বাংলাদেশে হোক একটি আইন বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়। ১৯৪৭ সালে পাকিস্তান ও ভারত স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান আমলে পূর্ব বাংলায় প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭১ সালে বাংলাদেশের জন্মলাভের পর থেকে বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় বলতে সব বিষয় পাঠের ও গবেষণার বিশ্ববিদ্যালয় বোঝাত। এ ধরনের বিশ্ববিদ্যালয় পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয় বলে গণ্য। এসব বিশ্ববিদ্যালয় সরকারি নিয়ন্ত্রণেই চলে। সময়ের দাবির ব্যাপকতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেশের চাহিদা মেটাতে পারছে না। ফলে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ধ্যান-ধারণা নিয়ে ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত হচ্ছে।বর্তমানে বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক। বিষয়ের গুরুত্বে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ বিশ্ববিদ্যালয় যেমন—ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় প্রায় প্রতি জেলা সদরে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মঞ্জুরিপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ষাটের অধিক। এখনকার প্রয়োজনে বিবিএ বা এমবিএ এবং এলএলবি (পাস ও সম্মান) বা এলএলএম কোর্সে এক-দুই বছর পাঠদান ও গবেষণা করানো হয়। আইন র্িশক্ষার জন্য বিএল বা এলএলবি ডিগ্রিরই প্রচলন ছিল। এলএলএম ডিগ্রি অর্জনের প্রয়োজনীয়তা তখন ছিল না বলা চলে। সময়ের সঙ্গে সর্বক্ষেত্রে পরিবর্তন ও সংযোজনের প্রয়োজন দেখা দেয়। বিজ্ঞান-প্রযুক্তির কল্পনাতীত অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের সঙ্গে আইন শিক্ষার ব্যাপকতার উন্মেষ ঘটছে। অবিভক্ত ভারত তথা পাকিস্তান ও ভারতে আইন শিক্ষা মূলত আইন কলেজগুলোতে হতো। বাংলাদেশেও আইন শিক্ষার অবস্থান এমনটিই ছিল। পরিবর্তনের গতিধারা বাংলাদেশেও দেখা দেয়। গর্বের সঙ্গে বলতে হয়, পাকিস্তান-ভারতে (ভারতীয় উপমহাদেশে) আইন বিষয়ে সম্মান কোর্স ১৯৭০ সাল থেকে প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (বি জুর সম্মান তিন বছরের কোর্স, এম জুর এক বছরের কোর্স) চালু হয়। পরে নানা আলোচনাপূর্বক রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের এলএলবি সম্মান এবং এক বছরের এলএলএম কোর্স চালু হয়। এলএলবি পাস কোর্স থেকে আগত প্রার্থীরা দুই বছরের এলএলএম (এলএলএম পূর্বভাগ) এবং এলএলএম ফাইনাল ডিগ্রি লাভ করতে পারেন। এ ধরনের কোর্সটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো চলছে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং গবেষণা প্রতিষ্ঠানে আইন শিক্ষার ব্যবস্থা রয়েছে। প্রাসঙ্গিকতায় উল্লেখ করা যায়, আইন শিক্ষার জন্য এলএলবি, এলএলবি (সম্মান), বি জুর (সম্মান), এম জুর, এলএলএম, এমফিল এবং পিএইচডি বা এলএলডি ডিগ্রি লাভ করা যায়। দ্রুত ধাবমান এখনকার বিশ্বে সাধারণ বিশ্ববিদ্যালয় (পাবলিক ইউনিভার্সিটি), বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় উদ্দীপনা ও উচ্ছ্বাসের সঙ্গে প্রতিষ্ঠিত হয়ে চলেছে। বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আইন বিষয়ে ব্যাপকতার পরিপ্রেক্ষিতে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে আইন বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আইন কলেজে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দেওয়া হয়। ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ও আইন কলেজে আইনশাস্ত্রে অধ্যয়ন ও গবেষণা করানো হয়। এসবের সংখ্যা কয়েক শর কম নয়। এগুলো সত্ত্বেও বর্তমানে গঠনমূলক এবং সৃষ্টিমুখী দিকদর্শনের বিবেচনায় আইন শিক্ষার জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। সুনির্দিষ্টভাবে বললে বলা যায়, ভারতের নয়াদিল্লি, বিশাখাপট্টনম, হায়দরাবাদ, পাটনা, রায়পুর, গান্ধীনগর, বেঙ্গালুরু, কোচিন, ভূপাল, পুনা, চণ্ডীগড়, মাদ্রাজ, কলকাতা ও অন্যান্য শহরে ২৫-৩০টি আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো অতীব মানসম্পন্ন আইন শিক্ষা জাতিকে উপহার দিয়ে আসছে। এসবের প্রাসঙ্গিকতায় বাংলাদেশের জন্য সৃষ্টিমুখী আইন শিক্ষার সুযোগ সৃষ্টি দেশের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্পূর্ণভাবে সরকারি পদক্ষেপ গ্রহণের ওপর নির্ভর করে। ভারত উপমহাদেশে আইনব্যবস্থা ‘কমন ল’ভিত্তিক। আনীত অপরাধীকে এ ব্যবস্থায় নিরপরাধ ভেবে আদালতে বিচার হয়। অভিযোগকারীকে আনীত অপরাধীর বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে হয়। এতে দীর্ঘসূত্রতার ঝামেলার অন্ত থাকে না। বিচারকের এ ক্ষেত্রে কোনো কিছু করার থাকে না বলা যায়। ‘সিভিল ল’ ব্যবস্থায় আনীত অপরাধীকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। ফলে কেউ যেন কারও বিরুদ্ধে অভিযোগ না আনতে পারে, সে জন্য প্রত্যেকেই নিজেকে পরিচ্ছন্ন রাখতে চায়। অহেতুক আন্দোলন ও নানা অপরাধ-সম্পৃক্ত কার্যকলাপ ‘সিভিল ল’ ব্যবস্থায় যথাসময়ে প্রশমিত করা সম্ভব হয়। সৃষ্টিমুখী আইন শিক্ষা প্রবর্তনে গতিশীল আইনব্যবস্থায় শান্তিশৃঙ্খলার স্থায়িত্ব জাতিকে উজ্জীবিত করতে পারে। আমাদের বাংলাদেশে আইন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারি তৎপরতা একান্ত কাম্য। বিভিন্ন দেশে আইন বিশ্ববিদ্যালয় স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠা লাভ করছে। এখনকার গতিশীল জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে—যেখানে সৃষ্টিসত্তার বিকাশ ঘটছে, বাংলাদেশের জন্য আইন বিশ্ববিদ্যালয় স্থাপনে এবং দেশের অগ্রযাত্রায় এর বিকল্প ভাবা যায় না।লেখক  অধ্যাপক, আইন ও বিচার বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। [email protected]