বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ বিভাগের আগে লাহোরবাসী কোনো তরুণের পক্ষে পূর্ব বাংলা ও এর জনগণ সম্পর্কে জানার সম্ভাব্য উপায় ছিল তিনটি: হয় সে পূর্ব বাংলা সফর করে জনগণকে তাদের স্বাভাবিক পরিবেশে যার যার নিজস্ব পেশায় নিয়োজিত অবস্থায় দেখা; কিংবা লাহোর বা অন্য কোথাও কোনো বাঙালির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মিললে তার ভিত্তিতে একটা ধারণা তৈরি করে নেওয়া; অথবা পত্রপত্রিকার চোখ দিয়ে পূর্ব বাংলা ও এর জনগণকে বোঝার চেষ্টা করা।১৯৬৫ সাল পর্যন্ত আমার পক্ষে পূর্ব বাংলা সফর সম্ভব ছিল না; জনপ্রিয় পত্রপত্রিকার পূর্ব বাংলা ও এর জনগণ-সম্পর্কিত বিবরণও সত্যি বলে মেনে নেওয়া আমার পক্ষে কষ্টকর ছিল। এসব পত্রিকা পূর্ব বাংলার জনগণও ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করেছে, এটা যেন বিশ্বাস করতে পারছিল না বলে মনে হয়েছে। তারা যতই নিজেদের পাওনার কথা বলছিল, ততই এসব পত্রিকা তাদের ভেতর নানা দোষত্রুটি আবিষ্কার করছিল—তাদের গায়ের রং, শারীরিক বৈশিষ্ট্য, অমুসলিম শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা এবং ঠাকুরের [রবীন্দ্রনাথ] প্রতি তাদের সম্মান ইত্যাদি। সৌভাগ্যক্রমে পঞ্চাশের দশকের গোড়ার দিকে দ্য পাকিস্তান টাইমস-এ যোগ দেওয়ার সময় এমনি ধারণা থেকে ভালো রকম সুরক্ষা পেয়েছিলাম। এখানে সাংবাদিকেরা বাঙালিদের বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করতেন না, যদিও সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের [বাঙালিদের] বুঝতে পারতেন না।এভাবে পরিচিত অল্প কিছু বাঙালির শনাক্তমূলক বৈশিষ্ট্য মিলিয়ে পূর্ব বাংলার একটা ছবি ফুটিয়ে তোলা ছাড়া আমার ভিন্ন উপায় ছিল না। দেশ বিভাগের বছর দুয়েক আগে জুনিয়র ছাত্র হিসেবে আলীগড় মুসলিম ইউনিভার্সিটিতে ইউনিয়নের প্রেসিডেন্ট পদে ভাইস চ্যান্সেলরের সমর্থনপুষ্ট জনৈক খুদে নবাবের বিরুদ্ধে বাঙালি এ টি এম মুস্তাফার পক্ষে প্রচারণাকারী একদল র্যাডিক্যাল তরুণের মধ্যে নিজেকে স্বচ্ছন্দে আবিষ্কার করার পর শুরু হয়েছিল এই প্রক্রিয়ার। অবৈধ শক্তি প্রতিহত করার এটাই ছিল প্রথম সুখকর বাস্তব শিক্ষা। (এ টি এম মুস্তাফার পরে আইয়ুব খানের মন্ত্রী হওয়ার ব্যাপারটি ভিন্ন ও দুঃখজনক কাহিনি।)দেশ ভাগের পর লাহোরে পূর্ব পাকিস্তানের যে মানুষটি প্রথম মনোযোগ আকর্ষণ করেন, তিনি হলেন মাওলানা রাগিব আহসান। পাকিস্তানের খেলাফতের সংবিধানের খসড়া প্রণয়ন করেছিলেন তিনি, ইতিমধ্যে অস্তিত্ব লাভকারী দেশটির জন্য একটি আদর্শ নির্মাণে ব্যস্ত লাহোর গ্রুপ সাগ্রহে কাছে টেনে নিয়েছিল তাঁকে। বাংলায় যাজকদের সম্ভাব্য ভূমিকার এটা ছিল আগাম সতর্কসংকেত। কিন্তু সোহরাওয়ার্দীর আগমনের সঙ্গে সঙ্গে মাওলানা রাগিবের সৃষ্ট ভাবমূর্তি ফিকে হয়ে যায়।