বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
কলকাতার বিশিষ্টজনেরা বাংলাদেশে শাহবাগ আন্দোলনকে সমর্থন দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বিকেলে কলকাতা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সুধীজন সমাবেশে তিনি এই আহ্বান জানান। কলকাতার ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এই সমাবেশের আয়োজন করে। আলোচকেরা বাংলাদেশে চলমান শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘বাংলাদেশে আজ নতুন করে জেগে উঠেছে বর্তমান প্রজন্মের তরুণেরা। তারা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে। আমরা শাহবাগ আন্দোলনের পাশে আছি। আমরা চাই এই চলমান আন্দোলনের মধ্যে যেন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে। কোনো ষড়যন্ত্র যেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।’সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়, চিত্রকর শুভাপ্রসন্ন, চিত্র পরিচালক গৌতম ঘোষ, সাবেক সাংসদ কৃষ্ণা বসু, সাবেক উপাচার্য পবিত্র সরকার, অধ্যাপক হোসেনুর রহমান প্রমুখ।