বাংলাদেশে সুদিন আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনে অত সকালে ঘুম ভাঙে না ঢাকা শহরের। কিন্তু ব্যতিক্রম ছিল গত রোববার। ভোরের আলো ফোটার আগেই পথে পথে সুসজ্জিত নানা বয়সী লোকের চলমান সারি। রমনা উদ্যানের প্রবেশপথগুলোর সামনে লম্বা লাইন। কাকপক্ষীর যেন ভালো করে ঘুম ভাঙেনি তখনো। গাছগাছালির নতুন পাতার ফাঁকফোকর দিয়ে ভোরের আলোকরশ্মি যখন এসে মাটি ছুঁয়ে দিয়েছে, তখন বেহালা-বাঁশি-এসরাজে বেজে উঠল ধ্রুপদি সুর। সেই যে সুর ছড়িয়ে গেল ছায়ানটের নববর্ষের প্রভাতি আয়োজন থেকে ভোর সাড়ে ছটায়, যেন তারই রেশ ভেসে চলেছে সারা দিন শহরজুড়ে।প্রভাতি অনুষ্ঠানে ছায়ানটের অধ্যক্ষ সংগীতজ্ঞ সন্জীদা খাতুন নববর্ষের কথনে দেশবাসীকে ১৪২০ সালের শুভেচ্ছা জানান, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ‘ছায়ানট মুক্তিযুদ্ধের পূর্ব থেকেই স্বাধিকার অর্জনের আন্দোলন করেছে। সংস্কৃতি চেতনা প্রসারের সাধনা করে এসেছে। কিন্তু দুর্ভাগ্যের কথা, সংস্কৃতিমণ্ডিত শিক্ষার আলো সকলের অন্তরকে আলোকিত করেনি।’এ প্রসঙ্গে ড. সন্জীদা বললেন, বিএ, বিএসসি, এমএ, এমএসসি পাস করাই শিক্ষা নয়। এই সনদ পেয়েও অনেকে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসমুক্ত হতে পারেনি। তিনি আরও বলেন, যুক্তিনির্ভর চিন্তার ক্ষমতা অর্জন করে আত্মশক্তিতে দাঁড়ানোর শিক্ষাই প্রকৃত শিক্ষা এবং এই শিক্ষাকে গ্রহণ করতে হবে অন্তরে।ড. সন্জীদা আরও বলেন, ‘সুযোগসন্ধানী স্বাধীনতাবিরোধী অপশক্তি শিক্ষত-অশিক্ষিতনির্বিশেষে সকলকে হিংসা-হানাহানির পথে ঠেলে দিচ্ছে। এই অপশক্তিকে হটাবার দায়িত্ব যথার্থ শিক্ষায় শিক্ষিত সচেতন সমাজের।’ তিনি বলেন, ‘আমাদের অনেক দায়িত্ব। গঠনমূলক কাজের মধ্য দিয়ে দেশের সকলকে পূর্ণ মানুষ করে তোলার সাধনা করতে হবে। এই দেশটিকে আলোকিত করে তুলব। বারবার অপশক্তির কাছে পরাজিত হতে দেব না। এ দায়িত্বটা আমার, আপনার সকলের। বাংলাদেশে সুদিন আসবেই।’আলোর দেখা মিলতেই বটমূলে সারিবদ্ধভাবে বসা শিল্পীরা সবাই মিলে গানের পালা শুরু করেছিলেন ‘আলো যে ওই যায় রে দেখা’ গেয়ে। এবার নিরাপত্তার দারুণ কড়াকড়ি ছিল রমনায় প্রবেশের জন্য। সে কারণে প্রভাতি অনুষ্ঠানের অনুরাগীদের লম্বা সারিতে দাঁড়াতে হয়েছে। বটমূলের সামনে এসে পৌঁছাতে খানিকটা বাড়তি সময়ও লেগেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান এগিয়েছে, দর্শকও বেড়েছে। তা ছাড়া বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল। এর ফলে ঢাকার বাইরে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শক এবং দেশের বাইরের বাঙালিরাও নববর্ষের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান উপভোগের সুযোগ পেয়েছে।শিল্পীদের পোশাকে এবার ছিল জাতীয় পতাকার রং। মঞ্চেও ছিল তাঁদের উপবেশনায় সেই আদল ফুটিয়ে তোলার প্রয়াস। নারীরা সবুজ শাড়ি ও লাল জামা। পুরুষেরা লাল পাঞ্জাবি। উভয় পাশে নারীরা আর মাঝখানে ছিলেন পুরুষেরা। ফলে দূর থেকে জাতীয় পতাকার আদলটি বেশ স্পষ্ট হয়ে উঠেছিল। মনে হচ্ছিল, নতুন সবুজ পাতায় ভরা সেই প্রাচীন মহিরুহের তলায় স্পন্দিত হচ্ছে এক বিশালাকার পতাকা। সেখান থেকে উৎসারিত হচ্ছে দেশপ্রেমের সুর, উদ্ভাসিত হচ্ছে বরাভয়।এ কথা প্রায় সবারই জানা, আজ নগরজীবনে পয়লা বৈশাখে যে বিপুল অসাম্প্রদায়িক চেতনার উৎসব হচ্ছে, তার সূচনায় পথিকৃতের ভূমিকা রেখেছিল ছায়ানটের এই বটমূলের প্রভাতি অনুষ্ঠানটিই। সেই ১৯৬৭ সাল থেকে নিয়মিত চলে আসছে এই অনুষ্ঠান। দেশের ইতিহাসের অনেক উত্থান-পতন ঘটে গেছে। কখনো পরোক্ষ, কখনো সরাসরি আঘাত এসেছে এই আয়োজনেও। ২০০১ সালে ভয়াবহ বোমা হামলা ঘটেছিল এই আয়োজনে। কিন্তু তার পরও ছায়ানট তার অভীষ্ট থেকে বিচ্যুত হয়নি। বাঙালির সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ করতে অব্যাহত রেখে চলেছে তাদের বহুমাত্রিক কার্যক্রম। এবারের প্রভাতি অনুষ্ঠানে গানের ক্রমপর্যায় ছিল তিনটি স্তরে। প্রথমে ভোরের সুরাশ্রিত গান। দ্বিতীয় পর্যায়ে ছিল গান ও কবিতার সমন্বয়ে দেশবন্দনা। গান হয়েছে একক ও সম্মেলক মিলিয়ে। শেষ পর্বে ছিল সব ভয়-শঙ্কা কাটিয়ে মানবিকতা জাগানোর আহ্বান। সম্মেলক কণ্ঠে ধ্বনিত হয়েছে ‘নাই নাই ভয় হবে হবে জয়’ এবং ‘তোরা সব জয়ধ্বনি কর’। প্রায় ১০০ শিল্পী অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে। বরাবরের মতোই এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষ হয়েছিল জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।