পশ্চিম পাকিস্তান থেকে অন্য অংশটি কত ভিন্ন, সেটা বোঝার ব্যাপারে আগ্রহী সবাইকেই সাহায্য করতেন সোহরাওয়ার্দী। তাঁর অস্থিরতা পূর্ব পাকিস্তানে পাকিয়ে ওঠা ঝড়ের একটা ধারণা দিয়েছিল এবং গণতান্ত্রিক দল হিসেবে দ্রুত সামান্য বিশ্বাসযোগ্যতাটুকু হারাতে বসা মুসলিম লীগের একটি প্রতিপক্ষ গড়ে তোলার লক্ষ্যে তাঁর প্রয়াস দেশ পরিচালনার ক্ষেত্রে বাঙালি জনগণের হতাশা তুলে ধরেছে। লাহোর হাইকোর্টে প্রথম মামলায় জয়লাভ করার পর পারিশ্রমিকের অর্থ তাঁর রাজনৈতিক মিত্রদের জন্য ঢাকা-লাহোর টিকিট কিনতে একজন সমর্থকের হাতে তুলে দিয়েছিলেন তিনি, তাদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল তাঁর। এটা লাহোরবাসীর কাছে অস্বাভাবিক ঠেকেছে।অন্য কয়েকজন বাঙালি বাংলার প্রতিকৃতি নির্মাণে বিস্তারিত তথ্য জুগিয়েছেন। যেমন—শ্রীধীরেন্দ্রনাথ দত্ত (জন্ম: কুমিল্লা ১৯৪৭ দেশ বিভাগ-পরবর্তী পাকিস্তান সাংবিধানিক সভার সদস্য) তিনি ঘোষণা করেছিলেন যে মূলনীতিসংক্রান্ত সিদ্ধান্ত একজন অ্যাডভেঞ্চারারের জন্য ঈশ্বর কর্তৃক নির্দেশিত পথে শাসন করার পদবি দাবি করে বসার পথ খুলে দেবে। অথবা মৌলভি নূর আহমেদ (জন্ম: চট্টগ্রাম, ১৯৪৭ দেশ বিভাগের পর পাকিস্তান পাকিস্তান সাংবিধানিক সভার সদস্য), অন্য যে কারও তুলনায় জনগণের স্বার্থসংশ্লিষ্ট অধিকতর প্রশ্ন উত্থাপন করে সংসদের প্রশ্নোত্তর পর্বকে অর্থপূর্ণ করে তুলেছিলেন। ছিলেন সিভিল সার্ভিসে বাঙালি যোগদানকারীরাও, যাঁরা লাহোরে প্রশিক্ষণ লাভ সত্ত্বেও দরিদ্র ভাড়াটের ওপর নির্যাতন চালানোর জন্য পুলিশকে ভর্ৎসনা করতে পারতেন। এবং ঢাকা থেকে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের একটি দল এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল, যেখানে আইয়ুবের পুরস্কার বিতরণের কথা ছিল (শেষ মুহূর্তে পিছু হটে তথ্যমন্ত্রী হাবিবুর রহমানকে পাঠিয়েছিলেন তিনি), যাঁর নতুন স্যুট ও কর্তৃত্বপরায়ণ বক্তৃতার ঢং আমাকে জার্মান অভিনেতা এমিল জেনিংসের গেস্টাপোদের অগ্রাহ্য করার কায়দার কথা মনে করিয়ে দিয়েছিল।আইয়ুব খান যখন পাকিস্তানের অখণ্ডতার বিনাশ ঘটাতে শুরু করে ততক্ষণে রাষ্ট্রের অর্ধাংশ পূর্ব বাংলা র্যাডিক্যাল অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে; পাশাপাশি জনগণকেও গণতান্ত্রিক অধিকার, সামাজিক ন্যায়বিচার রক্ষার আন্দোলনের পুরোধায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। ১৯৫৪ সালের বেশ কয়েকটি ঘটনা বিষয়টি নিশ্চিত করে: যুক্তফ্রন্ট জনপ্রিয় রায়ে মুসলিম লীগকে ধরাশায়ী করে আর পশ্চিম পাকিস্তানে তা প্রাসাদ ষড়যন্ত্রের ভেতর দিয়ে একজন দাসমালিকের হাত থেকে আরেক দাসমালিকের হাতে যায়; পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নিষেধাজ্ঞা সত্ত্বেও কার্যক্রম চালিয়ে যায়, অন্যদিকে