দেশ টিভিতে মঙ্গলবার রাতে কল-এর গান অনুষ্ঠানের শিল্পী ছিলেন ভারতের বাংলা গানের এ সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা। ওই দিন দুপুরে তিনি ঢাকায় আসেন। অনুষ্ঠানের পর গতকাল বুধবার সকালে ঢাকা ক্লাবে কথা হলো এই শিল্পীর সঙ্গে। আপনি তো আরও একবার বাংলাদেশে এসেছিলেন।হ্যাঁ। আমি প্রথম বাংলাদেশে আসি বছর দেড়েক আগে। একটি দ্বৈত অ্যালবামের কাজ ছিল। ফুয়াদ আর আরফিন রুমী গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছিলেন। অ্যালবামে আমার সহশিল্পী ছিলেন দূরবীন ব্যান্ডের কণ্ঠশিল্পী শহীদ। এবার এসে জানতে পারলাম, অ্যালবামটি নাকি আগামী ভালোবাসা দিবসে বাজারে আসবে। আপনার এবারের আসাটা তো একটু অন্যরকম।ঠিকই বলেছেন। কারণ এবার দেশ টিভির একটি লাইভ অনুষ্ঠানে গান করতে এসেছি। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এবারই প্রথম গান করলাম। বাংলাদেশের শ্রোতাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পেরেছি। তাই এবারের সফরটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি ভাবতেও পারিনি, বাংলাদেশের শ্রোতারা আমার গান এতটা শোনেন। অনুষ্ঠানটা করতে গিয়ে রীতিমতো অবাক হয়েছি। বাংলাদেশের অনেক গুণী শিল্পী কল-এর গান অনুষ্ঠানে আমাকে ফোন করেছেন। এটা আসলে আমার ধারণার বাইরে ছিল।আপনি ঢাকার একটি ছবিতে গান করেছেন। ওটার খবর বলুন।ধানমন্ডি ৮ ছবিতে গান করেছি। গানের কথা হলো—‘এই নীল নির্জনে, পথেরই অনন্তে দুজনে/ ভিজিয়ে দেবে হূদয়, শুধুই সুরের প্লাবনে’। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী আর সুর করেছেন কাজী শুভ। দেশ টিভির অনুষ্ঠানে গান করার পর এখন বাংলাদেশে আরও বেশি কাজ করার আগ্রহ তৈরি হয়েছে।বাংলাদেশ থেকে নিজের একক কোনো অ্যালবাম করার কথা ভেবেছেন?ওই যে বললাম, আগ্রহের মাত্রাটা অনেক বেড়ে গেছে। এখানকার শ্রোতা এবং মানুষ সম্পর্কে অন্যরকম ধারণা তৈরি হয়েছে। সত্যি কথা বলতে, আসলে এখন বাংলাদেশ থেকে অ্যালবাম করার আগ্রহটা জন্মেছে। যদি এ দেশের কেউ আমার অ্যালবাম করতে ইচ্ছে প্রকাশ করেন, তাহলে আমি সানন্দে রাজি হব। বাংলাদেশের আতিথেয়তায় আমি অভিভূত। বারবার এখানে আসতে চাই।কোথাও বেড়ানোর সুযোগ পেয়েছেন?মঙ্গলবার এসে বেড়ানোর সুযোগ হয়নি। বুধবার সকালে ঢাকার কয়েকটি জায়গায় ঘুরেছি। এ ছাড়া কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছি। বাংলাদেশের শাড়ি আমার ভীষণ পছন্দ। তাই নিজের জন্য কয়েকটি শাড়ি কিনেছি। আজ (বুধবার) বিকেলেই কলকাতায় ফিরে যাচ্ছি। মনজুর কাদের