বাংলাদেশের আন্তর্জাতিক ঋণ মান স্থিতিশীল রয়েছে
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণ মান প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) বাংলাদেশের অর্থনৈতিক ধারাবাহিক পরিস্থিতিকে স্থিতিশীল বলে প্রত্যয়ন করেছে। তাদের প্রত্যয়ন অনুসারে বাংলাদেশের বার্ষিক ঋণ মান হচ্ছে বিবি (-)। এসঅ্যান্ডপি এবং অপর ঋণ মান প্রতিষ্ঠান মুডিস চার বছর ধরেই বাংলাদেশের আন্তর্জাতিক ঋণ মানকে স্থিতিশীল অবস্থায় থাকার ঘোষণা করে আসছে। গত ৩০ মে সর্বশেষ এসঅ্যান্ডপি তাদের প্রত্যয়ন ঘোষণা করে।বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তি ও এসঅ্যান্ডপির ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি সময়ে এসঅ্যান্ডপির প্রতিনিধিরা ঢাকা সফরে আসেন। সে সময়টা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ছিল। এর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতায় প্রতিষ্ঠানটি আগের বছরগুলোর মতো ঋণ মানকে স্থিতিশীল বলে মত দিয়েছে। বাংলাদেশের এই অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। ভারত ঋণ মানের দিক থেকে বাংলাদেশ থেকে একধাপ এগিয়ে আছে। ভারতের ঋণ মান বিবিবি (-)। বাংলাদেশ থেকে পিছিয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ঋণ মান বি (+) এবং পাকিস্তানের ঋণ মান বি (-)। বাংলাদেশের সমমানের অর্থাত্ ঋণ মানের দিক থেকে বিবি (-) একই পর্যায়ে আছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া ও নাইজেরিয়া।বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রকৃত মাথাপিছু আয় ৫ শতাংশের বেশি হারে বাড়ছে, যা কম আয়ের অর্থনীতির দেশের জন্য শক্তিশালী। এসব পরিস্থিতি বিবেচনায় দীর্ঘমেয়াদে বাংলাদেশকে বিবি (-) এবং স্বল্প মেয়াদে ‘বি’ ঋণ মান দেওয়া হয়েছে। এসঅ্যান্ডপি বলেছে, এ ধরনের স্থিতিশীল ঋণ মান দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ও বৈদেশিক ঋণ গ্রহণের নিশ্চয়তা দেয় এবং একই সঙ্গে তা পুনঃ অর্থায়ন ঝুঁকিকে কমায়। এসব অগ্রগতি রাজস্ব ও মূল্যস্ফীতির ঝুঁকি কমায় এবং আগামী নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক পরিস্থিতি তা এই ধরনের ঋণ মানে কোনো প্রভাব ফেলবে না।বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসঅ্যান্ডপি প্রতিনিধিদল ঢাকা সফরকালে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এসব জায়গা থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের ঋণ মান নির্ধারণ করেছে সংস্থাটি।