এর পশ্চিম শাখা কোনোমতে রক্ষা পায়; পশ্চিম পাকিস্তানের বিরোধীদলীয় জোট কেবল মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগের ভগ্নাংশ ন্যাশনাল আওয়ামী পার্টি গঠনের লক্ষ্যে যোগ দেওয়ার পরই জোরদার হয়ে ওঠে; এবং স্বাধীন মত প্রকাশের পক্ষে পূর্ব বাংলার সাংবাদিকদের শক্ত অবস্থান ও স্বৈরাচারের বিরুদ্ধে অটল প্রতিরোধ পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসকে অন্যান্য প্রাচীন ও বৃহত্তর ট্রেড ইউনিয়নের ঈর্ষার পাত্রে পরিণত করতে সাহায্য করেছিল।পূর্ব বাংলার এই ইমেজ অবশ্যই পশ্চিম পাকিস্তানের সিংহভাগ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি (হলে ইতিহাস হয়তো অন্য রকম হতো), বিভিন্ন বর্ণের স্বদেশি স্বৈরাচারে এমনই অভ্যস্ত ছিল তারা যে বাঙালিদের প্রতিটি পদক্ষেপকেই ভুল ব্যাখ্যা করেছে। অবশ্য দুই অংশের জনগণের মঙ্গলের স্বার্থে পূর্ব-পশ্চিম সহযোগিতার পক্ষের কণ্ঠস্বরকে সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া সম্ভব হয়নি। তেমনি একটি কণ্ঠস্বর শোনা যায় ১৯৭১ সালের গোড়ার দিকে, যখন পিপলস পার্টির ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ রশিদ দলীয় সাংসদদের এক সম্মেলনে উঠে দাঁড়িয়ে ভুট্টোকে ছয় দফা দাবি মেনে নিয়ে শেখ মুজিবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে বলেছিলেন, ‘তাতে আমাদের দেশের জমিদারদের উৎখাত করা সহজ হবে।’আর্থসামাজিক পরিবর্তনের সম্ভাবনাময় চালিকাশক্তি হিসেবে পূর্ব বাংলার এই ইমেজ ১৯৬৪ সাল থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন সফরের সময় আমার মধ্যে নিশ্চিত হয়েছিল।ঢাকাকে চেনার বিভিন্ন সফরের প্রথমটি ছিল চিত্রসমালোচক ও একটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর সংগঠক হিসেবে। ঢাকার চলচ্চিত্রনির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক ও চিত্রসমালোচকেরা লাহোরে তাঁদের প্রতিপক্ষের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধাঁচের ছিলেন। তাঁদের মোকাবিলা করা সমস্যাগুলো লাহোরের কারও চোখে পড়া সমস্যার চেয়ে ঢের বেশি কঠিন ছিল। অনেকে ছিল যারা চট করে সস্তা পণ্যের বিনিময়ে পয়সা কামাতে ইচ্ছুক ছিল, তবে চলচ্চিত্রকে গুরুত্বের সঙ্গে গ্রহণ ও সামাজিকভাবে সংশ্লিষ্ট বিষয়কে বিনোদনমূলক চলচ্চিত্রের চেয়ে বেশি গুরুত্বদানকারীর সংখ্যা বেশি ছিল না। আইয়ুব সরকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ‘টোপ’ দিয়ে ফায়দা লুটতে চেয়েছিল, কিন্তু সরকারের প্রচারযন্ত্র থেকে তাদের সরাসরি প্রত্যাখ্যান, পরে চলচ্চিত্র বাদ দিয়ে সরকারকে টিভির প্রতি মনোযোগী হতে চালিত করে।