২০১১ ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে শুরু হওয়া এই ধারাবাহিকে আজ থাকছে ১৯৯৯ বিশ্বকাপ। লিখেছেন রণজিৎ বিশ্বাসএকটি দেশ এই বিশ্বকাপ টুর্নামেন্টে নিজের অভিষেকের ক্ষণে ক্রিকেট-বিশ্বকে নতুন এক গান শোনাল। মহানায়ক উত্তমকুমারের পৃথিবী আমারে চায়-এর বহুশ্রুত এক গানের কয়েকটি শব্দ তারা পাল্টে বসাল: ‘দূরের মানুষ কাছে আস শুনতে আমার ক্রিকেটগান/ শোনাব এক নতুন কথা—আমরা হব সবার সমান।’গান শেষে দেখা গেল, সবার সমান শুধু নয়, আবির্ভাব-মুহূর্তের একটি বিবেচনায় তারা সবার চেয়ে এগিয়েও গেল। বিশ্বকাপ ক্রিকেটে টেস্ট পরিবারের বাইরে থেকে এসে কোনো দল তাদের আগে জোড়া ম্যাচ জিততে পারেনি।পাঁচটি ম্যাচ তারা খেলল, সেবারের ‘বি’ গ্রুপে, দুটো পরাজয়ের পর (নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে, তাও আবার ৩৭.৪ ওভার খেলে মাত্র ১১৬ রানের পুঁজি দাঁড় করিয়ে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে) সবার ধারণা হওয়ারই কথা, ‘ওরা আর কী দেখাবে নতুন ছবি! শেষ পর্যন্ত যেমন হবার তেমন হবি!’না, ‘যেমন হবার তেমন হবি’ হলো না। নিজের গ্রুপে তিনটি বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে (ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান) লড়ার পরও না। বরং, শেষ ম্যাচটি তারা শেষ করল একটি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়ে দিয়ে। নিজেদের ২২৩ রানের (৫০ ওভারে ৯ উইকেটে) জবাব দিতে বসা পাকিস্তানিদের ১৬১ রানে (৪৪.৩ ওভারে) সব প্রাপ্য বুঝিয়ে দিয়ে ছাউনিতে পাঠিয়ে দিল। জন্মরণের মহাবিজয়ে গৌরবময় বৃহৎ জাতির ‘ছোট’ দেশটি কিন্তু আকাশতল ও ধূলিপরের সর্বসুন্দর স্বাধীন ভূখণ্ডের এককাট্টা দলটি, ৩১ মে নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে, তাদের মুখের ওপর বলে বসল—পাওনা তোদের গুনে নিয়ে এবার তোরা বাড়ি যা। সংশয়বাদী পর্যবেক্ষকদের চোখের মণিতে ছানার বড়া তৈরি করা দেশটির নাম ‘বাংলাদেশ’।১৯৯৯ সালের বিশ্বকাপ (শ্রেষ্ঠত্বের সপ্তম আসর) যে ছবি নতুন দেখাল, তা একটি সারিতে এখনো ফ্রেমবন্দী। মহাকুলীন টেস্ট পরিবারে অপাঙেক্তয় কোনো দল প্রথম আসরে কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে হারাতে পারেনি। তার পরেও কেউ নয়।তবে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে চ্যাপ্টে গিয়ে চাতালপরে শুয়ে পড়ে পিঠের পরে ধূলি লাগানো এই দলটি শেষ পর্যন্ত ফাইনাল খেলেছিল। আগের বার (১৯৯৬) নিজেদের দেশে রানার্সআপ হওয়া দলটির (অস্ট্রেলিয়া) সঙ্গে।অনিশ্চয়তার নিশ্চিত সঙ্গী দলটি সেখানে হেলায় ফেলায়, বাড়ি ফিরতে ব্যস্ত হওয়া বড় খেয়ালি অথবা মহা কোনো উদাসীন বালকের মতো বসিয়ে দিল আরেক ইতিহাস। ইতিহাসের সবচেয়ে ছোট ফাইনাল। সবচেয়ে একতরফা ফাইনাল। ১০০ ওভারের খেলা ৫৯.১ ওভারে শেষ। টস জেতা পাকিস্তান ৩৯ ওভারে ১৩২ (শেন ওয়ার্ন ৯ ওভারে ৪/৩৩), অস্ট্রেলিয়া ২০.১ ওভারে ১৩৩/২ (গিলক্রিস্ট ৩৬ বলে ৫৪)।১৯৯৯-এর বিশ্বকাপ আইসিসি-কোয়ালিফাইয়ারদের মধ্যে বাংলাদেশের সঙ্গে পেয়েছিল কেনিয়া ও স্কটল্যান্ডকে। স্কটল্যান্ড তার আবির্ভাবক্ষণে আয়োজক হওয়ার ঘটনার সঙ্গে যুক্ত হয়। দুটি ম্যাচ তাদের মাঠে হয়েছিল (রেইবার্ন প্লেইস, এডিনবরা), দুটিতেই তারা হার মেনেছিল। কঠিন যুদ্ধ করে বাংলাদেশের কাছে এবং একেবারেই কোনো যুদ্ধ না করে (১৭.৫ ওভারের মধ্যে ৬ উইকেটের পরাজয়) নিউজিল্যান্ডের কাছে।চারটি দেশ ১৯৯৯-এর বিশ্বকাপের ভেন্যু দিয়েছিল। মূলত ইংল্যান্ডেই চতুর্থবারের মতো আয়োজিত টুর্নামেন্টের চারটি ভেন্যু ছিল নেদারল্যান্ডের আমসটেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ড, আয়ারল্যান্ডের ডাবলিনের ক্যাসল এভিনিউ (নিজেরা অংশগ্রহণ না করেও আয়োজক/ ওয়েলস ও নেদারল্যান্ডও তাই) ওয়েলসের কার্ডিফের সোদিয়া গার্ডেনস ও স্কটল্যান্ডের এডিনবরার দ্য গ্রেইঞ্জ।সেমিফাইনাল থেকে বাদ পড়া ভারতের রাহুল দ্রাবিড় টুর্নামেন্টের সেরা স্কোরার (৪৬১)। সবচেয়ে বেশি শিকার (২০) দুজনের। নিউজিল্যান্ডের জিওফ অ্যালট ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (প্লেয়ার অব দ্য সেমিফাইনাল ও প্লেয়ার অব দ্য ফাইনাল)। ব্যাটে হারাই না উইকেটে ছাড়াই (১৭) খেল দেখাতে দেখাতে ক্রিজে থাকা অবস্থায় সেমিফাইনাল-টাই (অস্ট্রেলিয়া ২১৩, দক্ষিণ আফ্রিকা ২১৩ সুপিরিয়র রান রেট অস্ট্রেলিয়াকে দেয় ফাইনাল বার্থ) এড়িয়ে দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।