বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অন্তত ৫০০ কোটি ডলার দেওয়া উচিত এবং তা ঋণ নয়, মঞ্জুরি হিসেবে। কেননা, প্রস্তাবিত ট্রানজিট-সুবিধার কথা বিবেচনা করলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নকে ভারতের নিজের উন্নয়ন হিসেবেই দেখেতে হবে।গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রথম আলোর সঙ্গে আলাপকালে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে এ কথা বলেন। ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে বাংলাদেশের সুহূদ বলে পরিচিত ভারতের এই অন্যতম প্রধান কূটনীতিক। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে অন্তত তিনটি কাজ করতে হবে। প্রথমত, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া; দ্বিতীয়ত, ভারতের বাজারে যেসব বাংলাদেশি পণ্যের চাহিদা আছে, সেসবের জন্য ভারতের বাজার উন্মুক্ত করা এবং তৃতীয়ত, অভিন্ন নদীগুলোর পানি বণ্টনে একটি ব্যাপকভিত্তিক সমঝোতায় আসা।গত বছর জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ফলাফল সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে মুচকুন্দ দুবে বলেন, ভারত বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই টাকা খুবই সামান্য। এতে অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করা যাবে না। আর যেহেতু এ অবকাঠামো উন্নয়নে ভারতই বেশি লাভবান হবে, সেহেতু অর্থ দিতে হবে মঞ্জুরি হিসেবে। বাণিজ্যবৈষম্য প্রসঙ্গে মুচকুন্দ দুবের মত, ভারতের পক্ষ থেকে কোনো নেতিবাচক তালিকা রাখা যাবে না। সব ধরনের ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করতে হবে।মাত্র এক সপ্তাহ আগে মুচকুন্দ দুবে ঢাকা সফর করে এসেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতি ও দিল্লির জামিয়া মিলিয়া ইসলামীয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক রবীন্দ্র উৎসবে যোগ দিতে। এ আয়োজনের অন্যতম উদ্যোক্তাও তিনি।বাংলাদেশে কোনো পরিবর্তন লক্ষ করেছেন কি না—জানতে চাইলে মুচকুন্দ দুবে বললেন, ঢাকা শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। মানুষ বাড়ছে। কিন্তু সে অনুযায়ী রাস্তাঘাট না বাড়ার ফলে যানজট বেড়েছে। রাজনীতিতে পরিবর্তনের কোনো লক্ষণ পর্যবেক্ষণ করছেন কি না, জানতে চাইলে ভারতের ব্যতিক্রমী ধ্যান-ধারণার এই কূটনীতিক সরাসরি উত্তর না দিয়ে বললেন, দু-তিন বছর আগে রাজনীতিতে যে অনিশ্চয়তা ছিল, তা এখন আর নেই।দিল্লিতে বাংলাদেশের ন্যায্য দাবির পক্ষে ভারতের যে মুষ্টিমেয় ব্যক্তি সোচ্চার, মুচকুন্দ দুবে তাঁদের মধ্যে অগ্রগণ্য। অসুস্থ শরীরেও তিনি ঢাকা যান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলতে। ভারতের নীতিনির্ধারকদেরও বোঝাতে চেষ্টা করেন, বড় দেশ হিসেবে ভারতকেই বেশি ছাড় দিতে হবে। তা ছাড়া বাংলাদেশ নিয়ে ভারতের যে উদ্বেগ ছিল, বর্তমান সরকার সে ব্যাপারে যথেষ্ট কার্যকর ভূমিকা নিয়েছে। এর বিনিময়ে ভারতকেও বড় কিছু দিতে হবে এবং এ ব্যাপারে দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তিনি।কেবল অর্থনৈতিক সম্পর্ক জোরদার নয়, দুই দেশের সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতেও মুচকুন্দ দুবে গত শতকের আশির দশক থেকে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে দিল্লিতে প্রথম বাংলাদেশি কবিদের কবিতা পাঠের আয়োজন হয়। তিনি নিজে শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণের কবিতার ভক্ত। বাংলাদেশি বেশ কজন কবির কবিতাও আবৃত্তি করেছেন। দুবের মতে, স্বাধীনতার পর বাংলাদেশের কবিতা পশ্চিমবঙ্গের কবিতা থেকে অনেক এগিয়ে গেছে।