বাংলাদেশে লস্কর-ই-তৈয়বা তৎপর: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সদস্যরা বাংলাদেশে তত্পর রয়েছে। এ ব্যাপারে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা বিদেশি রাষ্ট্রের এজেন্ট হিসেবে কাজ করছে। তাদের দমন করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব।স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতে মুখোশধারী সন্ত্রাসীরা সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যাক্তির ওপর হামলার চেষ্টা অব্যাহত রেখেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান ও হার্ভার্ড কেনেডি স্কুলের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিলা চেরিনা উপস্থিত ছিলেন।‘অচিরেই সন্ত্রাসবাদ এবং যুদ্ধাপরাধের বিচার বানচাল করার অপচেষ্টা ইতিহাসের অতীত উপকরণে পর্যবসিত হবে’—উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা দেশের কয়েকটি স্থানে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকের ওপর হামলা চালিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করতেই এসব মুখোশধারী সন্ত্রাসী এ ধরনের হামলা চালিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের উত্তরে মহীউদ্দীন খান আলমগীর বলেন, জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ডে একশ্রেণীর পুলিশ সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। এসব অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর ও তাঁর সহযোগীদের অপতত্পরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্তক রয়েছে। বাসস।