বাংলাদেশে শিক্ষার্থী ভিসার আবেদন নেওয়া স্থগিত করেছে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসার আবেদন নেওয়া স্থগিত করেছে যুক্তরাজ্য। উত্তর ভারত ও নেপালের শিক্ষার্থী ভিসাপ্রার্থীদের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য বর্ডার এজেন্সি গতকাল রোববার এ ঘোষণা দিয়েছে।ঢাকার ব্রিটিশ হাইকমিশন শিক্ষার্থী ভিসার আবেদন নেওয়া স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ হাইকমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ইউকে বর্ডার এজেন্সির (ইউকেবিএ) ঘোষণা সাপেক্ষে আজ ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভিসা কেন্দ্রে সাময়িকভাবে পয়েন্টভিত্তিক টিয়ার-৪ প্রক্রিয়ার আওতায় স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া বন্ধ থাকবে।হাইকমিশন থেকে জানানো হয়, শিক্ষার্থী ভিসার জন্য অনেক আবেদনের পরিপ্রেক্ষিতে ইউকেবিএ এ সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশ, নেপাল ও উত্তর ভারত থেকে আপাতত টিয়ার-৪-এর আওতায় নতুন কোনো ভিসা আবেদন নেওয়া হবে না। যাদের ১ ফেব্রুয়ারির পর ভিসা আবেদনকেন্দ্রে সাক্ষাত্ করার কথা, তাদের সাক্ষাত্ টিয়ার-৪-এর আওতায় পুনরায় ভিসা আবেদন গ্রহণ করা পর্যন্ত স্থগিত থাকবে। তবে অন্যান্য ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ইউকেবিএর অপারেশন ম্যানেজার স্টুয়ার্ট পারসিভাল জানান, এ পদক্ষেপ সাময়িক। যুক্তরাজ্য প্রকৃত বাংলাদেশি শিক্ষার্থীদের দেখতে চায়। প্রকৃত ছাত্র ও ভালো শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক প্রকৃত ছাত্রদের জন্য স্বাভাবিক ভিসার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। হাইকমিশনের ওয়েবসাইটে ইউকেবিএর আঞ্চলিক পরিচালক ক্রিস ডিক্সকে উদ্ধৃত করে বলা হয়, ইউকেবিএ ভিসা প্রক্রিয়ায় সাহায্য দিতে বদ্ধপরিকর। এ যাবত্ যত আবেদন হয়েছে, সেগুলো যাচাই-বাছাই হবে। এক মাস পর সাময়িক স্থগিতাদেশ পুনর্বিবেচনা করা হবে।জানা যায়, ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় গত কয়েক মাসে বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী যুক্তরাজ্যে গেছেন। তাঁদের অনেকে ভেবেছিলেন, যুক্তরাজ্যে গিয়ে তাঁরা পড়াশোনার পাশাপাশি কাজও করবেন। কিন্তু কাজ না পেয়ে অর্থাভাবে অনেকে পার্ক-ফুটপাতে রাতও কাটিয়েছেন। সব মিলিয়ে বিষয়টি নিয়ে যুক্তরাজ্যে বিতর্কের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, এরই পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইউকেবিএর পয়েন্টভিত্তিক পদ্ধতির প্রধান জেরেমি ওপেনহেইমকে উদ্ধৃত করে হোম অফিস প্রেস অফিসার নিক লগান প্রথম আলোকে বলেন, পয়েন্টভিত্তিক ব্যবস্থার মাধ্যমে ইউকেবিএ ভিসা-প্রক্রিয়াটিকে সহজ ও দ্রুততর করেছিল। কিন্তু এই পদ্ধতিটিকে অপব্যবহার করায় সাময়িকভাবে ভিসা বন্ধ করতে হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইউকেবিএর নিয়মনীতিগুলো মানছে কি না, সে বিষয়ে হোম অফিস প্রতিনিয়ত নজরদারি অব্যাহত রেখেছে।গতকাল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্টুডেন্ট ভিসাপ্রত্যাশীর সংখ্যা অনেক হয়ে যাওয়ায় ইউকেবিএ এ সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে, আবেদনকারীদের মধ্যে অনেকে ভুয়া। তবে ইউকেবিএ কর্মকর্তারা আভাস দিয়েছেন, ফেব্রুয়ারির শেষ ভাগে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হতে পারে। বিবিসি জানায়, গত বছরের শেষ তিন মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে আগ্রহীদের মধ্যে উত্তর ভারতের আবেদনকারী ছিলেন ১৩ হাজার ৫০০। মূলত শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়া অবৈধ অভিবাসী ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্ডার এজেন্সির কর্মকর্তা জেরেমি ওপেনহেইম বলেছেন, ‘শিক্ষার্থী ভিসার প্রতিটি আবেদনপত্র খুঁটিয়ে দেখা হবে। যারা অবৈধ সুযোগ নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’লন্ডনে ভিসাসংক্রান্ত পরামর্শক হরজাপ সিং ভাঙ্গাল বিবিসিকে বলেন, এটা এক ধরনের আতঙ্ক ছড়াবে। ভুয়া আবেদনকারীরা প্রকৃত শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ায়।