দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের কূটনীতিকের চার বছরের শিশুকন্যা। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার শিশুর প্রাণহানির খবরটি নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অণু বিভাগের মহাপরিচালক আল্লামা সিদ্দিকী আজ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার উপকূলীয় শহর ল্যামবার্টস বে থেকে কেপটাউন ফেরার পথে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের অস্থায়ী হাইকমিশনার ও প্রথম সচিব মোহাম্মদ মিজানুর রহমানের গাড়ির চাকা খুলে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমানের শিশুটির মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা) কেপটাউন থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরের শহরটি পেরোনোর সময় অস্থায়ী হাইকমিশনারের গাড়ির চাকা খুলে যায়। এতে মূল সড়ক থেকে গাড়িটি ছিটকে পড়ে। ওই দুর্ঘটনায় অস্থায়ী হাইকমিশনার, তাঁর পরিবার ও চালক সবাই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের কেপটাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।