উৎসব চলাকালীন একটা ঘটনার কথা এ মুহূর্তে মনে পড়ছে। সত্যজিৎ রায়ের মহানগর ছবি দিয়ে শুরু হওয়ার কথা ছিল দিনে একটা করে চলচ্চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান। ম্যাটিনি শোর সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সিনেমা হলের জনতা সামাল দেওয়ার অতীত বেড়ে উঠেছিল। লাঠিপেটা শুরু করে দিয়েছিল পুলিশ। জহির রায়হান তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে জনতার উদ্দেশে একটি আবেদন রাখার পরামর্শ দিয়েছিলেন। অবশ্য তিনটি শোর পরিবর্তে পরদিন বিকেল পর্যন্ত রায়ের ছবি প্রদর্শনীর ঘোষণা দিয়ে যত দূর সম্ভব লোককে স্থান দেওয়ার উপায় পাওয়া গিয়েছিল। দুর্ভাগ্যক্রমে পশ্চিম পাকিস্তানি আমলারা অস্থির জনতাকে কীভাবে সামাল দিতে হয়, সেটা শিখতে অনেক দেরি করে ফেলেছিলেন। ৩০ বছর পর এখনো ঢাকায় চলচ্চিত্র নির্মিত হতে দেখি বটে, কিন্তু ষাটের দশকের সেই উদ্দীপনা হারিয়ে গেছে।১৯৬৬-৭০ সাল সময়কালে আমার সফরগুলোর সময় পূর্ব বাংলার জনগণকে প্রত্যক্ষ করা ও তাদের বোঝার সবচেয়ে বেশি সুযোগ হয়েছিল আমার। এক নতুন ধরনের মোটামুটি ধনী গোষ্ঠী আজিমপুর রোড থেকে ইস্কাটন ও ধানমন্ডির মতো এলাকায় নতুন কেতার আবাসিক এলাকা উপভোগ করতে শুরু করেছিল। তরুণ র্যাডিক্যালরা নিজেদের কেবল ঢাকা ক্লাব থেকেই বিচ্ছিন্ন করে নেয়নি, তারা সেখানে যাতায়াতকারী পশ্চিম পাকিস্তানি বন্ধুদেরও তির্যক চোখে দেখেছে।১৯৬৮ সাল নাগাদ ঢাকা ব্যাপকভাবে বদলে গিয়েছিল, হাওয়া কোন দিকে বইছে বোঝা কঠিন ছিল না। ধরা যাক, আমি যাঁর আতিথ্য নিয়েছি তাঁর ১৯-২০ বছরের ছেলে চলচ্চিত্রনির্মাতা, অভিনেতা, সংগীতকার, সুরকার খান আতাউর রহমানের সঙ্গে কথোপকথন থেকে বাঙালি জাতির বিচ্ছিন্নতার গভীরতা সম্পর্কে একটা ধারণা পাওয়া সম্ভব। এক রেস্তোরাঁর আঙিনায় প্রসঙ্গটি তুলেছিলেন তিনি: ‘বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু ছয় দফা ছাড়া কোনো আলোচনা হবে না।’ ঢাকাই রাজনীতির শোরগোল থেকে দূরে চট্টগ্রাম থেকে ঢাকায় বেড়াতে আসার পথে সাধারণ গ্রামবাসী কীভাবে কারা-প্রকোষ্ঠের মতো এক টুকরো জমিনের ওপর নির্ভর করে জীবন যাপন করে কিংবা কীভাবে একজন দরিদ্র ব্যক্তি সাপ্তাহিক হাটে একজোড়া মোরগ বিক্রি করে প্রকট দারিদ্র্যের মোকাবিলা করার আশা করে, সেটা দেখার সুযোগ করে দিয়েছিল আমাকে। বেঁচে থাকার কোনো কারণবিহীন নারী-পুরুষের এক বিশাল সমাবেশ!১৯৯০ সালের গোড়ার দিকে ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে বিগত দুই দশককালে বাংলাদেশের মানুষ কিসের ভেতর দিয়ে গেছে, সেটা দেখতে পাবে যে কেউ। গণতন্ত্রের অকুতোভয় অগ্রনায়কদের একের পর এক সামরিক স্বৈরাচারের কাছে আত্মসমর্পণ করতে দেখে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। রবীন্দ্রনাথ, নজরুল ও জসীমউদ্দীনের কবিতার স্বাদ আস্বাদন করেছিলেন যাঁরা, তাঁরাই এরশাদের কবিতার বলাৎকারের তারিফ করেছেন। কিন্তু রাজনৈতিক দৃশ্যপট কাউকে বিষণ্ন করলেও বাংলাদেশিদের জন্য সুশীল সমাজের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত অংশের প্রয়াসে আশাবাদী হওয়ার অবকাশ ছিল।