বাংলাদেশে সহিংসতায় নিহতের ঘটনায় তদন্তের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে চলমান সহিংসতা শিগগিরই বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একদল মানবাধিকার বিশেষজ্ঞ। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার এবং সহিংসতায় নিহতের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তাঁরা। গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে গত ফেব্রুয়ারির শুরু থেকে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়। কয়েক সপ্তাহের সহিংসতায় অন্তত ৮৮ জন নিহত হয়। আহত হয় শত শত মানুষ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ড-সম্পর্কিত বিশেষ দূত ক্রিস্টফ হেইন্স বলেন, ‘আমি বাংলাদেশ কর্তৃপক্ষকে সব হত্যাকাণ্ডের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয়ভাবে হোক বা না হোক, সেটা কোনো বিষয় নয়।’ চলমান সহিংসতায় সাংবাদিক ও সংবাদকর্মীদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বাক্স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত ফ্রাঙ্ক লা রুয়ে। তিনি বলেন, ‘চলমান সহিংসতা সংবাদকর্মীদের নিরাপত্তার জন্য হুমকি। সহিংসতায় অন্তত একজন ব্লগার নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেক সংবাদকর্মী। বাংলাদেশ কর্তৃপক্ষ ১২টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।’ ফ্রাঙ্ক সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা এড়ানোর আহ্বান জানান।ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত হেইনার বিয়েলেফেল্ট হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার কথা উল্লেখ করে বলেন, সরকারকে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইন রক্ষায় সচেষ্ট হতে হবে। আবাসন-সুবিধাবিষয়ক বিশেষ দূত র‌্যাকুয়েল রোলনিক বলেন, চলমান সহিংসতায় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে। সংখ্যালঘুবিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ রিটা ইজসাক বলেন, রাষ্ট্রকে অবশ্যই জাতিগত, ধর্মীয়, ভাষাগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।যথার্থতা ও ন্যায়বিচারবিষয়ক বিশেষ দূত পাবলো দ্য গ্রেইফ চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের উচিত ন্যায়বিচারের মাধ্যমে অপরাধের শিকার ব্যক্তিদের মানবাধিকার নিশ্চিত করা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা।