বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন জ্যোতি বসু: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ জ্যোতি বসুকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু আখ্যায়িত করে আজ রোববার জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার আবদুল হামিদ শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জন সাংসদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। জ্যোতি বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের পর শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যেতি বসুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আজ আমাদের জন্য শোকের দিন। জ্যোতি বসুর মৃত্যুতে ভারত হারিয়েছে একজন মহান রাজনীতিবিদকে, বাংলাদেশ হারিয়েছে একজন শুভাকাঙ্ক্ষী ও অকৃত্রিম বন্ধু আর ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি একজন অভিভাববককে। এত প্রবীণ রাজনীতিবিদ বিশ্বে খুব কমই আছেন। জ্যোতি বসু শুধু একটি নাম নয়, একটি প্রতিষ্ঠান।’ প্রবীণ এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী কাল সোমবার কলকাতায় যাচ্ছেন বলেও সংসদকে জানান।প্রধানমন্ত্রী বলেন, এ উপমহাদেশে জ্যোতি বসু শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, ছিলেন একজন অভিভাবক। জ্যোতি বসুকে ঢাকার ছেলে হিসেবে আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া বাংলাদেশের এক কোটি মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধে শুধু সাহায্যই নয়, বাংলাদেশের মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন পরম মমতায়।প্রধানমন্ত্রী বলেন, গঙ্গার পানিচুক্তি করার সময় জ্যোতি বসুর অবদান ছিল অবিস্মরণীয়। বাংলাদেশের মানুষের সমস্যার কথা শুনলেই তিনি এগিয়ে আসতেন। তিনি বলেন, জ্যোতি বসুর সহযোগিতা ছাড়া পানিচুক্তি করা, গঙ্গার পানির ন্যায্য হিস্যা পাওয়া কঠিন হতো। পার্বত্য শান্তিচুক্তি করার সময়ও তাঁর যে অবদান, তা অবিস্মরণীয়।প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের নারায়ণগঞ্জে জ্যোতি বসুর রেখে যাওয়া বাড়িটিতে একটি লাইব্রেরি করা হবে।