনীর এ দেশীয় দালালদের বিচারের কোনো শর্ত এ চুক্তি বা পূর্ববর্তী চুক্তিগুলোর কোনোটিতেই ছিল না। কার্যত অপরাধ থেকে বাঁচতে শান্তি বাহিনী, রাজাকার, আলবদর, আলশামসসহ সহযোগী বাহিনীগুলোর সদস্যরা এ কথা প্রচার করে আসছিলেন যে, ‘মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁদের ক্ষমা করেছেন।’ এ কথা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট।তাই মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক আইনের অধীন দণ্ডযোগ্য অন্যান্য অপরাধ সংঘটনকারীদের সুষ্ঠু বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে নবম সংসদের ২০০৯ সালের ২৯ জানুয়ারির অধিবেশনে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী, ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে বিচারকাজ দ্রুত গতিতে চালানোর জন্য ২০১২ সালের ২৫ মার্চ দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ দেন।