বাংলাদেশে সবাই যার যার ধর্ম পালন করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের সমাজব্যবস্থা এমনই যে এখানে সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। দেশের সব ধর্মবিশ্বাসী মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সরকার সেই লক্ষ্যে কাজ করছে।’ আজ শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের পর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। এর অর্থ হচ্ছে, যার যার ধর্ম তাকে পালন করতে দেওয়া। প্রতিটি ধর্মের মর্মকথাই হচ্ছে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের মানুষ সরকারের গৃহীত পদক্ষেপের কারণে শান্তিপূর্ণভাবে ও উত্সবের মেজাজে পবিত্র ঈদ, জন্মাষ্টমী ও পূজা উদযাপন করতে পারছে।দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের সাংবিধানিক অধিকার। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে এই দেশ স্বাধীন করেছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা শান্তিতে বিশ্বাস করি। দারিদ্র্য ও অশিক্ষাকে চিরতরে বিদায় দিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সব ধর্মাবলম্বীর সমঅধিকারে বিশ্বাসী। এ কারণে গত বছরের চেয়ে তিন হাজার মণ্ডপ বৃদ্ধি পেয়ে এ বছর দেশে সর্বোচ্চ সংখ্যক ২৭ হাজার পূজামণ্ডপ স্থাপিত হয়েছে। তিনি বলেন, ‘অনুরূপভাবে এ বছর বাংলাদেশ থেকে ৯৪ হাজার লোক হজ পালনের জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।’দেশের উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সেবক। এ কথা মনে রেখেই সরকার কাজ করে যাচ্ছে।’অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক সি আর দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ এবং মহানগর পূজা কমিটির সভাপতি বীরেশ চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বক্তব্য দেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে সি আর দত্ত ও মোস্তফা জালাল মহিউদ্দিন তাঁকে স্বাগত জানান।—বাসস