তবে ১৯৯৬ সালে এক নতুন বাংলাদেশকে চিনতে শুরু করেছিলাম আমি। খুশি হওয়ার মতো অনেক কিছুই ছিল, আবার উদ্বিগ্ন হওয়ার মতো বেশ কিছু ব্যাপারও ছিল। গণতন্ত্রের ঢাকঢোল বেশ শক্তিশালী মনে হলেও রাজনৈতিক দলগুলোর ওপর চালানো আক্রমণ উদ্বেগের সৃষ্টি করেছিল। গণতান্ত্রিকভাবে নির্বাচিতরা গণতান্ত্রিকভাবে শাসনের যোগ্যতা দেখাতে পারেনি। নব্য ধনীর এক বিরাট গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লোটার জন্য অবৈধভাবে অর্জিত সম্পদ কাজে লাগাতে বদ্ধপরিকর ছিল। ধর্মনিরপেক্ষতার সমর্থকেরা পশ্চাৎপদ মোল্লাদের সঙ্গে দহরম-মহরমে লালায়িত ছিল। স্বার্থবাদী রাজনৈতিক বৈদ্যরা বাংলাদেশের জনগণ বাঙালি না বাংলাদেশি, তাই নিয়ে এক অসুস্থ বিতর্ক জন্ম দিয়েছিল। সরকারি ভবনের দেয়ালে বড় বড় অক্ষরে ধর্মীয় বাণীর প্রদর্শনীকে কেবল কপটাচারে আত্মতৃপ্তি লাভের নির্লজ্জ প্রয়াস হিসেবেই ব্যাখ্যা করা যেতে পারে। একই সময়ে আর্থসামাজিক উন্নয়নের চালিকাশক্তি হওয়ার বাংলাদেশের দাবি তুলতে ধরতে আবির্ভূত হয়েছিলেন একদল ব্যক্তি। দরিদ্র সাধারণের মধ্যে বিপ্লব নিয়ে এসেছেন তাঁরা। অপরাধী চক্রের হাতে শোষিত হওয়ার জন্য প্রতিদিন ঢাকার ঘাটে ছোট ছোট মেয়েকে নিয়ে আসার দিন আর নেই। এখনো শোষণ থেকে মুক্ত না হলেও বাংলাদেশি মেয়েরা অর্থনীতিকে প্রতিষ্ঠা করতে প্রধান ভূমিকা পালন করছে, সামাজিক মূল্যবোধ পাল্টে দিচ্ছে। বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে নজির স্থাপন করেছে, প্রতিবেশী দেশগুলো তার অনুসরণ করতে আগ্রহী। ঢাকা থেকে বাইরে যাওয়ার পথে এখনো চোখে পড়ে যে সাধারণ মানুষ দারিদ্র্যের ফাঁদে বন্দী, কিন্তু বেঁচে থাকার কারণ ও আশা—এই দুয়েরই সন্ধান পেয়েছে তারা।পরবর্তী সফরগুলো নিশ্চিত করেছে যে বাংলাদেশ উল্লেখযোগ্যসংখ্যক পথনির্দেশককে অনুপ্রাণিতকারী মুক্তিযুদ্ধের পথের সুফল লাভ করতে চলেছে। চার দশক আগেও স্বপ্নের অতীত মহিমার দিকে জনগণকে চালিত করেছেন তাঁরা। কিন্তু এই ঐতিহাসিক অভিজ্ঞতা অনেককেই পেছনে ফেলে এসেছে, নিজেদের কর্মধারাকে ঠিক করার প্রয়োজন বুঝতে পারেনি তারা। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সব মানবীয় সমাজই তাদের মধ্যে দুর্বল ও ব্যর্থদের সঙ্গে খাপ খাওয়াতে পারে, যতক্ষণ তারা প্রান্ত থেকে ফিরে আসার ক্ষমতা রাখছে। বাংলাদেশ ক্ষমতার ব্যবহার ও অপব্যবহার নিয়ে আন্তসামাজিক সংঘাতসহ নানাবিধ সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে লড়াই করার পাশাপাশি নজিরও স্থাপন করছে এবং সেটা বিশ্বাসযোগ্যতার সঙ্গেই।ভাষান্তর: শওকত হোসেন আই এ রহমান: সাংবাদিক, পরিচালক, পাকিস্তান মানবাধিকার কমিশন