বাংলাদেশের আর্থিক সমৃদ্ধি আগামী বছর ভালো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালপ ইন্টারন্যাশনালের চালানো বিশ্বব্যাপী জরিপে বলা হয়েছে, আগামী বছরটি (২০১১ সাল) হবে বাংলাদেশের আর্থিক সমৃদ্ধির বছর। জরিপে অংশগ্রহণকারীদের অধিকাংশ (৪৬ শতাংশ) এই আশাবাদ ব্যক্ত করেছেন। তবে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশের ভয়, বেকারত্ব বাড়তে পারে। ২৩ শতাংশ মনে করেন, বছরটি হবে অর্থনীতির জন্য কঠিন। আর আগামী বছরও দেশের আর্থিক পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীদের ২৮ শতাংশ। গ্যালপের স্থানীয় সহযোগী হিসেবে বাংলাদেশে এই জরিপ চালিয়েছে ওআরজি কোয়েস্ট।বৈশ্বিক আশা-নিরাশার ব্যারোমিটার (দ্য গ্লোবাল ব্যারোমিটার অব হোপ অ্যান্ড ডেসপেয়র) নামে এই জরিপ ১৯৭৭ সাল থেকে চালিয়ে আসছে গ্যালপ ইন্টারন্যাশনাল। এ বছর ৫৩টি দেশে এ জরিপ চালানো হয়। এসব দেশের মধ্যে আছে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭ ভুক্ত সব দেশ এবং উদীয়মান অর্থনৈতিক শক্তি বলে পরিচিত ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। আছে সব মহাদেশের আরও ৪২টি দেশ। জরিপে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের ৬৪ হাজার নারী-পুরুষ। এই জরিপে ভ্রান্তি ধরা হয়েছে -৩-৫ থেকে +৩-৫ পর্যন্ত। এই জরিপের অংশ হিসেবে ওআরজি কোয়েস্ট বাংলাদেশের সাতটি বিভাগের ২০টি জেলার তিন হাজার নারী-পুরুষের মতামত নিয়েছে। সবার কাছে একটি অভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হয়: আপনি কি বলতে পারেন ২০১১ সাল অর্থনৈতিক সমৃদ্ধির, না কষ্টের, না একই রকম থাকবে। জরিপে অংশ নেওয়া বাংলাদেশিদের আগামী বছর সার্বিকভাবে দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। এই প্রশ্নের উত্তরে ৬০ শতাংশ বলেন, দেশের পরিস্থিতি ভালো হবে। তবে ১৪ শতাংশের উত্তর ছিল নেতিবাচক। তাঁদের মতে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। ২৪ শতাংশ অবশ্য মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। দেশের বেকারত্ব নিয়ে এক প্রশ্নের উত্তরে ১৮ শতাংশ আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী বছর বেকারত্ব খুব বেশি বেড়ে যাবে। ৩৩ শতাংশ মনে করেন, বেকারত্ব কিছুটা বাড়বে। অর্থাৎ বেকারত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা করেন মোট ৫১ শতাংশ। ১৩ শতাংশ মনে করেন, বেকারত্ব আগের মতোই থাকবে। তবে ২৯ শতাংশের উত্তর ছিল বেকারত্ব কিছুটা কমবে। আর ৫ শতাংশ মনে করেন, বেকারত্বের হার অনেক কমে যাবে।জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ বাংলাদেশি মনে করেন, আগামী বছর বিশ্ব অর্থনীতি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। ২৩ শতাংশের মতে, বিশ্ব অর্থনীতি আরও কঠিন সংকটের মধ্যে পড়বে। আর ২৮ শতাংশের মতে, পরিস্থিতি আগের মতোই থাকবে।সারা বিশ্বের প্রেক্ষাপটে পরিচালিত জরিপে দেখা যায়, বিশ্বের ৪৫ শতাংশ মনে করেন, আগামী বছর বেকারত্বের হার বেড়ে যাবে। ২৭ শতাংশ মনে করেন, এই হার কমবে এবং ২৩ শতাংশের মতে, এই পরিস্থিতি থাকবে আগের মতোই।বিশ্ব অর্থনীতি সমৃদ্ধির পথে যাবে বলে মনে করেন ৩০ শতাংশ অংশগ্রহণকারী। আর অর্থনীতি সংকটে পড়বে বলে মত দেন ২৮ শতাংশ। সংখ্যাগরিষ্ঠ অংশ (৪২ শতাংশ) মনে করেন, পরিস্থিতি আগের মতোই থাকবে।বাংলাদেশে জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশ আশাবাদী যে সার্বিকভাবে ২০১১ সাল অপেক্ষাকৃত ভালো হবে। এর বিপরীতে ১৪ শতাংশ মনে করেন, অবস্থা চরম খারাপ হবে। ২৪ শতাংশের বিশ্বাস, পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। এই হিসাবে বাংলাদেশের সার্বিক আশার সূচক (স্কোর) ৩০, যেখানে বৈশ্বিক সার্বিক আশার সূচক ২। আশা-নিরাশার ব্যারোমিটার: জরিপ অনুযায়ী, ২০১০ সালে ৫৩টি দেশের মধ্যে ১৯টিকে আশাবাদী এবং ৩৪টিকে হতাশাবাদীর বলে ভাগ করা হয়েছে। তবে একটি বিষয় হলো, সম্পদশালী দেশ যাদের মাথাপিছু আয় বেশি, আগামী বছর সম্পর্কে তাদেরই হতাশা বেশি। এই দেশগুলোকে লাল দলে (রেড গ্রুপ) ফেলা হয়েছে। এমন দেশের সংখ্যা ১৪। উন্নত দেশগুলোর চেয়ে অপেক্ষাকৃত কম মাথাপিছু আয়ের দেশগুলো আগামী বছর নিয়ে আশাবাদী। এমন ১৫টি দেশকে সবুজ দলে (গ্রিন গ্রুপ) ফেলা হয়েছে। এ ছাড়া মাথাপিছু আয় কম কিন্তু আশাবাদী এমন ২০টি দেশকে হলুদ দলে (ইয়েলো গ্রুপ) অন্তর্ভুক্ত করা হয়েছে। মাথাপিছু আয় বেশি এবং আগামী বছর নিয়েও আশাবাদী এমন চারটি দেশকে পার্পল গ্রুপে ফেলা হয়েছে। বিজ্ঞপ্তি।