বাংলাদেশে লৈঙ্গিক ভারসাম্য পরিস্থিতির উন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে লৈঙ্গিক ভারসাম্য পরিস্থিতির উন্নতি হচ্ছে। দেশটিতে পাঁচ বছরের কম বয়সী মেয়েশিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এখন শিশুদের লৈঙ্গিক অনুপাত মোটামুটি ভারসাম্যপূর্ণ। কানাডার রাজধানী অটোয়াভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (আইডিআরসি) এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে লৈঙ্গিক ভারসাম্য পরিস্থিতি প্রতিবেশী ভারতের চেয়ে ভালো। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ভারতে বালক-বালিকার অনুপাত ১০৯:১০০। গর্ভাবস্থায় শিশুর লিঙ্গ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মেয়েশিশু হলে গর্ভপাত ঘটানো, মেয়েশিশু হত্যা, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে মেয়েশিশুদের প্রতি অবহেলাসহ বিভিন্ন কারণে ভারতে শিশুদের লৈঙ্গিক অনুপাতে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। সে তুলনায় বাংলাদেশে শিশুদের লৈঙ্গিক অনুপাত ভারসাম্যপূর্ণ রয়েছে।গবেষণা প্রতিবেদনের সহলেখক ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নায়লা কবীর অটোয়ার কেন্ট স্ট্রিটে আইডিআরসির কার্যালয়ে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন। ভারতের চেয়ে বাংলাদেশে লৈঙ্গিক ভারসাম্য পরিস্থিতি ভালো হওয়ার কিছু কারণও তুলে ধরেন তিনি। তিনি বলেন, বাংলাদেশে নারীদের শিক্ষা, অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের সুযোগ-সুবিধা ও কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাওয়া লৈঙ্গিক ভারসাম্য পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রেখেছে। এ জন্য দেশটির প্রায় প্রতিটি গ্রামে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) তৎপরতারও ভূমিকা আছে তিনি বলে উল্লেখ করেন।এ ছাড়া ভারত ও বাংলাদেশের পরিস্থিতির ভিন্নতার কারণ হিসেবে নারী ও বিয়ে প্রসঙ্গে হিন্দু এবং মুসলমানদের চিন্তাভাবনা, হিন্দুদের মধ্যে বর্ণপ্রথা, হিন্দু বিধবাদের আবার বিয়ের অনুমতি না থাকা, হিন্দু পরিবারে মেয়েশিশুকে বোঝা মনে করা ইত্যাদি বিষয় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। সূত্র: ডব্লিউডব্লিউডব্লিউ ডট অটোয়াসিটিজেন ডটকম।