বাংলাদেশেই তৈরি হবে মুঠোফোন সেট
মুঠোফোন ব্যবহারকারীরা শিগগিরই দেশে তৈরি হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন। বাংলাদেশের দ্রুত বিকাশমান মুঠোফোন বাজারে চীনের ফোনিক্স গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মুঠোফোনের সেট তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা করছে।চীনা প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই বাংলাদেশে বাজার যাচাইয়ের কাজ সম্পন্ন করে এখানে হ্যান্ডসেট তৈরির কারখানা প্রতিষ্ঠার সব কিছু চূড়ান্ত করে এনেছে। গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের বেইজিং সফরকালে ফোনিক্সের প্রতিনিধিরা তাঁর সঙ্গে সাক্ষাত্ করে বাংলাদেশে তাঁদের বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন।এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয়ভাবে উত্পাদন শুরু করলে বাংলাদেশের মানুষ অপেক্ষাকৃত কম মূল্যে মুঠোফোন সেট কেনার সুযোগ পাবে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) এক হিসাব অনুযায়ী গত জুলাই পর্যন্ত বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ছয় কোটির বেশি। দিন দিন বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বাংলাদেশের মুঠোফোনের বাজার সম্পূর্ণভাবে আমদানিকৃত সেট-নির্ভর।—বাসস