বাংলাদেশে সংঘাতময় রাজনীতির অবসান হয়নি: স্টিফেন ফ্রোয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতামূলক সম্পর্কের যে সংস্কৃতি রয়েছে, গত পাঁচ বছরে তার অবসান হয়নি। গতবারের তুলনায় এবারের সংসদ অনেক কার্যকর হলেও প্রতিষ্ঠানটি পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। কারণ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ অধিবেশনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল। তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে অগণতান্ত্রিক শক্তির আবির্ভাব হবে না। বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এমন ছবিই তুলে ধরলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েইন। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা শেরাটন হোটেলে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে ফ্রোয়েইন বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় ফিরে এলেও রাজনৈতিক পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। পাঁচ বছর আগে আমি ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতামূলক সম্পর্কের যে সংস্কৃতি ছিল, সেটার পরিবর্তন হয়নি। বিষয়টি খুব হতাশার।’সরকারি দল ও বিরোধী দলের এমন বৈরিতামূলক সম্পর্কের পরিস্থিতিতে সংসদ কার্যকর কি না, জানতে চাওয়া হয়েছিল ঢাকায় ইইউর এ প্রতিনিধিকে। তিনি বলেন, গতবারের তুলনায় এবারের সংসদের পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। কয়েকটি কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান বিরোধী দলের সদস্যদের, তবে জাতীয় আলোচনার মূল কেন্দ্র সংসদের মূল অধিবেশনে অনুপস্থিত থাকছে প্রধান বিরোধী দল। রাজনৈতিক দলগুলোর সংঘাতময় রাজনীতির ফলে ধুকছে সংসদ। পুরোপুরি কার্যকর হয়ে উঠছে না সংসদ। এটা খুব দুঃখজনক, তবে সামগ্রিকভাবে বাংলাদেশের সংসদকে আকার্যকর বলা যাবে না।স্টিফেন ফ্রোয়েইন বলেন, সাংসদেরা শুধু ৯০ কার্য দিবসের পর সংসদে উপস্থিত হয়ে তাঁদের সদস্যপদ রক্ষা করবেন, এটা কাম্য হতে পারে না।বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত্ নিয়ে তিনি হতাশ কি না, সে ব্যাপারে জানতে চাইলে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তার ভবিষ্যদ্বাণী কেউ করতে পারে না। বাংলাদেশে অগণতান্ত্রিক শক্তির আবির্ভাব হোক, সেটা আমরা চাই না। আমার উত্তরসূরিকে ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, এটাই আমার প্রত্যাশা।’বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপ। এ প্রেক্ষাপটে এখানকার পোশাকশিল্পের কর্মীরা যাতে ন্যূনতম মজুরি পান এবং নিষ্পেষিত না হন, সে ব্যাপারে ইইউ সোচ্চার রয়েছে। এ প্রসঙ্গে ফ্রোয়েন বলেন, ‘সরকার পোশাকশিল্পের কর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে, কিন্তু সেটার বাস্তবায়ন হবে নভেম্বর থেকে। আমরা মনে করি, এবারের ঈদে নতুন কাঠামোতে উত্সবভাতা দেওয়া হলে শ্রমিকেরা বেশি খুশি হতেন।’মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ডিকাবের সাধারণ সম্পাদক ইমরান আলম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি জহিরুল আলম।